বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের চতুর্থ না উইন্ডিজের প্রথম?

Iccস্পোর্টস ডেস্ক : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক বাংলাদেশকে নিয়ে কেউই ফাইনালের কথা চিন্তা করেনি। অথচ টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসে বাংলাদেশকে ছাড়া ফাইনালটা কেমন যেন অপূর্ণই থাকছে স্বাগতিক দর্শকের কাছে। ফাইনালে কিসের যেন একটা অভাব লক্ষ্য করা গেছে সবার মাঝে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয়েছে বাংলাদেশ তরুণদের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রোববার বাংলাদেশী সমথর্কদের সামনেই শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

পঞ্চমবারের মতো ফাইনালে ওঠা ভারতীয় যুবাদের সামনে রেকর্ড সর্বোচ্চ চতুর্থ শিরোপার হাতছানি। অপরদিকে বাংলাদেশের মাটিতেই দ্বিতীয়বার ফাইনালে ওঠা উইন্ডিজ তরুণদের প্রথম শিরোপা ছোঁয়ার স্বপ্ন। রোববার মিরপুর শেরোবাংলা স্টেডিয়ামে যুব বিশ্বকাপের ১১তম আসরের শিরোপা লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। সকাল ৯ টায় শুরু হওয়া এ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙ্গা ও গাজী টিভি।

যুব বিশ্বকাপে ভারত প্রতিবারই ফেভারিট দল হিসেবে মাঠে নামে। ২০০৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালে উঠেও পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছিল ভারতীয় যুবারা। ফাইনালে ওই একবারই শিরোপা ধরতে ব্যর্থ হয়েছে ভারত। তবে এবার রাহুল দ্রাবিড়ের শিষ্যরা বেশ শক্তিশালী। টুর্নামেন্টের শুরু থেকেই তাদের হাতে ট্রফি দেখছেন অনেকেই। তাই রোববারের ফাইনালেও ওয়েস্ট ইন্ডিজের যুবাদের চেয়ে এগিয়ে থাকছে ভারত।

তাই বলে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ভ-১৯ দলকে মোটেও খাটো করে দেখছে না ভারত। শনিবার অনুশীলন শেষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় যুব দলের অধিনায়ক ইশান কিষাণ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলছে। আমরাও সেভাবে ভালো করার চিন্তা করছি। মাঠে নেমেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে। ভবিষ্যতে কী করবো বা কী করতে হবে, তা নিয়ে চিন্তা করছি না। আমরা শুধু আগামীকালের (আজ) ফাইনাল নিয়েই ভাবছি।’

ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার ঋশভ পণ্ডিত দ্রুত রান তুলতে পারেন। মিডল অর্ডারে সরফারাজ খান এবার টুর্নামেন্টের তৃতীয় সেরা রান সংগ্রাহক। এ ছাড়া আরমান জাফরও দলের অন্যতম ভরসা। ফাইনালের আগে বেশ কয়েকদিন প্রস্ততির সুযোগ পেয়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। তারপরও শনিবার অনুশীলনে আরও বেশি সময় নিল ভারতীয় তরুণরা। তবে ভারত যুবা দলকে সমস্যায় ফেলতে পারেন ক্যারিবীয় পেসাররা।

এরই মধ্যে তারা এই দ্রুতগতির বোলারদের দিয়ে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে সফল হয়েছে। যদিও মিরপুরে খেলার অভিজ্ঞতা ও লম্বা ব্যাটিং লাইনআপ ভারতীয় যুবাদের এগিয়ে রাখছে। বোলিংয়ে ভারতের আভেশ খান ও ডাগর ভালো করছেন। এবারের আসরে এখন পর্যন্ত ভারত কারো কাছেই হারেনি। একে একে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, নেপাল, নামিবিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা । অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে পুরোটাই ভিন্ন। হার-জিতের মধ্য দিয়েই ফাইনালের টিকিট পেয়েছে তারা।

ক্যারিবীয় যুবারা মাত্র দু’বার অনূর্ধ্ব-১৮ বিশ্বকাপের ফাইনালে উঠেছে। দু’বারই বাংলাদেশে। ২০০৪ সালে পাকিস্তানের বিপক্ষে ২৫ রানে হেরে শিরোপা হাতছাড়া করেছিলেন উইন্ডিজের তরুণরা। তবে এবারের শুরুর গল্পটা তো তাদের আরও খারাপ। প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে ৬১ রানের বড় ব্যবধানে হেরেছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বিতর্কিত জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন ক্যারিবীয় যুবারা।

তবে এরপরই উইন্ডিজ যুব দলে পরিবর্তন ঘটে। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে তারা দ্রুত মানিয়ে নিতে সক্ষম হয়েছে। কোয়ার্টার ফাইনালে পাকিস্তান ও সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট স্বাগতিক বাংলাদেশকে পরাজিত করেছে। উপমহাদেশের দুই দলকে বিদায় করে দিয়ে ক্যারিবীয় তরুণরা এখন আরো বড় স্বপ্ন দেখছেন। কারণ এবার বিশ্বকাপের সবচেয়ে দ্রুতগতির বোলার আলজারি জোসেফ তাদের দলেরই একজন।

টুর্নামেন্টে জোসেফ ১৪৭ কিলোমিটার গতিতে বোলিং করেছেন। এ ছাড়া ক্রেমার হোল্ডারসহ দলের অন্যান্য পেসাররাও দ্রুতগতিতে বল করতে পারেন। ব্যাটিংয়ে গিডরন পপ, অধিনায়ক শিমরন হেটমায়ার ও শামার স্প্রিঙ্গার দলের অন্যতম ভরসা। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শিমরন হেটমায়ার বলেন, ‘সর্বশেষ দুটি ম্যাচ জিতে আমরা খুবই আত্মবিশ্বাসী। দলের কেউই চাপ নিচ্ছে না। যেভাবে খেলছি এভাবেই আমরা শেষ করতে চাই।’

শিরোপা যে দলের অধিনায়কের হাতেই উঠুক না কেন গত ২৭ জানুয়ারি শুরু হওয়া যুবা বিশ্বকাপের মিলনমেলা রোববারই বাংলাদেশে শেষ হচ্ছে।