খুলছে ঢাকা-চট্টগ্রাম চার লেন
এবার আর আশ্বাস নয়। অবশেষে সত্যি সত্যি শেষ হচ্ছে দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ। মে মাসেই এটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এখন চলছে এ মহাসড়কের ফিনিশিংয়ের কাজ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এ তথ্য। সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) গুরুত্বপূর্ণ এ প্রকল্পটি দফায় দফায় সময় বাড়িয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ চলছে। এ নিয়ে বারবার সংবাদ শিরোনাম হলেও নানা অজুহাতে কচ্ছপগতিতে এগোচ্ছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের কাজ। গত বছরের ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের পক্ষ থেকে আরেক দফা সময় বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য সময় বাড়ানো হলেও প্রকল্পের কাজ দ্রুতগতিতে চলছে বলে জানা গেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত সড়কের দৈর্ঘ্য ১৯০ কিলোমিটার। দুই পাশ ধরে এ দৈর্ঘ্য হচ্ছে ৩৮০ কিলোমিটার। এর মধ্যে ইতিমধ্যে দুই পাশে ৯০ কিলোমিটারের ফিনিশিং কাজ শেষ হয়েছে। দুই পাশ মিলিয়ে বাকি ২৯০ কিলোমিটারের প্রথম লেয়ারের কাজ শেষ হয়েছে। এখন শুরু হবে ফিনিশিংয়ের কাজ। এই ২৯০ কিলোমিটারের ফিনিশিং কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উদ্বোধন করা হবে চার লেন প্রকল্প। তবে এ প্রকল্পের ভিতরে থাকা চট্টগ্রাম, কুমিল্লার পদুয়ার বাজার ও ফেনীর ফতেহপুরে রেল ওভারপাস তিনটির মধ্যে শুধু চট্টগ্রামের ওভারপাসের কাজ শেষ হয়েছে। ফেনীর ওভারপাসটির কাজ শেষ হতে সময় লাগবে। ইতিমধ্যে এই ওভারপাস নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নানা কারণে বাতিল করেছে সড়ক বিভাগ। নতুন ঠিকাদার দিয়ে এটি নির্মাণ করতে কিছুটা সময় লাগবে। অন্যদিকে কুমিল্লার ওভারপাসটির কাজ শেষ হওয়ার নির্ধারিত সময় আগামী ডিসেম্বর পর্যন্ত। তবে এই ওভারপাসের এক পাশের কাজ মে মাসের মধ্যেই শেষ করা হবে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দুটি ওভারপাসের কাজই চলছে। তবে মে মাসের আগে এই দুই ওভারপাসের কাজ শেষ হবে না। সে ক্ষেত্রে দুটি ওভারপাসেরই দুই লেন করে কাজ মে মাসের মধ্যে শেষ করা হবে। এ ছাড়া মে মাসের মধ্যে চার লেন প্রকল্পের রোড ডিভাইডারের (সড়ক বিভাজক) কাজ শেষ করা হবে। এ সময়ের মধ্যে রোড ডিভাইডার সবুজায়ন করা হবে। লাগানো হবে বিভিন্ন ফুলের গাছ। অবশ্য প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, চলতি অর্থবছরই এ প্রকল্পের কাজ সমাপ্ত হয়ে যাবে। মাত্র ৩০ কিলোমিটার সড়ক পাকাকরণ বাকি। নানা সমস্যার কারণে এ অংশটুকুর কাজের গতি বেশ শ্লথ। তবে কর্তৃপক্ষ যতই আশ্বাস দিক না কেন যে জুনের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে—এর ওপর ভরসা রাখতে পারছেন না সড়ক ব্যবহারকারীরা। ঢাকা চট্টগ্রাম চার লেন প্রকল্পের পরিচালক আফতাব হোসেন খান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘রাস্তার যে কাজ বাকি রয়েছে তা দ্রুতই শেষ করা হবে। আমরা আগামী মে মাসের মধ্যে কাজ শেষ করার টার্গেট নিয়ে এগোচ্ছি।’ তবে প্রকল্পের অন্য একটি সূত্র জানিয়েছেন, পুরো কাজ শেষ হতে জুন মাস পর্যন্ত লেগে যেতে পারে। প্রসঙ্গত, ১৯০ কিলোমিটার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১০ সালের জানুয়ারি মাসে। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন চার লেন প্রকল্পকে ১০টি প্যাকেজে ভাগ করে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়। এর মধ্যে দেশীয় প্রতিষ্ঠান রেজা কনস্ট্রাকশনকে দুটি প্যাকেজ ও টিবিএল-এসিএলকে দেওয়া হয় একটি প্যাকেজ। বাকি সাত প্যাকেজের কাজ দেওয়া হয় চীনের সিনোহাইড্রো করপোরেশনকে। প্রথম প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী এ প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২০১৩ সালের জানুয়ারিতে। কিন্তু লক্ষ্যমাত্রা অনুযায়ী নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় সময় বাড়ানো হয় দ্বিতীয় দফা ডিপিপিতে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ব্যয়ও। কিন্তু নতুন সময়সূচি অনুযায়ীও শেষ করা যায়নি এ প্রকল্পের কাজ। সরকারের অগ্রাধিকার প্রকল্প হলেও বিভিন্ন সময় নানা সমস্যা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে কাজ বারবার বাধাগ্রস্ত হয়। তৃতীয় দফায় সময় বাড়ানো হয় ডিসেম্বর ২০১৫ সাল পর্যন্ত। কিন্তু এ সময়ের মধ্যেও ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের কাজ শেষ করা সম্ভব নয়। এখনো ৩০ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ বাকি। এ কারণেই নতুন করে আরও এক বছর সময় চেয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। – See more at: http://www.bd-pratidin.com/last-page/2016/02/04/125005#sthash.6HwVbboq.dpuf











