বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারপতি মানিকের বক্তব্য প্রচার বন্ধের আবেদন খারিজ

2016_02_10_14_46_57_e1EDD9rY1Mr4hdNPlZ2qvmz8Td98QL_originalনিজস্ব প্রতিবেদক : বিচারবিভাগ ও প্রধান বিচারপতি সম্পর্কে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বক্তব্য মিডিয়ায় প্রচার না করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়া হয়েছে।

বিচারপতির ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণাদেব নাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। বুধবার আদালতের এ আদেশের কথা সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সমরেন্দ্র নাথ বিশ্বাস।

তবে মঙ্গলবারের হাইকোর্ট বিভাগের কজলিস্টে এ মামলার কোনো ফলাফল দেখা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে রিটকারী আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু বলেন, গতকাল আদালত আমাদের রিট আবেদনটি শুনানি করেন। আমরা আদালতে বলেছিলাম, আবেদনটি নট প্রেস করতে।

তিনি বলেন, ‘আদালত আমাদেরকে বলেছিল সকল পত্রিকার বিরুদ্ধে কনটেম্ট পিটিশন (আদালত অবমাননার আবেদন) নিয়ে আসেন। কিন্তু আমরা সেটি করিনি। আমরা পত্রিকার বিরুদ্ধে যাব না।’

গত সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী জুনুর পক্ষে আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার এহসানুর রহমান।

বিচার বিভাগ ও প্রধান বিচারপতিকে নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বক্তব্য প্রচার না করতে সংশ্লিষ্টদের কাছে উকিল নোটিশ করেন আইনজীবী জুলফিকার আলী। নোটিশের জবাব না পেয়ে সোমবার তিনি এ রিট আবেদনটি করেন।

রিট দায়েরর পর জুলফিকার আলী জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক ‍কিছু দিন ধরে বিচার বিভাগ, উচ্চ আদালত ও প্রধান বিচারপতি সম্পর্কে বিভিন্ন মন্তব্য করছেন। এসব বক্তব্য গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হচ্ছে। তিনি বলেন, ‘এসব বক্তব্য আদালতের জন্য মানহানি এবং অবমাননাকর।’

তিনি আরো বলেন, ‘সংবিধানে (৩৯ অনুচ্ছেদ) একজন নাগরিক হিসেবে বিচারপতি মানিকের বক্তব্য দেয়ার স্বাধীনতা আছে। কিন্তু সেখানে কিছু বিধি-নিষেধ আছে। বিচারপতি মানিক সেটা মানছেন না।’

জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ অনুসারেও বিচারপতি মানিকের সংবাদও গণমাধ্যমে প্রকাশে কিছু বিধি-নিষেধ রয়েছে। এ কারণে পত্রিকায় প্রকাশিত কয়েকটি প্রতিবেদন যুক্ত করে রিটটি দায়ের করা হয়।

রিট আবেদনে তথ্য সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি’র (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে বিবাদী করা হয়। বাংলামেইল