বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি হত্যা করে লাশ গুম, বিএসএফের অস্বীকার

2015_09_18_20_45_46_D2rrj4CwJlkGZPr5qgsQGPBcgpClhX_originalদৌলতপুর (কুষ্টিয়া): দৌলতপুরের রামকৃষ্ণপুর সীমান্তে গুলিবর্ষণ ও নির্যাতনে বাংলাদেশি যুবক হত্যার ঘটনা অস্বীকার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। তবে নিহত যুবকের পরিবারের দাবি, বিএসএফ সদস্যরা তাকে হত্যার পর লাশ গুম করেছে।

মঙ্গলবার রামকৃষ্ণপুরের মহম্মদপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের সময় বাংলাদেশি যুবককে হত্যার কথা অস্বীকার করেছে বিএসএফ।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মহম্মদপুর ডাঙ্গেরপাড়া সীমান্তে ৬-৭ জন বাংলাদেশি যুবক সীমান্ত সংলগ্ন কালু সরকারপাড়ায় বসে আলাপ-আলোচনা করছিল। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলিবর্ষণ করে। গুলিতে মামুন আহমেদ (৩২) নামে বাংলাদেশি যুবক ঘটনাস্থলে নিহত হন। এ সময় মামুনের লাশ তার বন্ধুরা এপারে নিয়ে আসার চেষ্টা করলে বিএসএফ পুনরায় গুলি চালায়। এতে আলিম উদ্দিন (৩০) নামে আরেক যুবক পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

পরে বিএসএফ সদস্যরা তাকে পেটান এবং আশঙ্কাজনক অবস্থায় দুজনকে নিজেদের ক্যাম্পে নিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সূত্রগুলো জানায়।

নিহত মামুন আহমেদ উপজেলার মহম্মদপুর ডাঙ্গেরপাড়া গ্রামের মোহর আলী ওরফে মহার ছেলে এবং আলিম উদ্দিন একই গ্রামের কাইমুদ্দিনের ছেলে।

এদিকে বিএসএফের গুলি ও নির্যাতনে বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়ে স্থানীয় রামকৃষ্ণপুর ক্যাম্পের বিজিবি স্বীকার করলেও ঘটনার রাতে কী ঘটেছিল সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেনি।

মঙ্গলবার সকালে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়। এরপর দুপুরে উপজেলার মহম্মদপুর সীমান্তের ১৫৭/৩ এস সীমানা পিলারের কাছে এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চিলমারী কোম্পানি কমান্ডার আশরাফ হোসেন। তার সাথে ছিলেন রামকৃষ্ণপুর বিজিবি ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার সুবোধ পাল। বিএসএফের পক্ষে নেতৃত্বে দেন সেদেশের জলঙ্গী ক্যাম্পের ইন্সপেক্টর রামপাল অনুরাগ। তার সঙ্গে ছিলেন দেবাশিষ রায়। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সতর্কবস্থায় ছিলেন।

ওই বৈঠকে বাংলাদেশি যুবক মামুনকে গুলি করে হত্যা ও আলিমকে নির্যাতন করে মারাত্মক আহত করার ঘটনা অস্বীকার করে বিএসএফ। বৈঠক শেষে এর বাইরে সাংবাদিকদের কাছে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি রামকৃষ্ণপুর বিজিবি ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার সুবোধ পাল।

এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত মামুনের ভাই শিপন মঙ্গলবার বিকেলে জানান, সোমবার রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে পূর্ণিমার চাঁদের আলোয় সীমান্তের কালু সরকারপাড়া নামক স্থানে তারা ৬-৭ জন বসে গল্প করছিলেন। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকারপাড়া ক্যাম্পের বিএসএফের টহলদল তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করে।

শিপন আরো বলেন, ‘গুলিতে মামুন ঘটনাস্থলে নিহত হলে আমি তার লাশ কাঁধে তুলে নিয়ে আসার চেষ্টা করি। ঠিক তখন বিএসএফ দ্বিতীয় দফায় ফের গুলিবর্ষণ করে। আলিম ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়।’

প্রত্যক্ষদর্শী শিপন আরো বলেন, ‘বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে গম ক্ষেতের ভেতর আলিমকেও রাইফেল ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যার পর দুজনের লাশ টেনে-হেঁচড়ে নিজেদের ক্যাম্পের দিকে নিয়ে যান। প্রাণভয়ে আমি ও আমাদের সঙ্গে থাকা অপর ব্যক্তিরা নদীতে ঝাঁপ দেই এবং সাঁতরে পালিয়ে আসি।’

হত্যার পর বিএসএফ লাশ গুম করে দিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করেন নিহত মামুনের ভাই শিপন।

এদিকে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি।’ তিনি জানান, মঙ্গলবার দুপুরে বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলে বাংলাদেশি যুবক নিহতের বা গুলিবর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে বিএসএফ বিজিবিকে জানিয়েছেন। তবে ঘটনাটি নিয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকের প্রক্রিয়া চলছে। বাংলামেইল