১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের দুয়ার বন্ধ
চাকরি জাতীয়করণের দাবিতে দেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিদিন তিন ঘণ্টা করে বন্ধ রাখা হচ্ছে। গতকাল মঙ্গলবার তিন ঘণ্টা বন্ধ থাকে ক্লিনিকগুলো। গত রবিবার থেকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডররা (সিএইচসিপি) অর্ধদিবস কর্মবিরতি পালন করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ছাড়া দাবি আদায়ের জন্য তারা গত ১ ফেব্রুয়ারি থেকে সব কমিউনিটি ক্লিনিকে অনলাইন প্রতিবেদন দেওয়া বন্ধ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভা বয়কট করছে। বগুড়া জেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাহবুবুর রহমান পয়েট বলেন, ‘সারা দেশের মতো বগুড়া জেলার ৩৬৩টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে।’ গত সোমবার ছিল অর্ধদিবস কর্মবিরতির দ্বিতীয় দিন। এ সময় তারা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ করে পাশে দাঁড়িয়ে ছিল। এতে শত শত রোগী প্রাথমিক চিকিৎসাসেবা না পেয়ে ফিরে যায়। স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতির কারণে গ্রামের হতদরিদ্র ও অসুস্থ রোগীরা চিকিৎসা না পেয়ে দুর্ভোগে পড়েছে। সিএইচসিপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, বুধবারের মধ্যে সরকারের টনক না নড়লে আগামী বৃহস্পতিবার পূর্ণদিবস ক্লিনিক বন্ধ রাখা হবে। এর মধ্যে দাবি আদায় না হলে ২৩ ফেব্রুয়ারি মহাখালী প্রকল্প কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। আব্দুল মতিন নামের একজন বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও সরকারি সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছি আমরা। এতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই বাধ্য হয়ে কর্মবিরতি পালন করা হচ্ছে।’ গত সোমবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আঁচলাই কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শামীমা আক্তার জানান, ‘৯টা থেকে ১২টা পর্যন্ত কর্মসূচি পালন করতে গিয়ে প্রায় ৩০ জনের মতো রোগী সেবা না পেয়ে ফিরে গেছে। প্রতিদিন প্রায় ৯০ থেকে ১০০ জন রোগী আসে নানা বিষয়ে স্বাস্থ্যসেবা ও পরামর্শ নিতে। সে হিসেবে দেশের ১৪ হাজার ক্লিনিকে প্রতিদিন এক লাখ ৪০ হাজার মানুষ নানা বিষয়ে স্বাস্থ্যবিষয়ক সেবা পেয়ে থাকে।’ আঁচলাই কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন রাবেয়া বেওয়া। তিনি এসেছেন পাঁচ কিলোমিটার দূরের গ্রাম থেকে। তিনি বলেন, ‘নাতিডার সর্দিজ্বর। এটি আনু ওষুধ লিমু বলে। কিন্তুক কুনু লাভ হলো না। অনেকক্ষণ বসে আচনু। একুন ফিরত যাচ্চি।’ সাবলু মিয়া নামের আরো একজন বলেন, ‘এই গ্রামে কমিউনিটি ক্লিনিকই ভরসা। এ কারণে অনেকে ফিরে যাচ্ছে সেবা না পেয়ে।’ বগুড়া সদরের চকআলম কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সুরাইয়া আকতার বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদান, মা ও শিশু মৃত্যুহার কমিয়ে আনার কারিগর হিসেবে আমরা তৃণমূলে কাজ করলেও আমাদের অবহেলায় রাখা হয়েছে।’ কাহালুর শান্তা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ইসরাফিল হোসেন জানান, তাঁরা নিয়মিত বেতন পান না। ইনক্রিমেন্ট ও টাইম স্কেল নেই। নির্ধারিত বেতনে চার বছর অতিবাহিত হয়েছে। সরকার প্রতিশ্রুতিও দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। বগুড়া জেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে। যদিও নিয়োগের পর ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর প্রকল্প কার্যালয় থেকে চিঠি দিয়ে চাকরি জাতীয়করণের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এরপর প্রকল্পের মেয়াদ শেষ হলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তর, সব জেলার নিজ নিজ সংসদ সদস্যকে স্মারকলিপি দেওয়া হলেও কোনো কাজ হয়নি। গ্রামীণ স্বাস্থ্যসেবা ও ১৪ হাজার পরিবারের কথা চিন্তা করে চাকরি জাতীয়করণ ও চার বছরের বকেয়া ইনক্রিমেন্ট প্রদানের দাবি জানাই।’











