স্থায়ীকরণ প্রস্তাবে একমত নয় অর্থ মন্ত্রণালয়
বৈধ পথে আন্তর্জাতিক কল বাড়ানোর উদ্দেশ্যে ২০১৪ সালের সেপ্টেম্বরে ইনকামিং কল টার্মিনেশন হার কমানো হয়। এছাড়া আয় ভাগাভাগির অংশও পুনর্নির্ধারণ করা হয় ওই সময়ে। এতে বৈধ কল বাড়ার পাশাপাশি সরকারের রাজস্ব বাড়বে বলে আশা করা হলেও বাস্তবে তেমনটি হয়নি। উল্টো এর পরের ১৩ মাসে সরকারের ক্ষতি হয়েছে ৮৩৭ কোটি টাকা। পরীক্ষামূলকভাবে চালু করা এ ব্যবস্থা স্থায়ীকরণে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চেয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। তবে এ প্রস্তাবের সঙ্গে একমত নয় অর্থ মন্ত্রণালয়।
জানা গেছে, আন্তর্জাতিক ইনকামিং কল টার্মিনেশনে রেট ও রেভিনিউ শেয়ারিংয়ের প্রচলিত পদ্ধতিতে সরকার আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এ পদ্ধতিকে স্থায়ী রূপ দিলে এ ক্ষতি অব্যাহত থাকবে। এ কারণে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সুপারিশের বিষয়ে আপত্তি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ বিষয়ে তাদের সুপারিশ অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির মাধ্যমে চূড়ান্ত করার পরামর্শ দিয়েছে অর্থ বিভাগ। গত ৩১ জানুয়ারি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে দেয়া এক সারসংক্ষেপে এ বিষয়ে আলোকপাত করেন অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ।
আন্তর্জাতিক কল আদান-প্রদান করছে ইন্টারন্যাশনাল গেটওয়েগুলো (আইজিডব্লিউ)। আর এসব কল ইন্টারকানেকশন এক্সচেঞ্জের (আইসিএক্স) মাধ্যমে গ্রাহক পর্যায়ে পৌঁছে দিচ্ছে সেলফোন ও ফিক্সড ফোন অপারেটররা।
দেশে আইজিডব্লিউ লাইসেন্সধারী প্রতিষ্ঠানের সংখ্যা ২৯। এর মধ্যে কার্যক্রম চালু রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের। ২০০৮ সালে নিলামের মাধ্যমে চার প্রতিষ্ঠানকে এ লাইসেন্স দেয়া হয়। আর ২০১২ সালের এপ্রিলে নতুন ২৫টি প্রতিষ্ঠান আইজিডব্লিউ লাইসেন্স পায়। প্রয়োজনীয়তা যাচাই না করে নতুন করে অনেকগুলো আইজিডব্লিউ লাইসেন্স দেয়ার পর এ খাতে প্রতিযোগিতা বেড়ে যায়। এতে অনেক প্রতিষ্ঠানই সরকার নির্ধারিত ৩ দশমিক ৪৫ সেন্টের কমে আন্তর্জাতিক কল আনা শুরু করে। প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ২ সেন্টেরও কমে অবৈধভাবে কল নিয়ে আসতে চুক্তি করে। এ ধরনের ভারসাম্যহীন প্রতিযোগিতার কারণে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি প্রতিষ্ঠানগুলোও ব্যবসায়িকভাবে ঝুঁকির মুখে পড়ে।
এ অবস্থার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট কমিয়ে আনতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে প্রস্তাব দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অবৈধ পথে আসা আন্তর্জাতিক কলের পরিমাণ কমাতে কলপ্রতি ৩ সেন্টের পরিবর্তে ১ দশমিক ৫ সেন্ট নির্ধারণের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের রাজস্ব ভাগাভাগির অংশ ৫১ দশমিক ৭৫ শতাংশের স্থানে ৪০ শতাংশ নির্ধারণেরও প্রস্তাব দেয়া হয়। তবে সে সময়ই সরকারের বিপুল আর্থিক ক্ষতি হবে বিবেচনায় প্রস্তাবটিতে অসম্মতি জানায় অর্থ মন্ত্রণালয়। পরবর্তীতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর অনুমোদন নেয়া হয় বিষয়টিতে।
অর্থ মন্ত্রণালয়ের সারসংক্ষেপে বলা হয়, আন্তর্জাতিক ইনকামিং কল রেট ও কল টার্মিনেশন বাবদ প্রাপ্ত আয়ে সরকারের শেয়ার উপযুক্তভাবে হ্রাসের ফলে এ খাতে রাজস্ব আয় আগের তুলনায় বিপুল পরিমাণ কমেছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে পাওয়া তথ্যের ইনকামিং কল টার্মিনেশন রেট ৩ সেন্ট থেকে দেড় সেন্টে নামিয়ে আনায় এবং রেভিনিউ শেয়ারিং হার ৪০ শতাংশে পুনর্নির্ধারণের পর প্রতিদিন সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে ২ কোটি ১২ লাখ টাকা। এটি চালু হওয়ার পর ১৩ মাসে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে ৮৩৭ কোটি টাকা।
অর্থ বিভাগ জানায়, রুলস অব বিজনেস ও পাবলিক মানি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০০৯ অনুযায়ী, সরকারের আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে এমন সব বিষয়ে চার্জ, ফি নির্ধারণ ও পুনর্নির্ধারণে অর্থ বিভাগের সম্মতি বাধ্যতামূলক। কিন্তু ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ-সংক্রান্ত গাইডলাইনের অর্থ সংশ্লিষ্ট বিভাগের সম্মতি ব্যতিরেকে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে আন্তর্জাতিক ইনকামিং কল টার্মিনেশন এবং রেভিনিউ শেয়ারিং মডেল অস্থায়ী ও পরীক্ষামূলকভাবে ছয় মাসের জন্য কার্যকর করে। পরবর্তীতে দুবার এ অস্থায়ী মডেলের সময় বাড়ানো হয়। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর এটির মেয়াদ উত্তীর্ণ হয়। এ পরিস্থিতিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ বিষয়ে একটি স্থায়ী গাইডলাইন তৈরি-সংক্রান্ত একটি প্রস্তাব পাঠায়। কিন্তু এতে অর্থ বিভাগের আপত্তি রয়েছে।
এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার নথিতে নোট দেন, টেলিযোগাযোগ বিভাগের সুপারিশের সঙ্গে একমত হতে পারেনি অর্থ বিভাগ।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বণিক বার্তাকে বলেন, তারা অর্থ মন্ত্রণালয়ের চিঠি এখনো পাননি। এ চিঠি পাওয়ার পর আন্তর্জাতিক ইনকামিং কল টার্মিনেশনে রেট ও রেভিনিউ শেয়ারিং মডেল নিয়ে পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করা হবে।
উল্লেখ্য, ২০১৪ সালের মাঝামাঝিতে পরীক্ষামূলকভাবে ইনকামিং কল টার্মিনেশনে রেট ও রেভিনিউ শেয়ারিংয়ের নতুন মডেল চালু করা হয়। তখন ধারণা করা হয়েছিল, কল রেট কমানো হলে কল ভলিউম বাড়বে। তাই কল রেট কমলেও কলের সংখ্যা বৃদ্ধির ফলে রাজস্ব আয় বাড়বে। গত অক্টোবর পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায়, একটি নির্দিষ্ট মাত্রায় কল ভলিউম বেড়েছে। কিন্তু রাজস্ব আয় বাড়েনি। ফলে প্রতিদিন সরকার ২ কোটি ১২ লাখ টাকার রাজস্ব ক্ষতির মুখে পড়ছে।











