বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিশ্চিত সহিংসতা ইউপি ভোটে!

নিজস্ব প্রতিবেদক : দলীয় প্রতীকে প্রথমবারের মতো অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে নিশ্চিত সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। তবে এবারের সহিংসতা প্রতিপক্ষ দলের প্রার্থী-কিংবা সমর্থকদের সঙ্গে নয়। সংঘর্ষ হবে নিজ দলের মনোনীত ও বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যেই। নির্বাচনী মাঠ চষে বেড়ানো গোয়েন্দা সংস্থার সদস্যরা এরই মধ্যে এমন প্রতিকূল পরিস্থিতির কথা জানিয়েছে সংশ্লিষ্ট দফতর ও নির্বাচন কমিশনকে (ইসি)। তবে মাঠের অবস্থা বিবেচনায় স্থানীয় সরকারের বৃহৎ পরিসরের এই নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর হয়ে উঠেছেন ইসি সংশ্লিষ্টরা। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। ইতিমধ্যে পুলিশ সদস্যরা স্থানীয়ভাবে নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার কাজ শুরু করেছেন বলে জানা গেছে। ভোটের আগে আগে র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীও মাঠে নামবে। এছাড়া জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও থাকবেন। সবমিলিয়ে এবারের ইউপি ভোট শান্তিপূর্ণ হবে বলেই মনে করছে ইসি।

IMG_20160106_001057সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণার পর গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে যে হানাহানি হয়েছে তা চরম সহিংস রূপ নিতে পারে। গোয়েন্দা সংস্থার মাঠপর্যায়ের রিপোর্টে প্রাথমিকভাবে বলা হয়েছে, কোনো কোনো এলাকায় নিশ্চিত সহিংসতার আশঙ্কা রয়েছে। তবে প্রতিপক্ষের সঙ্গে হানাহানির চেয়েও অভ্যন্তরীণ কোন্দলে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে পারে। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় এই সহিংসতায় জখমের ঘটনাও ঘটেছে। কোনো কোনো এলাকায় প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

এবারই প্রথম দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইতিমধ্যে বিভিন্ন দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়ে চেয়ারম্যান পদপ্রার্থীরা প্রচারাভিযান শুরু করেছেন। এই মনোনয়ন এবং নির্বাচনী প্রচার নিয়েই শুরু হয়ে গেছে সহিংসতা। প্রথম ধাপের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটেছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৬নং টিকিকাটা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারেফ সাকুকে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর লোকেরা অপহরণ করে নিয়ে যায়। পরে আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের প্রচেষ্টায় তাকে অপহরণকারীরা ছেড়ে দেয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার অনুরোধ করার পরও মনোনয়নপত্র জমা দিতে রওয়ানা করলে রাস্তা থেকে তাকে তুলে নির্জন স্থানে নিয়ে মারধর করে।

এদিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিএনপি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেননি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। ওয়ার্কার্স পার্টির সভাপতি আবদুর রউফ, কুশোডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন, জয়নগর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুর রহমান, সোনাবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা শহীদুল ইসলাম, যুগিখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, দেয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম হোসেনসহ একাধিক প্রার্থীর মনোনয়নপত্র কেড়ে নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এছাড়াও বাগেরহাটের চিতলমারী, পিরোজপুরের মঠবাড়িয়া, ঝালকাঠির বিভিন্ন ইউনিয়ন, খুলনার তেরখাদাসহ বিভিন্ন এলাকায় সহিংসতার খবর মিলেছে। নোয়াখালীর হাতিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। এতে গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হন। সাতক্ষীরার আশাশুনিতে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। নীলফামারির ডিমলায় সহিংস ঘটনা ঘটে।

সূত্র জানায়, গত এক সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনকেন্দ্রিক সহিংস ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। বিভিন্ন এলাকায় নির্বাচনকেন্দ্রিক চরম উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে যেসব এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ওইসব এলাকায় ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় ওইসব এলাকায় সহিংসতার ঘটনা ঘটতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন।

ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোটের মাঠের বাস্তব চিত্র নির্বাচন কমিশনের নখদর্পণে রয়েছে। শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরিতে ইসি কাজ করছে। এরই মধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ভোটের আগে মাঠের পরিস্থিতি ইসির নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানান তারা।

নির্বাচনী মাঠে থাকবে ৫ হাজার পর্যবেক্ষক: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দৃষ্টি রাখতে মাঠে থাকবে প্রায় ৫ হাজার দেশি বিদেশি পর্যবেক্ষক। পর্যবেক্ষণ সংগঠনগুলো ইতিমধ্যেই নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। ইসি সূত্রে জানা গেছে, প্রথম ধাপের নির্বাচন পর্যবেক্ষণের জন্য এ পর্যন্ত ৯টি সংগঠনের ৪ হাজার ৮৪১ জন আবেদন করেছেন। সূত্র মতে, প্রথম ধাপে ইউপি নির্বাচনে কেন্দ্রীয় ?পর্যবেক্ষক থাকবেন ১২০ জন। এর মধ্যে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জনিপপ) ৫ জন, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদের (বামসপ) ১৫ জন, ডেমোক্রেসি ওয়াচের ৮০ জন, আইন সহায়তা কেন্দ্রের (আসক) ২০ জন। আর স্থানীয় পর্যায়ে পর্যবেক্ষক থাকবেন ৪ হাজার ৮১৪ জন। এর মধ্যে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের ৫ জন, আইন সহায়তা কেন্দ্রের ৩ হাজার ৭৬০ জন, ব্রতীর ৩০০ জন, সোসাইটি ফর রুরাল বেসিক নীডের (শ্রাবণ) ৭০৮ জন, পলিসি রিসার্স স্টাডিজ ফাউন্ডেশনের (পি.আর.এস.কে) ১৪ জন, বাকেরগঞ্জ ফোরামের ১২ জন এবং সাহিত্য ও সাংস্কৃত উন্নয়ন পরিষদের ১৫ জন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেন, এবারের নির্বাচন দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা পর্যবেক্ষণ করবেন। তিনি বলেন, পৌর নির্বাচনে বিদেশি কোনো পর্যবেক্ষক না থাকলেও এবার ইউপিতে পর্যবেক্ষক থাকবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন করার লক্ষ্যে এবং নির্বাচনী বিভিন্ন মেয়াদের কারণে ৬টি ধাপে নির্বাচন করা হচ্ছে। প্রথম ধাপের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা আগামী ২ মার্চে প্রতীক বরাদ্দের পরে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।

ইসির ঘোষিত সময় অনুযায়ী ইউপির প্রথম ধাপের ভোট হবে ২২ মার্চ। এরপর ৩১ মার্চ ভোটগ্রহণ হবে দ্বিতীয় ধাপের। ৭১০টি ইউপিতে ভোট হবে এই ধাপে। তৃতীয় ধাপে ৭১১ ইউপিতে ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল। চতুর্থ ধাপে ৭২৮ ইউপিতে ভোটগ্রহণ হবে ৭ মে। পঞ্চম ধাপে ৭১৪টি ইউপির ভোটগ্রহণ করা হবে ২৮ মে এবং সর্বশেষ ষষ্ঠ ধাপে ৬৬০টি ইউপিতে ভোট হবে আগামী ৪ জুন। স্থানীয়ভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ এলাকায় এ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।