বগুড়ায় নির্বাচনী সহিংসতায় আ.লীগ কর্মী নিহত
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সহিংসতায় আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। তার নাম মাহাতাব আলী (৫৫)। এ ঘটনার জের ধরে আওয়ামী লীগ কর্মীরা বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে।
গতকাল সোমবার রাত একটার দিকে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের জামতলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মাহাতাব আলী পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় পরিচালক এবং শিবগঞ্জ উপজেলার খাদইল গ্রামের বাসিন্দা। তিনি বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল গফুরের ভাগিনা।
স্থানীয়রা জানান, সোমবার রাতে জামতলা বাজারে মাহাতাব আলী তার মামা আব্দুল গফুরের পক্ষে নির্বাচনী কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় বিএনপি সমর্থিত প্রার্থী ওবায়দুর রহমানের সমর্থকেরা তার ওপর হামলা চালায়। এ সময় অস্ত্র দিয়ে কোপ দিলে মাহাতাব আলীর হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করতে গেলে আওয়ামী লীগের আরও দুই কর্মী আহত হন। স্থানীয়রা মাহাতাব আলীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে মাহাতাব আলীর মৃত্যুর খবর পেয়ে খাদইল ও জামতলা গ্রামে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ কর্মীরা বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।











