পণ্য আমদানি-রপ্তানি বন্ধ বেনাপোলে
নিজস্ব প্রতিবেদক : ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশি ট্রাক আটকের প্রতিবাদে স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছেন বন্দর ব্যবহারকারী বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। ফলে বেনাপোল-পেট্রাপোল বন্দর সড়কের দুই পাশে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন পড়ে গেছে। আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রাক আটকা পড়ায় পচনশীল পণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।

বেনাপোল বন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আজিম উদ্দিন গাজী জানান, তিন মাস আগে ভারতের পেট্রাপোল বন্দর থেকে বাংলাদেশি একটি পণ্যবাহী ট্রাকসহ ড্রাইভারকে আটক করে সে দেশের বিএসএফ। পরে ড্রাইভারকে ছেড়ে দেওয়া হয়। গত বুধবার সকালে বাংলাদেশি ট্রাক ফেরত পাঠানোর কথা থাকলেও আসেনি ট্রাকটি। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন সিঅ্যান্ডএফ এজেন্ট, ট্রান্সপোর্ট মালিক সমিতিসহ ব্যবসায়ীরা।
তবে বিষয়টি সুরাহার চেষ্টা চলছে বলে জানান বন্দর সহকারী পরিচালক আবদুল জলিল। সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। বিকেল ৪টা নাগাদ সুরাহা হতে পারে বলে জানান তিনি।











