বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচন : বিএনপির প্রার্থী ঠিক করবে তৃণমূল

rizviiআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নের দায়িত্ব তৃণমূল নেতাদের হাতে দিয়েছে বিএনপি। একই সঙ্গে দলটির পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে এই নির্বাচনের কারণে পরিবার-গ্রাম-পাড়া-মহল্লায় সর্বত্র দলীয় রাজনীতির সংঘাত ছড়িয়ে পড়বে। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

ইউপি নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের কথা উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, ইউপি নির্বাচনে দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেয়ারম্যান মনোনয়নের ক্ষেত্রে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এই মোট পাঁচজন একজন চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদন করার জন্য সুপারিশ করবেন।’

আগামী ২২ মার্চ  প্রথম পর্যায়ে ৭৫২টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ করা হবে। সারা দেশে চার হাজার ৫৪৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে চলতি বছর মেয়াদ উত্তীর্ণ হবে চার হাজার ২৭৫টি ইউনিয়ন পরিষদের। ছয়টি ধাপে এগুলোতে নির্বাচন করবে কমিশন।প্রথম পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, আপিল দাখিল ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ, প্রতীক বরাদ্দ ৩ মার্চ এবং ভোটগ্রহণ ২২ মার্চ।এই প্রথমবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচন দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে নির্বাচনে শুধু নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। কোনো রাজনৈতিক দল কোনো ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করতে পারবে না।

দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ‘গণতন্ত্রের পথচলাকে বিপথে চালিত করার জন্যই সরকারের মদদে নির্বাচন কমিশন এই অযৌক্তিক ও অসময়োচিত সিদ্ধান্ত গ্রহণ করেছে।’ইউপি নির্বাচনে বিএনপির অংশগ্রহণের যৌক্তিকতা তুলে ধরে দলের যুগ্ম মহাসচিব বলেন, ‘ভয়াবহ দমন পীড়ন ও ভোটারদের ভোট প্রদানের অধিকার কেড়ে নেওয়ার আশঙ্কা থাকলেও সেই ক্ষুদ্র পরিসর সম্প্রসারিত করার আন্দোলন হিসেবে বিএনপি আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণ করবে।’

রিজভী আরো বলেন, তফসিল অনুযায়ী আগামী ২০ মার্চ ১০টি পৌরসভায় ও ২২ মার্চ ৭৫২টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির জাতীয় কাউন্সিলের পরের দিন পৌরসভা ও দুদিন পরে ইউপি নির্বাচন অনুষ্ঠিত করা হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।