শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশও জড়িত এটিএম বুথে জালিয়াতিতে !

নিজস্ব প্রতিবেদক :ব্যাংকের এটিএম বুথে জালিয়াতির ঘটনায় ইউক্রেনীয় বংশোদ্ভূত জার্মান নাগরিক শজেপ্যান মাজুরেক পিওতরকে তিন দফা রিমান্ডে নিয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধী চক্রের শতাধিক ব্যক্তির নাম পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে বাংলাদেশের অর্ধশতাধিক ব্যবসায়ী গোয়েন্দো নজরদারিতে রয়েছেন। যাদের নাম, পরিচয়, অফিস, বাসা এমনকি কর্মকাণ্ড ইতোমধ্যে তদন্ত সংশ্লিষ্টদের নথিতে লিপিবদ্ধ করা হয়েছে। তালিকাভুক্ত অন্তত ২০ বিদেশিকে ধরতে এফবিআইয়ের সহযোগিতা নেয়া হচ্ছে। প্রাথমিক গোয়েন্দা তদন্তে এদের অপরাধ কর্মকাণ্ডের সত্যতাও মিলেছে। তবে প্রভাবশালী চক্রের এই সদস্যদের কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি।

 

1456892595

তদন্তের সার্বিক বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম রোববার বলেন, ‘এটিএম জালিয়াতি চক্রের মূলহোতা বিদেশি নাগরিক পিওতর সিজোফেন জিজ্ঞাসাবাদে বিচ্ছিন্নভাবে পরিচিত কোনো কোনো পুলিশ সদস্যের কথা বলেছেন। যাদের তিনি চিনতেন, জানতেন এবং যাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। কিন্তু তাদের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

 

 

তিনি বলেন, ‘আমরা মনে করি পিওতর বিজ্ঞ আদালতে যে জবানবন্দি দিয়েছেন, সেটাই গ্রহণযোগ্য। সেই জবানবন্দিতে যদি কোনো পুলিশ সদস্যের নাম আসে, তা যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’মনিরুল ইসলাম বলেন, ‘কোনো কোনো প্রবাসী বাঙালির নামও আসছে। সেক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তাদের ইন্টারপোল, দূতাবাস ও হাইকমিশনের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’

 

পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, ‘আমরা ছয়-সাতজনের বিষয়ে নিশ্চিত হয়েছি। কিছু নামিদামি প্রতিষ্ঠানের নাম আসছে। যার ব্যক্তিবর্গ এর সঙ্গে জড়িত। এছাড়া ২২-২৩টি প্রতিষ্ঠান জড়িত। যাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে। তাদের বিষয়ে দালিলিক প্রমাণ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’তদন্তের ব্যাপারে জানতে চাইলে মনিরুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘সবকিছু মিলিয়ে এই মামলাটি একটি জটিল হয়ে উঠেছে। পিওতরকে তিন দফা রিমান্ডে নিয়ে ইতোমধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার তথ্য যাচাই-বাছই করতে সময় লাগছে। বিশেষ করে পিওতরের তথ্যে অর্ধশতাধিক ব্যবসায়ী আর্থাৎ রাঘববোয়ালের নাম পাওয়া গেছে। তালিকাভুক্তদের সম্পর্কে একেবারে নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হচ্ছে।’

 

 

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক দফা রিমান্ডে পিওতরের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছে। ওইসব অভিযানে পিওতরের গাড়ি, ল্যাপটপসহ তার যোগাযোগের মাধ্যম সম্পর্কেও অনেক তথ্য পাওয়া যায়। পিওতরের মোবাইল ফোন জব্দ করে পূর্ব ইউরোপের কালো তালিকাভুক্ত বেশ কয়েকজন দুর্ধর্ষ হ্যাকারের নামও পাওয়া গেছে। সেই সঙ্গে জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেয়া টাকা বিদেশে পাচারসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যেরও সত্যতা পাওয়া গেছে। এদের মধ্যে আন্তর্জাতিক চক্রের সদস্যদের গ্রেপ্তার করতে ইন্টারপোলের সহযোগিতা নেয়া হচ্ছে। আর দেশি চক্রের সদস্যদের ধরার চেষ্টা চলছে।

 

 

ইতোমধ্যে স্বীকারোক্তিতে পিওতর জানান, প্রভাবশালী ব্যবসায়ীদের পাশাপাশি ব্যাংকের এটিএম কার্ড শাখার কিছু কর্মকর্তা, ট্রাভেল এজেন্ট, হোটেল ব্যবসায়ী ও পুলিশের কয়েক সদস্য জালিয়াতিতে তাকে সহযোগিতা করেন। এছাড়া জার্মানি, ইউক্রেন ও যুক্তরাজ্যে বসবাসরত কয়েকজন বাংলাদেশিও সহযোগিতা করেন তাকে। আর তার ওই দাবির সত্যতা পেয়েছেন গোয়েন্দারা।জানতে চাইলে তদন্ত সংশ্লিষ্ট এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বাংলামেইলকে বলেন, ‘এটিএম বুথে জালিয়াতির ঘটনায় মূলত আন্তর্জাতিক চক্রের বড় একটি গ্রুপ জড়িত। ইতালি থেকে এই চক্রের গড ফাদাররা সারা পৃথিবীতে কলকাঠি নারে। এই চক্রের প্রতিনিধি হয়ে জার্মান নাগরিক পিওতর সূদূর প্রসারী পরিকল্পনা করে বাংলাদেশে অবস্থান করছিলেন। তবে এটিএম বুথে জালিয়াতির ঘটনায় বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়ার তথ্য দিলেও বাংলাদেশে পিওতরের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। বাংলাদেশে এক বছর ধরে জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেয়া কোটি কোটি টাকার বড় একটি অংশ হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছেন তিনি।’

 

 

তিনি বলেন, ‘সেই সঙ্গে আন্তর্জাতিক চক্রের সদস্যরা বিভিন্ন সময়ে বাংলাদেশে এসেও অনেক টাকা হাতিয়ে নিয়ে ফের বিদেশে চলে যান। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ধরা পড়ার আগে আন্তর্জাতিক চক্র কৌশলে সর্বশেষ পিওতরের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। সর্বশেষ এটিএম বুথ থেকে হাতিয়ে নেয়া ২১ লাখ ১৮ হাজার ৪২০ টাকা বিদেশে পাচার হয়। প্রায় ২২ লাখ টাকা নিজের কাছে ডলার করে রেখেছিলেন পিওতর। সেই ২৬ হাজার ডলার তার কাছ থেকে ইউক্রেনের নাগরিক অ্যান্ডারসন ওরফে অ্যান্ডি ও বুলগেরিয়ার নাগরিক রোমিও তাকে গুলশানের হলিডে প্ল্যানেট হোটেলে নিয়ে মদ খাইয়ে হাতিয়ে নিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের কাছে দাবি করেছেন পিওতর।’

 

 
আন্তর্জাতিক অপরাধী চক্রের সদস্য পিওতর টেকনোলজিতে খুবই পারদর্শী জানিয়ে গোয়েন্দা সূত্র জানায়, পিওতর টেকনোলজিক্যাল এতোই প্রখর যে, বাংলাদেশের কোনো একটি প্রতিষ্ঠান, ব্যাংক বা দেশের সেরা একটি ব্যবসা প্রতিষ্ঠানেও একজন আইটি এক্সপার্ট তার সমতুল্য নয় বলা যায়। ব্যাংক সেক্টরে জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেয়া অর্থে পিওতরের লাইফস্টাইল ছিল অনেকটা লাগাম ছাড়া। গোয়েন্দা জিজ্ঞাসাবাদে পিওতর তার লাইফস্টাইল সম্পর্কে বলেছেন, ধরা পড়ার আগে তিনি খাওয়া-দাওয়া, আরাম-আয়েসে মাসে ১০ লাখ টাকা খরচ করতেন। এর মধ্যে এক লাখ ৫০ বা ৬০ হাজার টাকা বাসা ভাড়া দিতেন তিনি।

 

 

বাংলাদেশে থাকা স্ত্রী সংসারের বাইরে বিদেশে তার একাধিক স্ত্রীকেও জালিয়াতির টাকা তিনি হুণ্ডি করে পাঠাতেন। পাশাপাশি প্রতি মাসে বাংলাদেশের অভিজাত গুলশান এলাকার এক বা একাধিক তারকা হোটেলে পার্টি দিতেন। তারকা হোটেলগুলোতে তার সঙ্গে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজের বিশিষ্ট ব্যক্তি সময় কাটাতেন। অনেক ইউরোপিয়ানের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ চক্রের সদস্যও ওইসব পার্টিতে যোগ দিতেন। অবৈধ টাকায় তিনি কোনো কোনো মাসে দুই থেকে তিনটি পার্টিরও আয়োজন করতেন।

 

 

আর ওইসব পার্টিতে রাজনৈতিক ও ব্যবসায়ীদের সঙ্গে তার সেলফিও পাওয়া গেছে। এরা সবাই প্রভাবশালী ব্যবসায়ী। এদের সবার সঙ্গে পিওতরের সম্পর্ক খুবই ভালো ছিল। জিজ্ঞসাবাদে লন্ডনে বসবাসকারী বাংলাদেশি নাগরিক ফরিদ নাবির ও ফারুক নামে দুজনকে তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে জানিয়েছেন। তাকে ব্যবসায়ীদের পাশাপাশি ব্যাংকের কার্ড ডিবিশনের লোকজন সহযোগিতা করতেন। তার সঙ্গে সম্পর্ক ছিল বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের। সহযোগিতা করায় বিভিন্ন ক্যাটাগরির লোকজনকে টাকা দিয়ে পালতেন। এছাড়া পিওতরের একটি বড় সুবিধা ছিল তার গায়ের রঙ বা তিনি সাদা চামড়ার।

 

 

গত ৬ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে রাজধানীর ইস্টার্ন, সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চার বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে কার্ডের তথ্য চুরি করে পরবর্তী সময়ে কার্ড ক্লোন করে গ্রাহকদের অজান্তে টাকা তুলে নেয়া হয়। ওই ঘটনায় ১৪ ফেব্র“য়ারি ইউসিবি কর্তৃপক্ষ জালিয়াতির অভিযোগে গুলশান থানায় মামলা করে।

 

 

একইদিন সিটি ব্যাংকের দায়ের করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় বলা হয়, বনানীতে একটি বুথে স্কিমিং ডিভাইস বসানোর সময় ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজে এক বিদেশির ছবি পাওয়া গেছে। এরপর গত ২২ ফেব্রুয়ারি পিওতরসহ সিটি ব্যাংকের তিন কর্মকর্তা মোকসেদ আল মাকসুদ, রেজাউল করিম ও রেফাত আহমেদ ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মানি এক্সচেঞ্জের কর্মকর্তা হুমায়ন কবির ও আইটি সল্যুশনের কর্মকর্তা সাইফুজ্জামানকে।

 

 

দ্বিতীয় দফা রিমান্ড শেষে গত বৃহস্পতিবার পিওতরকে আদালতে পাঠানো হয়। সেখানে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে গুলশান থানার আরেক মামলায় পিওতরকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয় অন্য একটি আদালতে। ওই আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।