চার উইকেট হারিয়ে কিছুটা চাপে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : নাজমুল হোসেন শান্ত উইকেটে এসেই অশান্ত হয়ে গেলেন। ব্যাটে বল লাগিয়েই পড়িমরি ছুট। রান আউট থেকে বাঁচতে প্রাণপণ ডাইভ। ভাগ্য পাশে ছিল। না হলে রান আউটটা হয়েই যেত। সে যাত্রা বেঁচে গেলেও লাভ হয়নি, একটু পরেই ফিরে এলেন নাজমুল। দলকে মহাবিপদে ফেলে প্রতিপক্ষ অধিনায়কের হাতে ধরা দিলেন মাত্র ১১ রান করেই।
গতকাল অধিনায়ক জোর গলাতেই বলেছেন বিশ্বকাপের সেমিফাইনাল-টাইনাল এসব মাথাতেই রাখছেন না। এটিকে নিচ্ছেন স্রেফ আরেকটি ম্যাচ হিসেবে। কিন্তু সব ধরনের খেলাতেই যেকোনো ধরনের বৈশ্বিক টুর্নামেন্টে ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা নিয়ে সেমিফাইনালে খেলার চাপ অগ্রাহ্য করা কি আদৌ সম্ভব? বাংলাদেশের যুবারা চাপ নিয়েই খেলছে। স্বাভাবিক খেলাটা এখনো দেখা যায়নি। সেই চাপের ফলেই ২৭ রানের মধ্যেই সাজঘরে দুই ওপেনার। এরপর নাজমুলের আত্মহত্যা। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভার শেষে স্কোর ৪ উইকেটে ৯৪।
এই ওয়েস্ট ইন্ডিজকেই যুব বিশ্বকাপের আগে বাংলাদেশ ৩-০-তে হোয়াইটওয়াশ করেছিল। জিম্বাবুয়ের কাছে হারতে হারতে ‘বিতর্কিত’ আউটে কোয়ার্টার ফাইনালে উঠে আসা ক্যারিবীয় যুবারা কিন্তু শেষ আটে হারিয়েছে পাকিস্তানের মতো দলকে। বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে তাদের। তবে ক্যারিবীয় যুবাদের আত্মবিশ্বাসের চেয়েও বাংলাদেশকে কোণঠাসা করে রেখেছে আসলে চাপ। ফাইনালে ওঠার তীব্র আকাঙ্ক্ষা।
সেই চাপের কাছেই হার মেনে দ্বিতীয় ওভারেই ফিরেছেন পিনাক ঘোষ (০)। ১০ রানে প্রথম উইকেটের পতন। মজার ব্যাপার হলো, এই দশের নয়ই এসেছে অতিরিক্ত খাতে। স্কোরবোর্ডে ৯ রান জমা হয়ে গেলেও তখনো দুই ওপেনার রানের খাতা খোলেননি। ক্যারিবীয় বোলাররাও যে চাপে ছিল, সেটাও বোঝা যায় এখান থেকে। কিন্তু দ্রুতই তারা চাপটা বাংলাদেশের যুবাদের ওপরে চালান করে দিয়েছে। সপ্তম ওভারের প্রথম বলে ফিরেছেন অন্য ওপেনার সাইফ হাসানও (১০)। আর নাজমুল ফিরলেন ১৩ তম ওভারের শেষ বলে।
ক্যারিবীয়দের মূল শক্তি পেস বোলিং। আজ শুরু থেকে ঢাকা কুয়াশায় ঢাকা। পেসারদের জন্য এমন আদর্শ পরিবেশেও টসে জিতে মিরাজ কেন ব্যাটিংই নিলেন-এ নিয়ে কারও মনে প্রশ্ন থাকতে পারে। তবে সেমিফাইনালের মতো ম্যাচে রান তাড়া করা সব সময়ই চাপের—এমন ভাবনাও থাকতে পারে। প্রথম কয়েকটি ওভার ঠিকমতো পার করে দিতে পারলেই আর সমস্যা হবে না। তবে যেভাবে চাপের মুখে রান আউটের ঝুঁকি নিচ্ছে বাংলাদেশ, ব্যাটের ভেতরের কানায় লেগে উইকেটের পেছনে চলে যাচ্ছে বল, হাওয়ায় ভাসছে, প্লেইড অনের শঙ্কা জাগছে—এই চাপ মাথা থেকে সরাতেই হবে।
তিন ম্যাচের ওই সিরিজটাই বলে দিচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংটা বড় দুর্বল। বিশেষ করে বাংলাদেশের স্পিনটা একেবারেই খেলতেই পারে না তারা। আর তাই নির্ভয়ে ব্যাট করাটাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি। স্কোর কত হলো সেদিকে চোখ রেখে লাভ নেই। উইকেটে এখন জয়রাজ শেখ ও কোয়ার্টার ফাইনালের নায়ক জাকির হাসান। এ দুজনকেই আজ ধরতে হবে বাংলাদেশের হাল।











