নিম্নমানের গম আমদানিতে শত কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক : নিম্নমানের গম আমদানির জন্য ক্ষতি হওয়া শত কোটি টাকা দায়ী ব্যক্তিদের কাছ থেকে আদায়ের জন্য সুপারিশ করেছে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ বলেছেন, “খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের গাফিলতি ও অনিয়মের কারণে এ ঘটনা ঘটেছে। গোয়েন্দা রিপোর্ট পেয়েছি। সে আলোকে সরকারকে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে। এর আগে সংসদীয় কমিটি গোয়েন্দা রিপোর্ট চেয়েছিল।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত বছরের ২৪ মার্চ খাদ্য মন্ত্রণালয় ঘোষিত দরপত্রের মাধ্যমে আমদানিকারক প্রতিষ্ঠান ইমপেক্স কনসালটেন্ট লিমিটেড জাহাজযোগে ৫২ হাজার ৫০০ মেট্রিকটন গম ফ্রান্স থেকে আমদানি করে। জাহাজটি একই বছরের ১০ মে চট্টগ্রাম বন্দরে এসে পোঁছায়। সেখানে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন গম খালাস করে। বাকি গম খালাস করতে জাহাজটি মংলা বন্দরে যায়। সেখানে গম খালাসে তদারকি কমিটি গুণগত মান পরীক্ষা করে তা খাবার অনুপযোগী বলে প্রমাণ পায়। ফলে ওই গম খালাস করতে অস্বীকৃতি জানায় তারা। কিন্তু এর আগেই ঠিকাদারকে গম কেনার ১০০ কোটি টাকার মধ্যে ৯০ কোটি টাকা পরিশোধ করে খাদ্য অধিদপ্তর।
এর আগের জাতীয় গোয়েন্দা সংস্থা- এনএসআইর একটি প্রতিবেদন নিয়ে গত বৈঠকে আলোচনা হয় সংসদীয় কমিটিতে। ওই গোয়েন্দা প্রতিবেদনে গম কিনতে গিয়ে সরকারের প্রায় শত কোটি টাকা ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গুণগত মান যাচাই করার পর টাকা পরিশোধের নিয়ম থাকলেও তা মানা হয়নি। এতে বড় ধরনের আর্থিক অনিয়ম হয়েছে। এই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় প্রতিবেদনে।
গত বৈঠকে কমিটির সুপারিশে বলা হয়েছে, ইমপেক্স গ্রুপের স্বত্বাধিকারী সহিদ জাহাঙ্গীর ও নিম্নমানের গম সরবরাহে সহযোগিতাকারী সাবেক মহাপরিচালক মো. সারোয়ার খান, বর্তমান মহাপরিচালক ফয়েজ আহমেদ, পরিচালক (সংগ্রহ) এলাহী দাদ খানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া যেতে পারে। এ ছাড়া দুদকের মাধ্যমে তদন্তের ব্যবস্থা করা যেতে পারে।
গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক অনৈতিক মনোভাবাপন্ন হওয়ায় তিনি যেকোনো ধরনের অনৈতিক চাপে অনিয়ম করে থাকেন মর্মে প্রতীয়মান। বিশেষ করে তিনি খাদ্য অধিদপ্তরের দুর্নীতিসমৃদ্ধ সিন্ডিকেটের সব নির্দেশ নির্দ্বিধায় পালন করেন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, খাদ্য অধিদপ্তর ২০১৪-১৫ অর্থবছরে ইমপেক্স গ্রুপের মাধ্যমে আমদানি করা গম ছাড়াও চারটি প্যাকেজে গম আমদানি করে। ব্রাজিল থেকে আমদানি করা ওই ৪ প্যাকেজের মাধ্যমে ২ লাখ ৫ হাজার ১২৮ মেট্রিক টন গম নিম্নমানের হওয়ায় সারা দেশে আলোড়ন তৈরি হয়।











