মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ১৩ মামলা
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে গতকাল রোববার আরও ১৩টি মামলা হয়েছে। এর মধ্যে ঢাকার আদালতে ১০ হাজার কোটি টাকার একটি মানহানির মামলা হয়। বাকি ১২টি মামলা হয়েছে আটটি জেলায়, যার চারটিতে ২১৫ কোটি ৫০ লাখ টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়।
এর আগে ৯ ও ১১ ফেব্রুয়ারি দুই দিনে হয়েছিল পাঁচটি মামলা। এর মধ্যে গোপালগঞ্জ, খুলনা, কক্সবাজার ও লক্ষ্মীপুরে করা চারটি মামলায় মোট ১১১ কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়। গত পাঁচ দিনে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে চারটি নালিশি মামলাসহ মোট ১৮টি মামলা হলো। বাকিগুলো মানহানির মামলা, যার নয়টিতে মোট ১০ হাজার ৩২৬ কোটি ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ করা হয়।
১৭টি মামলা করেছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও প্রজন্ম লীগের নেতারা। অপর একটি মামলা করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর একজন সহকারী সরকারি কৌঁসুলি।
গতকাল করা ১৩টি মামলার মধ্যে ১০টি হয়েছে মানহানির অভিযোগে। একটিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ, অপর দুটি মামলায় একই সঙ্গে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা হয়। এর মধ্যে মানহানির ছয়টি মামলায় মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত।
মাহ্ফুজ আনামের বিরুদ্ধে এভাবে একের পর এক মামলা হওয়া সম্পর্কে জানতে চাইলে প্রবীণ আইনজীবী রফিক-উল হক গতকাল প্রথম আলোকে বলেন, গণহারে মামলা হওয়ার বিষয়টি খুবই খারাপ হচ্ছে। এটা মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। এটা স্বাধীনতাকে সংকুচিত করতে পারে।
৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতির প্রসঙ্গ উল্লেখ করে মাহ্ফুজ আনাম তাঁর পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন। এর পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ডেইলি স্টার-এর সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে বিচার চান। এক দিন পর ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে কয়েকজন সাংসদ ডেইলি স্টার বন্ধ করা এবং মাহ্ফুজ আনামের পদত্যাগ ও বিচার দাবি করেন। এর পরদিন থেকে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে।
বেশির ভাগ মামলার অভিযোগও প্রায় একই রকম। অভিযোগে বলা হয়, এক-এগারোর সময় একটি গোয়েন্দা সংস্থার নির্দেশনা বাস্তবায়নে গণতন্ত্রবিরোধী শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে মাহ্ফুজ আনাম তাঁর সম্পাদিত পত্রিকায় মিথ্যা ও বিকৃত তথ্য প্রকাশ করেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল। এ কারণে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়। এতে তাঁর দল ও মামলার বাদীদের মানহানি হয়েছে।
গতকাল সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মানহানির একটি মামলা করেন বাংলাদেশ প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসান হাবিব তালুকদার। মহানগর হাকিম প্রণব হুই বাদীর জবানবন্দি গ্রহণ করে বিকেল সাড়ে চারটার দিকে আদেশ দেন। তাতে মামলার অভিযোগের বিষয় মুগদা থানার পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ মামলায় সৈয়দ ওয়াসিফুল ইসলাম নামে আরও একজনকে আসামি করা হয়।
মামলার আরজিতে বলা হয়, ৪ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে মাহ্ফুজ আনাম স্বীকার করেন, শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির খবর যাচাই ছাড়াই প্রকাশ করে সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন। আর সৈয়দ ওয়াসিফুল ইসলাম সম্পর্কে বলা হয়, ২০১৩ সালের ১৪ মে তাঁর লেখা ডেইলি স্টার পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত ‘Who will pay the innocent’s blood?’ প্রবন্ধে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অত্যন্ত উসকানিমূলক, মানহানিকর বক্তব্য প্রচার করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচার করায় একজন মুক্তিযোদ্ধা হিসেবে বাদীর ১০ হাজার কোটি টাকার মানহানি হয়েছে।
ঢাকার বাইরে থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
জামালপুর: গতকাল জামালপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে নালিশি মামলা করেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এস এম জামাল আবু নাসের। আদালত অভিযোগ আমলে নিয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
বরগুনা: মাহ্ফুজ আনামের বিরুদ্ধে বরগুনার মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল মামলা করেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মজিবুল হক। এতে রাষ্ট্রদ্রোহ এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগের সম্মানহানির অভিযোগ আনা হয়। আরজিতে বলা হয়, বাদীর ৫০ লাখ টাকার মানহানি হয়েছে। আদালত মামলাটি আদেশের জন্য ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষমাণ রেখেছেন।
শরীয়তপুর: শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল মানহানির অভিযোগে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। মামলা তিনটির বাদী হলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আমীন কোতোয়াল, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম ও জাজিরা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ মিয়া।
বাদী নুরুল আমীন কোতোয়ালের আইনজীবী তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আদালত মামলা তিনটি আমলে নিয়েছেন। এর মধ্যে দুটি মামলায় মাহ্ফুজ আনামকে আগামী ৪ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দিয়েছেন বিচারক। অপর মামলাটি পুলিশকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
খুলনা: খুলনায় দুই আদালতে ডেইলি স্টার-এর সম্পাদকের বিরুদ্ধে মানহানির অভিযোগে গতকাল আরও দুটি মামলা হয়েছে। মামলা দুটির বাদী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ হাওলাদার ও দপ্তর সম্পাদক তসলিম হুসাইন। একটি মামলায় ১০ কোটি, আরেকটিতে ৫ কোটি টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়।
মামলা দুটির আইনজীবী ফরিদ আহমেদ জানান, একটি মামলা তদন্তের জন্য খুলনা সদর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। আরেক আদালত অপর মামলা আমলে নিয়ে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছেন। এ মামলার পরবর্তী তারিখ ২৯ মার্চ।
দিনাজপুর: মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মানহানির অভিযোগে গতকাল দিনাজপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন খানসামা উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক সামছুর রহমান। বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ১৪ জুন মাহ্ফুজ আনামকে সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।
সিলেট: ২০০ কোটি টাকার মানহানির অভিযোগে সিলেট আদালতে গতকাল মাহ্ফুজ আনামের বিরুদ্ধে দুটি মামলা হয়। মামলা দুটি করেছেন নগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত ও সাবেক সভাপতি রাহাত তরফদার।
সিলেটের অতিরিক্ত সরকারি কৌঁসুলি শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, আদালত মামলা দুটি আমলে নিয়ে আগামী ৩০ মার্চ মামলার পরবর্তী তারিখ ধার্য করেন এবং আসামির প্রতি সমন জারি করেন।
রাঙামাটি: রাঙামাটির আদালতে গতকাল মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি নাসির উদ্দিন। বাদীর আইনজীবী পরিতোষ কুমার দত্ত বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে আগামী ৩১ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
নেত্রকোনা: রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মানহানির অভিযোগে নেত্রকোনায় অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল ডেইলি স্টার-এর সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম খান পাঠান।
বাদীর আইনজীবী মানবেন্দ্র বিশ্বাস বলেন, আদালত মামলাটি তদন্তের জন্য নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
বিশিষ্ট আইনজীবী রফিক-উল হকের মতে, ‘এত মামলা হওয়া পাগলামি ছাড়া কিছুই না। আসলে পাগল যখন ঢিল ছোড়ে, তখন চারদিকেই ছোড়ে। সে রকমই একটা অবস্থা চলছে। এসব মামলার আইনি ভিত্তি কতটা, তা না দেখে বোঝা যাবে না। আসলে কার মানহানি হয়েছে, আর কে মামলা করছে, সেটা দেখার বিষয় আছে।’
prothom-alo.com











