কেন এই নির্মমতা শিশুদের প্রতি!
নিজস্ব প্রতিবেদক : নিহত রাজন, রাকিব, শুভ ও মনিরসিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন ও খুলনার মোহাম্মদ রাকিবকে নির্মমভাবে হত্যার দুঃসহ স্মৃতি মুছতে না মুছতেই ফের শুরু হয়েছে শিশু নির্যাতন ও হত্যার ঘটনা। বুধবার (১৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জের বাহুবলে চার শিশুকে হত্যার পর বালুচাপা দিয়ে রাখেন হত্যাকারীরা। এ ঘটনার জন্য খুনিদের বিকৃত মানবিকতাকে দায়ী করছেন অপরাধ বিশ্লেষকরা। পাশাপাশি সমাজের ছোট-ছোট বন্ধনগুলো আলগা হয়ে যাওয়া, তথা সামাজিক অবক্ষয়কেও দায়ী করছেন তরা। সম্প্রতি রাজন ওরাকিবের ঘটনায় দ্রুত বিচার সম্পন্ন করে চূড়ান্ত শাস্তির রায় ঘোষিত হলেও এ ধরনের নিষ্ঠুরতা না কমার বিষয়ে আইনজীবীরা বলছেন, যদি রায় দ্রুত কার্যকর করা যেত, তাহলে আমাদের সামনে উদাহরণ তৈরি হতো।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সভাপতি জিয়া রহমান মনে করেন, মিডিয়া আগের থেকে অনেক বেশি শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করছে। এ কারণেই ঘটনাগুলো বেশি শোনা যাচ্ছে। এ ধরনের ঘটনা সবসময়ই ঘটত। তবে, নির্যাতনটা আগে থাকলেও তার ধরনে পরিবর্তনে এসেছে।
গত শুক্রবার মোবাইল চুরির অভিযোগে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত জাহিদ হাসান (১৫) ও ইমন (১৩) নামের দুই শিশুকে ঘরের মধ্যে আটকে রেখে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পেটানো হয়। আহত দুই শিশুর মধ্যে শনিবার সকালে জাহিদ হাসানকে পবা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। কেবল জাহিদ বা ইমন নয়, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিসংখ্যান বলছে, এ বছরের জানুয়ারিতে সারাদেশে ২৯টি শিশুকে হত্যা করা হয়েছে। চলতি মাসের শুরুতে কেরানীগঞ্জের স্কুলছাত্র আবদুল্লাহকে অপহরণ করে হত্যা করে লাশ ঘরের ভেতরে লুকিয়ে রাখা হয়। গাজীপুরে অপহরণের পর হত্যা করা হয়েছে সোলায়মান নামে এক শিশুকে।
ধারাবাহিকভাবে এ ধরনের ঘটনাকে সামাজিক অবক্ষয় হিসেবেই দেখতে চান ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি বলেন, কিভাবে মা তার সন্তানকে হত্যায় উদ্যত হতে পারেন, তা ভাবলেই ভীষণ পীড়া দেয়। তার মানে, আমাদের সমাজের মূল্যবোধগুলো ক্ষয় হয়ে গেছে। আমরা বিচারহীনতার সংস্কৃতির কথা বলে থাকি কিন্তু বিচারিক আদালতে দ্রুত বিচারে রাকিব রাজন হত্যার রায় হওয়ার পরপর একই এলাকায় কী করে এভাবে শিশুদের হত্যা করা হলো। আসলে সামাজিক দিকগুলোয় নজর দেওয়ার সময় পার হয়ে গেছে কি না, তাও ভেবে দেখা দরকার।
উল্লেখ্য, শিশুহত্যার পাশাপাশি নির্যাতনও বেড়েছে। জানুয়ারি মাসে রাজধানীর খিলগাঁও থেকে ১২ বছরের শিল্পী আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। গত চার বছর ধরে খিলগাঁওয়ের একটি বাসায় বন্দী অবস্থায় শিল্পী গৃহকর্মীর কাজ করে আসছে। শিল্পী জানায়, কাজে যোগ দেওয়ার তিন মাস পর থেকে তার ওপর চলে অমানবিক নির্যাতন। নির্যাতন সইতে না পেরে বাড়ি যেতে চাইলে তাকে হত্যার হুমকি দিত গৃহকর্তা। এমনকি চুরির দায়ে তার-বাবা মাকে জেল-হাজতে পাঠানোরও হুমকি দিতেন গৃহকর্তা। গত সোমবার গৃহকর্ত্রীর নির্যাতনের শিকার হয়ে ভোরে ওই বাসা থেকে পালিয়ে যায় ওই শিশু।
জিয়া রহমান বলেন, মানতে হবে, আমাদের সমাজে নানা ধরনের অসঙ্গতি তৈরি হয়েছে। এই অসঙ্গতির একটা হলো—শিশুদের ওপর নির্যাতন বেড়ে যাওয়া। কারণগুলো চিহ্নিত করতে হলে বলতে হয়, বিদেশি সংস্কৃতি যখন গ্রহণ করা হয়, তখন আমাদের দেশীয় সংস্কৃতির সঙ্গে তার সংঘর্ষ হয়। আমাদের এখানেও তেমন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। ফলে আমাদের সামাজিক মূল্যবোধের সঙ্গে মানানসই নয়, এমন অনেক ঘটনা ঘটছে।
অপরাধের কারণগুলো চিহ্নিত করতে গিয়ে জিয়া রহমান আরও বলেন, মানুষের মধ্যে লোভ বেড়ে যাওয়ায় পরিবারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। যার বলি হচ্ছে শিশুরা। মানুষের মধ্যে তাড়াতাড়ি সব পাওয়ার যে প্রবণতা, সেটা পূরণ করতে গিয়ে তারা শিশুদের টার্গেট করছেন, জিম্মি করছেন। দ্রুত অনেক টাকার মালিক হওয়ার মতো অনৈতিক ইচ্ছা পূরণেরও বলি হচ্ছে শিশুরা। সেই কারণেই শিশুদের জিম্মি করে চাঁদা কিংবা মুক্তিপণ দাবি করা হচ্ছে।











