বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার শিকল পরিয়েছে কথা বলার স্বাধীনতায় : রিজভী

 

 

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকার কথা বলার স্বাধীনতায় শিকল পরিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সোমবার সকালে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।রিজভী বলেন, বর্তমান সরকার কথা বলার স্বাধীনতায় শিকল পরিয়েছে। যারা সত্য অকপটে উচ্চারণ করেন তাদের অপরাধী সাজিয়ে রাষ্ট্রদ্রোহী তকমা লাগিয়ে দিচ্ছে সরকার।

 

Rizvi

তিনি বলেন, গণতন্ত্রকে কালাপানিতে পাঠিয়ে একক ক্ষমতার অধিকারী হয়ে, শেখ হাসিনার একদলীয় শাসনের সুচ অবিরত ফোটাচ্ছে জনগণের শরীরে।রিজভী বলেন, ‘অবরুদ্ধ পরিবেশেও যতটুকু কথা বলা যায়, সেটিকেও উচ্ছেদ করতে নতুন কালো আইন তৈরির খসড়া প্রস্তুত হচ্ছে বলে আমরা জেনেছি। তাই আওয়ামী লীগের শাসন মানেই সাধারণ মানুষের ঘরবাড়ি-জমি এমনকি আহার পর্যন্ত কেড়ে নেওয়া।’তিনি বলেন, ‘১৯৭২ থেকে ৭৫ তারা দেশে রক্তস্রোত বইয়ে দিয়েছিল, একবিংশ শতকের দ্বিতীয় দশকে আরো বেশি দুর্মূর্তি নিয়ে সেটি ফিরে এসেছে।’

অর্থমন্ত্রীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আজ কেন জনগণের টাকা হ্যাকিংয়ের নামে চুরি হচ্ছে, পাচার হয়ে বিদেশে চলে যাচ্ছে? তার কারণ অর্থমন্ত্রী বলেন-‘হল-মার্ক কেলেঙ্কারির চার হাজার কোটি টাকা বড় অঙ্কের অর্থ নয়’।
বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির বিষয়ে অর্থমন্ত্রীর কিছু না জানা প্রসঙ্গে রিজভী বলেন, যে সরকার গৃহস্থের বদলে চোরকে নিরাপদ রাখতে বেশি ব্যস্ত থাকে তারা তো কিছুই জানবে না। ভোটারবিহীন সরকারের অর্থমন্ত্রীর কাণ্ডজ্ঞানহীন বক্তব্যে পুরো জাতি আজ স্তম্ভিত।

বেসিক ব্যাংক, হল-মার্ক, বিসমিল্লাহ গ্রুপ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহ ও পুঁজিবাজারের অর্থ লুণ্ঠনের বিরুদ্ধে সরকারের কোনো কঠোর অবস্থান না থাকার ফলে আজ কেন্দ্রীয় ব্যাংকও লুণ্ঠনের শিকার হলো। এতে ক্ষমতাসীন মহলের বড় বড় রুই-কাতলারা যে জড়িত, তা সুস্পষ্ট বলেও অভিযোগ রিজভী।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘দেশে আবারও দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। জাতি এ থেকে পরিত্রাণ পেতে চায়। অবিলম্বে চুরি যাওয়া অর্থ উদ্ধার ও এর সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি। শুধুমাত্র অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগেই বাংলাদেশের পরিত্রাণ মিলবে না। এদের পাশাপাশি প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমেই দেশ, মানুষ ও গণতন্ত্রের মুক্তি নিশ্চিত হবে।’

রিজভী বলেন, ‘গত ৬ মার্চ সকালে একদল সাদাপোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুকে বাসা থেকে মাইক্রোবাসে করে ধরে নিয়ে গেছে। অবিলম্বে মেহেদী হাসান মিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’
এ ছাড়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন প্রার্থীর ওপর নিপীড়নের অভিযোগ করেন রিজভী।