হত্যাকারীদের অনুপস্থিতিতেই বিচার শুরু হোক : অজয় রায়
ঢাবি প্রতিনিধি : অভিজিৎ রায়সহ অন্য ব্লগারের পলাতক হত্যাকারীদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন নিহত মুক্তমনা লেখক অভিজিৎ রায়ের বাবা বিশিষ্ট শিক্ষাবিদ ড. অজয় রায়।
রাজধানীর শাহবাগে শুক্রবার বিকেলে ব্লগার অভিজিৎ রায়ের মৃত্যবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। গণজাগরণ মঞ্চ ‘মুক্ত চিন্তায় আঘাত, ভবিষ্যতের বাংলাদেশ : আমাদের করণীয়’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।
ড. অজয় রায় বলেন, ‘বিক্ষুব্ধ পরিবারের একজন সদস্য হিসেবে আমি আশা করি সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা এবং সরকার হত্যাকারীদের বিচারে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন। তারা অচিরেই হত্যাকারীদের ধরতে সক্ষম হবেন এবং আদালতে বিচারের সম্মুখীন করাবেন। যদি হত্যাকারীদের প্রকৃতভাবে শনাক্ত করা হয়, তাহলে তাদের অনুপস্থিতিতেই আদালত বিচার কাজ শুরু করতে পারে।’
আলোচনা সভায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, ‘জঙ্গিবাদীদের আক্রমণের আশঙ্কা থাকা সত্ত্বেও অভিজিৎ রায় সকল পেশাজীবী ও সম্প্রদায়ের মানুষের জন্য এবং সকল অন্যায়ের বিরুদ্ধে লিখে গেছেন।’
তিনি আরও বলেন, ‘যে সকল মুক্তচিন্তার মানুষকে হত্যা করা হচ্ছে, আমরা সবাই জানতে পারছি কারা এই সকল হত্যাকাণ্ড ঘটাচ্ছে। কিন্তু আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী তা জানতে পারছে না। তাহলে কি আমরা ধরে নেব, সরকারের ভেতরে থেকেই কোনো গোষ্ঠী এই জঙ্গিবাদীদের মদদ দিচ্ছে?’
ভবিষ্যতের বাংলাদেশকে একটি ‘মানবিক’ রাষ্ট্রে পরিণত করার জন্য পিছু না হটে জঙ্গিবাদী গোষ্ঠীকে রুখে দেওয়ার আহ্বান জানান ইমরান এইচ সরকার।
মানবাধিকার কর্মী খুশি কবির বলেন, ‘ফেব্রুয়ারি মাসের বই মেলা মানুষের মুক্তচিন্তাকে উন্মোচন করে। কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই প্রকাশককে গ্রেফতার করা হচ্ছে, বইমেলার স্টলে আগুন দেওয়া হচ্ছে। এটাই প্রমাণ করে মুক্তচিন্তার আঘাত।’
তিনি বলেন, ‘বাংলাদেশ মুক্তচিন্তার জায়গা, মুক্তচিন্তা এখানে থাকবেই এবং আমরা তার চর্চা করেই যাব।’
আলোচনা সভা শেষে একটি আলোর মিছিল নিয়ে টিএসসিতে এসে অভিজিৎ রায়ের বেদিতে আলোক প্রজ্জ্বলন করা হয়।











