বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্রেনের ধাক্কায়  মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে গেছে

 

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে গেছে। এ সময় ট্রেনটি মাইক্রোবাসকে ঠেলে ২শ’ মিটার দূরে নিয়ে যায়।শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বিলসিমলা রেল ক্রসিংয়ে এ ঘটনায় মাইক্রোবাস চালক গুরুতর আহত হয়েছে। মাইক্রোতে চালক ছাড়া অন্য কেউ ছিল না।

tarin1456477106

সংকটাপন্ন অবস্থায় চালক আল আমিনকে (১৭) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল আমিনের বাড়ি নগরীর দাশপুকুর এলাকায়।প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। এ সময় অসাবধানতাবশত চালক মাইক্রো নিয়ে লাইনের ওপর উঠে পড়েন।

 

ট্রেনটি মাইক্রোবাসকে ঠেলতে ঠেলতে ২০০ মিটারের বেশি দূরে নিয়ে যাওয়ার পর থামে। এ সময় স্থানীয় লোকজন মাইক্রো চালক আল আমিনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রাজশাহী জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) আসলাম জানান, ঘটনার পরে ট্রেনটি দাঁড়িয়ে না গেলে ক্ষতির পরিমাণ বাড়তো। মাইক্রো চালক অসাবধানতাবশত রেললাইনে উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে। পরে ট্রেনটি নিজ গন্তব্যে ছেড়ে যায়।