আসামি যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে ককটেল, ৪ পুলিশ আহত
নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শাজাহানপুরে হত্যা মামলায় গ্রেফতার আসামি যুবলীগ নেতা সাজেদুল ইসলাম লিটনকে (৩০) ছিনিয়ে নেয়ার সময় সহযোগীদের ককটেল হামলায় চার পুলিশ আহত হয়েছে। এসময় পালাতে গিয়ে লিটনও গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ লিটন শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তাকে পুলিশ প্রহরায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত ১২ দিকে উপজেলার দুবলাগাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
পরে পুলিশ তল্লাশি করে চারটি ককটেল, তিনটি রামদা ও একটি ছুরি উদ্ধার করে।
ককটেলের আঘাতে আহতরা হলেন- শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার এসআই কালাচাঁদ ঘোষ, কনস্টেবল আব্দুল হামিদ, কনস্টেবল মেহের আলী ও কনস্টেবল সবুজ মিয়া।
ওসি আলমগীর হোসেন জানান, গত ১৩ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তরা শাজাহানপুর উপজেলায় করতোয়া নদীর তীরে গ্রামীণফোন ফাস্ট ডিস্ট্রিবিউশন অফিসের বিক্রয় প্রতিনিধি মামুনুর রশিদ মানিককে (৩০) শ্বাসরোধে হত্যা করা হয়। পরদিন সকালে সেখান থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার দু’জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে জানায়, লিটন নিজে বুকের উপর উঠে মানিককে শ্বাসরোধে হত্যা করে।
সোমবার রাত ১১টার দিকে গোপনে খবর পেয়ে ডেমাজানি গ্রামে বাড়ির কাছ থেকে চাঁন মিয়ার ছেলে ও আমরুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম লিটনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র থাকার কথা স্বীকার করেন।
ওসি আলমগীর আর জানান, রাত ১২টার দিকে তাকে নিয়ে পুলিশ দুবলাগাড়ি বাজার এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে। এসময় তাকে (লিটন) ছিনিয়ে নিতে সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেলের আঘাতে এক কর্মকর্তাসহ চার পুলিশ আহত হয়েছে। এ সুযোগে লিটন পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে লক্ষ্য করে ১২ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে লিটন ডান পায়ে গুলিবিদ্ধ হন। তাকে পুলিশ প্রহরায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা পুলিশরা একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পরে বাজার এলাকায় তল্লাশি করে চারটি তাজা ককটেল, দুটি বিস্ফোরিত ককটেল, তিনটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়।
লিটন সুস্থ হবার পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ব্যাপারে এসআই কালাচাঁদ ঘোষ শাজাহানপুর থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক এবং পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক মামলা করেছেন।











