ব্যবসায়ীকে গুলি করে ৮৫ ভরি স্বর্ণ ছিনতাই
বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীতে মিরাজুল হক (৩২) নামে জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৮৫ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টার দিকে নগরীর বাংলাদেশ ব্যাংক লাগোয়া ‘দিনবন্ধু লেন’ সড়কে এ ঘটনা ঘটে।
মিরাজুল হক বরিশাল নগরীর গির্জা মহল্যা এলাকার হক জুয়েলার্সের সত্ত্বাধিকারী এবং ‘দিনবন্ধু লেন’ সড়কের হক ম্যানশনের বাসিন্দা। গুলিবিদ্ধ হওয়ার পর পুলিশ ওই ব্যবসায়ীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেছে।
মিরাজুল হক জানিয়েছেন, রাতে দোকান বন্ধ করে স্বর্ণালঙ্কার একটি ব্যাগে নিয়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বাসার অদূরে সামনে দু’টি মোটরসাইকেলযোগে আসা পাঁচজন অজ্ঞাত লোক তার ডান পায়ে গুলি করে। এসময় তিনি পড়ে গেলে হাতে থাকা স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। ওই ব্যাগে কিছু নগদ অর্থও ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ী মিরাজুল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ চেকপোস্ট বসায়। সেসব স্থানে সন্দেহভাজন ব্যক্তি বা মোটরসাইকেল আরোহীদের থামিয়ে চালানো হয় তল্লাশী। ফলে রাতে আকষ্মিক এ ঘটনার পর বরিশাল শহরময় সৃষ্টি হয় আতঙ্ক।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার (এসি) আনছার উদ্দিন জানান, ঘটনার পর নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এছাড়া গুলি করে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনার পর বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। বাংলামেইল











