বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছরে মাত্র একটি ‘বর্জ্যঘর’ নির্মাণ

 

নিজস্ব প্রতিবেদক : নগরীর পথে পথে আর বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। কোথাও একটু বর্জ্য জমা হলে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা তা সংগ্রহ করে নিয়ে যাবে কাছাকাছি ‘সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন’ (এসটিএস) বা ‘বর্জ্যঘরে’। পরে এই ঘর থেকে ট্রাকে করে বর্জ্য নিয়ে যাওয়া হবে ডাম্পিং স্টেশনে। এর ফলে স্বাস্থ্যসম্মত পরিবেশের সৃষ্টি হবে নগরীতে।
দীর্ঘদিনের সমীক্ষা থেকে পাওয়া এই ধারণা কাজে লাগাতে প্রায় পাঁচ বছর আগে পরিকল্পনা গ্রহণ করে ঢাকা সিটি করপোরেশন। এ জন্য গৃহীত ‘আরবান পাবলিক অ্যান্ড এনভায়রমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইউপিইএইচএসডিপি)’ এর মাধ্যমে অর্থায়ন করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

 

d71daf127809182d19ec49459c7a0af3-56e0b80e0a33c
প্রকল্পের অধীনে ২০১৪ সালে রাজধানীতে বর্জ্যঘর নির্মাণের প্রথম উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি। প্রথমে সাতটি স্থানে বর্জ্যঘর নির্মাণের জন্য সিটি করপোরেশনের জমি বেছে নেওয়া হয়। কিন্তু স্থানীয়দের বিরোধিতা ও মামলা জটিলতায় স্থবির হয়ে পড়ে বর্জ্যঘর নির্মাণ কাজ।তারপরেও এ সময়ে একটি বর্জ্যঘর নির্মাণ হয়েছে।

 
জানা গেছে, ইউপিইএইচএসডিপি’র আওতায় দু’বছর আগে নগরীর হাজারীবাগ, যাত্রাবাড়ী, জুরাইন, ধলপুর, পান্থকুঞ্জ, ও নিউমার্কেট এলাকার খালি জায়গায় বর্জ্যঘর নির্মাণের উদ্যোগ নেয় ডিএসসিসি। কিন্তু মামলার কারণে পান্থকুঞ্জ ও হাজারীবাগের ১৪ নম্বর ওয়ার্ডের বর্জ্যঘর নির্মাণ কাজ মাঝপথে থেমে যায়। জমি নিয়ে জটিলতার কারণে ধলপুরে এ কাজ শুরু করা যায়নি। নিউ মার্কেটের কাছে বর্জ্যঘর নির্মাণ করতে গেলে বাধা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল কর্তৃপক্ষ। যাত্রাবাড়ীতে বর্জ্যঘর নির্মাণ বন্ধ হয়ে যায় রাস্তার নির্ধারণ সংক্রান্ত জটিলতায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর জুরাইনে বর্জ্যঘর নির্মাণ কাজ শুরু হয়েছে।

 
অন্যদিকে ছয়টি বর্জ্যঘর নির্মাণে জটিলতা দেখা দিলেও শেষ পর্যন্ত হাজারীবাগের ২২ নম্বর ওয়ার্ডের কালুনগর বেড়িবাধ সংলগ্ন জমিতে বর্জ্যঘর নির্মাণ করতে পেরেছে সিটি করপোরেশন। ২০১৪ সালের ১৯ এপ্রিল এই বর্জ্যঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রায় দু’বছর পর বুধবার ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এই বর্জ্যঘর উদ্বোধন করেন। এর আয়তন হল ৭০ ফুট বাই ৬০ ফুট। আগামী এক বছরের কর্মচারীদের বেতন, বিদ্যুৎ ও পানির বিলসহ বর্জ্যঘরটি নির্মাণে ব্যয় হয়েছে দুই কোটি ৮৪ লাখ টাকা।

 
সিটি করপোরেশনের এত জমি থাকতেও কেন বর্জ্যঘর নির্মাণ নিয়ে এই জটিলতা? এমন প্রশ্নের জবাবে সংস্থার প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন রকিবউদ্দিন  বলেন, স্থানীয়দের বিরোধিতা এবং মামলায় নিষেধাজ্ঞাই এসটিএস (বর্জ্যঘর) নির্মাণের বড় বাধা। আমরা এসব মামলা মোকাবেলা করছি। তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী নগরীর সবগুলো ওয়ার্ডে এসটিএস নির্মাণ করতে পারলে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকতা আসবে।

 

বর্জ্যঘর প্রসঙ্গে তিনি বলেন, এসটিএস নির্মাণ করতে ছয় থেকে সাত কাঠা জমি লাগে। এটা চারদিকে দেয়াল ঘেরা ও উপরে টিনের শেড থাকবে। ওয়ার্ডের সব বর্জ্য এখানে এনে রাখা হবে। সিটি করপোরেশনের ট্রাক এই স্টেশনে ঢুকে বর্জ্য নিয়ে মাতুয়াইল ডাম্পিংয়ে চলে যাবে। এখানে বর্জ্য থাকলেও দুর্গন্ধ তেমন হবে না। কারণ বর্জ্য রাখতে আমরা সর্বাধুনিক পদ্ধতি অবলম্বন করবো।

 

 

তিনি জানান, জুরাইনে এসটিএস নির্মাণ কাজ পূর্ণোদ্যমে এগিয়ে চলেছে। আগামী ছয় মাসের মধ্যে এর কাজ শেষ হবে। ধলপুরের পুরনো এসটিএস-কে সম্প্রসারণ করা হবে। এ ছাড়া পুরনো ঢাকার সিক্কাটুলীতে ডিএসসিসির নিজস্ব অর্থায়নে একটি এসটিএস নির্মাণ করা হবে।

 

জানা গেছে, বিরোধিতার কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনও বড় ধরণের বর্জ্যঘর নির্মাণ করতে পারেনি। এ কারণে সেখানে ছোট ছোট কয়েকটি বর্জ্যঘর নির্মাণ করা হয়েছে।