বিএসটিআই চার বিভাগীয় শহরে সিএনজি মিটারিং সিস্টেম পরীক্ষা করবে
নিজস্ব প্রতিবেদক : আগামী তিন মাসের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী এই চার বিভাগীয় শহরে সিএনজি মিটারিং সিস্টেম পরীক্ষার কাজ শুরু করবে খাদ্যপণ্যসহ বিভিন্ন শিল্পপণ্যের মান নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান বিএসটিআই। এ লক্ষ্যে ৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।
এই প্রকল্পের আওতায় শিগগিরই এই চার বিভাগীয় শহরে অবস্থিত বিএসটিআই কার্যালয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ হবে। আজ মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন শিল্প সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি। এতে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও করপোরেশনের প্রধান এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

সভায় সাভার চামড়া শিল্পনগরী, এপিআই শিল্পপার্ক, সিরাজগঞ্জ শিল্পপার্ক, শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প, হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণ প্রকল্প, মৌ-চাষ প্রকল্প, ভোজ্য তেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ প্রকল্প, লবণে আয়োডিন মিশ্রণ প্রকল্প, মিরসরাই শিল্পপার্ক এবং গোপালগঞ্জ বিসিক শিল্পনগরিসহ শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার মাধ্যমে বাস্তবায়নাধীন গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অগ্রগতি বিস্তারিত পর্যালোচনা করা হয়।
এছাড়া সাভারে নির্মাণাধীন চামড়া শিল্পনগরির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) এর নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে যেসব ট্যানারি মালিক এখনও বরাদ্দকৃত প্লটে নির্মাণ কাজ শুরু করেনি, তাদের প্লট বাতিলের জন্য একটি সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজারে আয়োডিনবিহীন লবণ এবং ভিটামিন ‘এ’ ছাড়া ভোজ্য তেলের বিরুদ্ধে বিএসটিআই এর অভিযান জোরদারের পাশাপাশি ভোজ্য লবণ উৎপাদন কারখানাগুলোর আয়োডিন মিশ্রণ এবং ভোজ্য তেল উৎপাদনকারী রিফাইনারিগুলোর ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ কার্যক্রম তদারকির কঠোর নির্দেশনা দেওয়া হয়।
সভায় শিল্প সচিব বিনা কারণে ঠিকাদারদের বিল ধরে না রেখে দ্রুত প্রকল্পের অর্থ খরচের বিষয়ে মনোযোগী হতে ও বিভিন্ন কর্পোরেশনের কারিগরি পদে দ্রুত জনবল নিয়োগের বিষয়ে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।











