প্রধান বিচারপতিকে নিয়ে দুই মন্ত্রীর বক্তব্য অসাংবিধানিক : অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি এসকে সিনহাকে সরিয়ে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর আপিল মামলা পুনরায় শুনানির বিষয়ে সরকারের দু’জন মন্ত্রীর বক্তব্যকে অসাংবিধানিক বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রোববার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।
প্রধান বিচারপতিকে লক্ষ্য করে মন্ত্রীদের এ ধরনের বক্তব্য দেয়া উচিত নয় বলেও মন্তব্য করেন রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা।
গত ২৪ ফেব্রুয়ারি মীর কাসেম আলীর আপিল মামলা শুনানিকালে প্রধান বিচারপতি বলেছিলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং তদন্ত সংস্থা যে গাফিলতি করেছে, এজন্য তাদের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।
প্রধান বিচারপতি বলেন, ‘আমরা রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় খুবই মর্মাহত। মামলার এভিডেন্স দেখলে, এগুলো পড়লে আমাদের খুব কষ্ট লাগে। মামলাগুলো যখন আমরা পড়ি, তখন আমাদের গা ঘিনঘিন করে তাদের মামলা পরিচালনা দেখে। সব মামলায় এটা হয়ে আসছে।’
প্রধান বিচারপতির এ বক্তব্যকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মীর কাসেমের মামলা থেকে প্রধান বিচারপতিকে সরে যাওয়া এবং এই আপিল মামলা পুনরায় শুনানির দাবি জানান।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি প্রকাশ্য আদালতে কী বললেন? প্রসিকিউশন এই মামলা নিয়ে রাজনীতি করছে। জামায়াতে ইসলামী যে অভিযোগ করেছে, বিএনপি যে অভিযোগ করেছে, যে সুরে কথা বলছে, একই সুরে কথা বলেছেন প্রধান বিচারপতি। প্রকারান্তরে রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অভিযোগ করলেন তিনি। শুধু তাই নয়, এই বক্তব্য ট্রাইব্যুনালের পাঁচ বছরের বিচারকে প্রশ্নবিদ্ধ ও হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, এই মামলার রায় কী হবে তা প্রধান বিচারপতির প্রকাশ্যে আদালতে বক্তব্যের মধ্য দিয়ে আমি অনুধাবন করতে পেরেছি। তার বক্তব্যের মধ্যে এটা অনুধাবন করেছি যে, এই মামলায় আর মৃত্যুদণ্ডের রায় দেয়ার কোনো সুযোগ নেই। এরপরও যদি মীর কাসেমের মামলার রায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়- তাহলে সবাই ভাববে, সরকার চাপ দিয়ে এই কাজ করিয়েছে।’
কামরুল ইসলাম বলেন, ‘আমি মনে করি, প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন করে শুনানি হওয়া উচিত। প্রধান বিচারপতিকে বাদ দিয়ে একটি বেঞ্চ হোক, সেই বেঞ্চে আপিলের শুনানি হোক।’
অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রধান বিচারপতিকে হয় তার বক্তব্য প্রত্যাহার করতে হবে অথবা আপিল শুনানি থেকে সরে দাঁড়াতে হবে।











