আগামী ২০১৭-১৮ অর্থবছর থেকে বেসরকারি খাতে চালু হচ্ছে পেনশন
দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীই পেনশন পান। আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রেও সীমিত পর্যায়ে পেনশনের ব্যবস্থা আছে। বেসরকারি খাতে পেনশনের কোনো ব্যবস্থা নেই। এ খাতের কর্মীরা দীর্ঘ চাকরি জীবনের ইতি টানার পর অবসরকালীন কোনো আর্থিক সুবিধা পান না। অথচ দেশে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীর চেয়ে বেসরকারি খাতের চাকরিজীবীর সংখ্যা অনেক বেশি। বেসরকারি খাতের চাকরিজীবীদের এই বৃহৎ অংশের জন্য এবার পেনশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। আগামী ২০১৭-১৮ অর্থবছর থেকেই বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য পেনশন ব্যবস্থা চালু করতে একটি পরীক্ষামূলক প্রকল্প হাতে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের কাঠামো ঠিক করতে বিশ্বব্যাংক ৮ কোটি ৮০ লাখ ডলার সহযোগিতা দিতে সম্মত হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বাংলাদেশ সফররত বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সঙ্গে এ বিষয়ে গতকাল অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠক হয়। ওই বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী বাজেটেই এ বিষয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হবে। এর আগে এ বিষয়ে বেসরকারি খাতকে সংগঠিত করার উদ্যোগ নেওয়া হবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম এ বিষয়ে আমাদের সময়কে বলেন, আগামী ১ বছরের মধ্যে এ স্কিম চালু হবে। ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে এটিকে অন্তর্ভুক্ত করা হবে একটি পাইলট প্রকল্প হিসেবে। সরকার চাচ্ছে দীর্ঘ চাকরি জীবন শেষে বেসরকারি খাতের চাকরিজীবীরাও যেন সরকারি খাতের চাকরিজীবীদের মতো পেনশনের সুবিধাটি পায়। এতে তাদের অবসরকালীন জীবন মোটামুটি সচ্ছলভাবে কাটতে পারবে।
সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা : সরকারি চাকরিজীবীরা অবসরকালীন ছুটিতে যাওয়ার পর গ্রাচুয়িটি, প্রভিডেন্ট ফান্ড, অর্জিত ছুটির টাকা এবং অবসরভাতা পান। গ্রাচুয়িটি, প্রভিডেন্ট ফান্ড ও অর্জিত ছুটির টাকা অবসরের পর-পরই পেয়ে যান। অবসর ও চিকিৎসাভাতা পেনশনহোল্ডার আজীবন পেয়ে থাকেন। প্রত্যেক পেনশনহোল্ডার মূল বেতনের ৯০ শতাংশ পেনশনভাতা পান। পেনশনহোল্ডার মারা গেলে তার স্ত্রী আজীবন এ সুবিধা পান। ১৫ বছর পেনশনভাতা পাওয়ার পর স্ত্রী মারা গেলে তার সন্তানরা এ ভাতা আর পান না। তবে ১৫ বছরের আগে মারা গেলে তার সন্তানরা আজীবন এ সুবিধা পাবেন।
বেসরকারি চাকরিজীবীদের দুরবস্থা : বেসরকারি চাকুরেরা কিছু ক্ষেত্রে গ্রাচুয়িটি, অর্জিত ছুটি এবং প্রভিডেন্ট ফান্ডের জমা টাকা এককালীন পেয়ে থাকেন। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানেই এসব সুবিধা দেওয়া হয় না। অবসর ভাতা তো একেবারেই দেওয়া হয় না। ফলে এই খাতের চাকরিজীবীরা দীর্ঘ কর্মজীবন শেষে অনেকটা শূন্য হাতে অনিশ্চিত অবসরজীবন শুরু হয়। তাদের অবস্থাটা হয় এমন যে, যৌবনের স্বর্ণোজ্জ্বল সময়টা একটা প্রতিষ্ঠানে ব্যয় করে শেষজীবনে শূন্য হাতে ঘরে ফেরা। আবার অনেক প্রতিষ্ঠানে খুবই সীমিত আকারে এসব সুবিধা দেওয়া হয়।
সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোয় আইন দ্বারা এসব সুবিধা দেওয়া হলেও বেসরকারি খাতে এসব আইন নেই। কিছু ক্ষেত্রে আইন থাকলেও তা বাস্তবায়নে কোনো পক্ষই তদারকি করে না। এছাড়া মালিক পক্ষ নানা কায়দায় অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সুবিধা থেকে চাকরিজীবীদের বঞ্চিত করে।
সরকার যা করছে : বেসরকারি খাতে পেনশন চালুর প্রক্রিয়ার কাঠামো প্রায় চূড়ান্ত করেছে সরকার। এর জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ‘প্রাইভেট পেনশন রেকর্ড কোম্পানি’ ও ‘প্রাইভেট পেনশন ট্রাস্ট’ গঠনের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। ২০১৭-১৮ অর্থবছর থেকে পরীক্ষামূলকভাবে বেসরকারি খাতে এটি চালু হবে। এর আগে এই খাতকে সংগঠিত করা হবে। আগামী বছর থেকে ২০২০ সাল পর্যন্ত এর একটি পরিপূর্ণ কাঠামো তৈরি করা হবে। একই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় জরিপ চালিয়ে নিরূপণ করা হবে এর সক্ষমতা। পরে ২০২১ সাল থেকে এই ব্যবস্থা পরিপূর্ণভাবে চালু করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বেসরকারি খাতের চাকরিজীবীদের পেনশন পেতে হলে কোনো কর্মকর্তা-কর্মচারীকে একটি প্রতিষ্ঠানে কমপক্ষে ১০ বছর চাকরি করতে হবে। একই সঙ্গে চাকরিজীবনে সততার প্রমাণ থাকতে হবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানি, টেলিকম খাতসহ সংগঠিত বেসরকারি খাতের কর্মকর্তা-কর্মচারীরা প্রথমদিকে পেনশনের আওতায় আসবেন। মূলত যেসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা ব্যাংক হিসাবের মাধ্যমে দেওয়া হয়, হিসাব-নিকাশে প্রযুক্তির ব্যবহার রয়েছে এসব খাতে পরীক্ষামূলকভাবে ২০১৮ সাল থেকে পেনশন চালু হবে। এ ক্ষেত্রে সরকার কিছুটা ভর্তুকি দেবে। কোন প্রক্রিয়ায়, কী পরিমাণ অর্থ পেনশন দেওয়া যায়, সে বিষয়ে এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে।
বিশেষ করে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে বেসরকারি খাতে পেনশন ব্যবস্থা চালু রয়েছে। তাদের ব্যবস্থাপনা ও পেনশনের ধরন পর্যালোচনা করা হচ্ছে। অস্ট্রেলিয়ায় মূল বেতনের সাড়ে ৯ থেকে ১২ শতাংশ পর্যন্ত পেনশন তহবিলে রাখেন মালিকরা। মাসে ৪৫০ ডলারের ঊর্ধ্বে বেতনভোগী কর্মকর্তা-কর্মচারীরাও তাদের বেতনের সাড়ে ৯ শতাংশ ওই তহবিলে জমা দেন। তবে বেতন ৪৫০ ডলারের কম হলে তাকে অর্থ জমা দিতে হয় না। বাংলাদেশে কীভাবে এটি দেওয়া হবে তা নিয়ে এখনো পর্যালোচনা চলছে। আগামী বাজেটে এটি পরীক্ষামূলকভাবে চালু করে এর সম্ভাব্যতা দেখা হবে।
বেসরকারি চাকরিজীবীর সংখ্যা বেশি : দেশে সরকারি চাকরিজীবী আছেন ১৩ লাখ। তবে বেসরকারি খাতে কতজন কর্মকর্তা-কর্মচারী আছেন, তার কোনো পরিসংখ্যান নেই সরকারের কাছে। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী ছোট-বড় মিলিয়ে ৪২ হাজার ৫৯২টি বেসরকারি খাতের প্রতিষ্ঠান রয়েছে। শিল্পকারখানার ৯৯ শতাংশই বেসরকারি মালিকানাধীন। এর বাইরে টেলিযোগাযোগ, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থায় (এনজিও) বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী চাকরি করেন।
আইনে যা আছে : জাতীয় বিমা নীতিতেও বেসরকারি খাতে পেনশন ও অবসরকালীন আর্থিক নিরাপত্তা ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে। শ্রম আইনেও বলা হয়েছে শ্রমিকের আর্থিক নিরাপত্তা, পেনশন, প্রভিডেন্ট ফান্ড এসব সুবিধার কথা। বেসরকারি খাতে প্রভিডেন্ট ফান্ড চালু করতে ট্রাস্ট আইনে বলা হয়েছে। সরকারি সুবিধা পেতে হলে কর্মীদের শ্রম আইন অনুযায়ী রাখা হয়েছে বিভিন্ন সুবিধা দেওয়ার বিধান। কিন্তু এসব আইন অনেক প্রতিষ্ঠানই মানছে না। এছাড়া শ্রমিকের চেয়ে কর্মসংস্থান কম হওয়ায় এগুলো বাস্তবায়নে কোনো কড়াকড়িও নেই।
সরকারি খাতে তিন ধরনের বিমা চালু হচ্ছে : সরকারি চাকরিজীবীদের জন্য তিন ধরনের বিমা ব্যবস্থাও চালু করতে যাচ্ছে সরকার। এগুলো হচ্ছে জীবন বিমা, স্বাস্থ্য বিমা ও দুর্ঘটনা বিমা। এগুলো চালু হলে সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধা আরও বাড়বে।
আমাদের সময়.কম











