বাস-ট্রাক সংঘর্ষে গাজীপুরে নিহত ২
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত এবং মা-শিশুসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার কাজী সেলিমুজ্জামান (৪৫) ও অপরজন অজ্ঞাত পুরুষ (৫০)।

আহতরা হলেন- টাঙ্গাইলের ভূয়াপুর এলাকার আলমগীর হোসেনের স্ত্রী রোকসানা (৩০), তার ছেলে অনিক (৬), ময়মনসিংহের গফরগাঁও এলাকার রুহুল আমিন (৪০), ঢাকার কেরানীগঞ্জ এলাকার আক্কাছ আলী (৪৫), সাতক্ষীরা রামগঞ্জের কালিকাপুর এলাকার আনোয়ার হোসেন (২৫) ও আব্দুর রশিদ (৩৫)।
আহতরা এবং হাইওয়ে পুলিশ জানায়, দুপুর সোয়া ১টার দিকে তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসযাত্রী কাজী সেলিমুজ্জামান নিহত এবং অপর ৭ যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা এবং পুলিশ হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল নিলে সেখানে অজ্ঞাত ব্যক্তি মারা যান।











