ঝিনাইদহের কালিগঞ্জে চিত্রা নদীর জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের কালিগঞ্জে চিত্রা নদীর জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মাঝ দিয়ে বয়ে গেছে চিত্রা নদী। এই নদীতে শহরের মধ্যে রয়েছে একটি সেতু। পুরাতন ব্রিজ হিসেবে সবাই এই সেতুটিকে চেনেন। এই সেতুর দুই ধারে নদীর জায়গা দখল করে পাকা দোকান তৈরি করেছেন একাধিক দখলকারী।

দীর্ঘ সময়ে এই দখলের পরিমাণ বেড়েছে। দখলের কারণে নদী সঙ্কুচিত হয়ে পড়েছে। সড়ক চওড়া করতে প্রশাসনের নির্দেশে চিত্রা নদীর ৪ ফুট জায়গা দখল ছাড়তে দখলকারীরা নদীর মধ্যে আরো ১৫ ফুট দখল করেছে। চলছে দ্রুত গতিতে পাকা ভবন নির্মাণের কাজ। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের পুরাতন ব্রিজের পাশে নদীর ভেতর থেকে পিলার উঠিয়ে তার উপর নির্মাণ করা হচ্ছে এই পাকা ভবন। সবার চোখ এড়াতে দখলকারীরা প্লাস্টিকের চট দিয়ে নির্মাণ কাজ আড়াল করে রেখেছেন।
অবশ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই নির্মাণ কাজ বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। এখন কাজ হচ্ছে না বলে তারা জানেন। এদিকে স্থানীয়রা বলছেন, চটের আড়ালে এতোদিন দিনের বেলাতে কাজ চললেও এখন রাতের আঁধারে কাজ চালানো হচ্ছে। এমনকি অতিরিক্ত শ্রমিক লাগিয়ে দ্রুত এই কাজ করা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, শহরের মধ্যের ওই সড়কটি চওড়া করতে ও পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের জন্য সড়কের দুই পাশ দখলমুক্ত করার প্রয়োজন হয়ে পড়ে। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে দুই পাশে নদীর জায়গা দখল করে যারা ভবন নির্মাণ করেছেন তাদের ভবনগুলো সামনে থেকে ফাঁকা করে দিতে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ পেয়ে ব্যবসায়ীরা ৩ থেকে ৪ ফুট ভেঙে ফাঁকা করে দেন। যার বেশির ভাগই ছিল দোকানের সামনের চালা ও সাইনবোর্ড। আর এই ফাঁকা করতে গিয়ে তারা পেছনে নতুন করে দখল করছে ১৫ থেকে ২০ ফুট নদীর জায়গা।
বর্তমানে সেতুর গাঁ-ঘেষে থাকা বার্মিজ সুজ নামের প্রতিষ্ঠানটি পেছনে নতুন কাজ শুরু করেছে। ওই দোকানের মালিকপক্ষ সামনে ৪ ফুট ছেড়ে পেছনে ১৫ ফুট দখল করেছে। এতে নদীর আরো বেশি ক্ষতি হয়েছে। পাশের দোকান মালিকরাও একইভাবে ঘর নির্মাণ করবেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন। তাহলে নদীর জায়গা আরো সঙ্কুচিত হয়ে যাবে।
বার্মিজ সুজের মালিক সামছুল ইসলাম দাবি করেছেন তারা সামনে ৫ ফুট ছেড়েছেন, আর ব্যবসার প্রয়োজনে পেছনে ১২ থেকে ১৩ ফুট দখল করেছেন। এটা সবার সঙ্গে আলোচনা করেই করছেন বলে জানান।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লা জানান, নদীর জায়গা দখল করে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। এটা সরকারি সম্পত্তি, সরকারের ঘরে ফেরতের জন্য প্রয়োজনে উচ্ছেদ অভিযান চালানো হবে। যারা এগুলো করছেন এখনও বন্ধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











