বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্টুডিও ব্যবসার আড়ালে একাধিক কিশোরীকে ধর্ষণ!

rape-pictureডেস্ক রিপোর্ট : স্টুডিও ব্যবসার আড়ালে কিশোরীদেরকে নানা ধরনের প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে ধর্ষণ ও গোপন ক্যামেরায় তার ভিডিও চিত্র ধারণ করে তা কিশোর গ্রাহকদের কাছে ছড়িয়ে দেয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীর ধাওয়া খেয়ে এলাকা ছেড়ে পালিয়েছে স্টুডিওর মালিক আমিনুল ইসলাম মাসুম(৩২)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্টুডিওতে ব্যাপক তল্লাশী চালিয়ে কম্পিউটারের মধ্যে একাধিক ধর্ষনের ভিডিও চিত্র পাওয়ায় ধর্ষকের ব্যবহৃত কম্পিউটার জব্দ করেছেন নেত্রকোনা মডেল থানা পুলিশ।
নেত্রকোনা সদর উপজেলা কাইলাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, স্থানীয় আওয়ামীলীগ নেতা রুহুল আমীন সহ গ্রামবাসীর অভিযোগ ফচিকা গ্রামের মোঃ আবুল হাশেমের ছেলে আমিনুল ইসলাম মাসুম বিজিবি’র একজন চাকুরীচ্যুত সদস্য। তার চাকুরী চলে যাওয়ায় পর স্থানীয় ফচিকা বাজারে তার মেয়ে নীলা’র নামে ‘নীলা ডিজিটাল মডেলিং স্টুডিও’ নামে স্টুডিও ব্যবসা শুরু করে।
নারীলিপ্সু মাসুম স্টুডিও ব্যবসার আড়ালে এলাকার কিশোরীরা ছবি তুলতে আসলে তাদেরকে নানা ধরনের প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে ধর্ষণ করতো এবং গোপন ক্যামেরার মাধ্যমে তার ভিডিও চিত্র ধারণ করে তা উঠতি বয়সের কিশোর মোবাইল গ্রাহকদের কাছে চড়া দামে বিক্রি করতো। মাসুমের এ ধরনের জঘন্য কর্মকান্ড এক কান দু কান করে এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে গত শনিবার রাতে তার স্টুডিও ঘেরাও করে।
সুচতুর মাসুম বিষয়টি আঁচ করতে পেরে ঘেরাওয়ের কিছুক্ষন আগেই স্টুডিও ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্টুডিওতে ব্যাপক তল্লাশী চালিয়ে একাধিক ধর্ষনের ভিডিও চিত্র পাওয়ায় কম্পিউটার জব্ধ করে স্টুডিও সিলগালা করে দেয়।
বিক্ষুব্ধ গ্রামবাসী পুলিশ প্রশাসনের কাছে ধর্ষক মাসুমকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, পলাতক মাসুমকে দ্রুত গ্রেফতারের জন্য নেত্রকোনা মডেল থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। নেত্রকোনা মডেল থানার ওসি মাছুদুল আলম কম্পিউটার জব্দের সত্যতা স্বীকার করে বলেন, মাসুমকে গ্রেফতার জন্য বিভিন্নস্থানে অভিযান চলছে। তবে এ ব্যপারে থানায় এখনো কোনো মামলা হয়নি।