বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড্যান্ডি ডাইংয়ের ঋণ খেলাপ খালেদা তারেকসহ ১৪ জনের বিচার শুরু

031222Pic-18ড্যান্ডি ডাইংয়ের বিরুদ্ধে সোনালী ব্যাংকের ঋণ খেলাপের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৪ জন এবং সংশ্লিষ্ট কম্পানির বিচার শুরু হয়েছে। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস গতকাল মঙ্গলবার এ মামলায় বিবাদীদের বিরুদ্ধে ইস্যু গঠন (বিচার্য বিষয় নির্ধারণ) করেন। একই সঙ্গে বাদীর সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১ মার্চ দিন ধার্য করেন। দেওয়ানি কার্যবিধির এ মামলায় বিবাদীদের বিরুদ্ধে ইস্যু গঠনের মধ্য দিয়ে বিচারপ্রক্রিয়া শুরু হলো।

এর আগে খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী ব্যারিস্টার ফকরুল ইসলাম শুনানি পেছানোর জন্য সময় চাইলে তা নাকচ করেন বিচারক। এ মামলার বাদী সোনালী ব্যাংকের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, ব্যাংকের অনাদায়ী পাওনা আদায়ের লক্ষ্যে যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই আদালতে মামলা করা হয়েছে। তিনি বলেন, মামলাটিতে উভয় পক্ষের মধ্যে সমঝোতায় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ২০১৪ সালের ৩ অক্টোবর এ বিষয়ে মধ্যস্থতার জন্য অ্যাডভোকেট আব্দুস সালামকে মধ্যস্থতাকারী নিয়োগ করেন বিচারক। কিন্তু দীর্ঘদিনেও কোনো মধ্যস্থতা হয়নি। দীর্ঘদিন যাবৎ মামলায় ইস্যু গঠন পেছানোর কারণে বাদী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাওনা আদায়ে বিবাদীদের বিরুদ্ধে বিচার শুরু করা একান্ত প্রয়োজন।

নথি সূত্রে দেখা গেছে, এ মামলায় খালেদা জিয়া, তাঁর ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই কন্যাকে বিবাদী হিসেবে পক্ষভুক্ত করার পর গত বছরের ১৪ জুলাই খালেদা জিয়া জবাব দাখিল করেন।

এ মামলার বিবাদী আরাফাত রহমান কোকো হূদরোগে আক্রান্ত হয়ে গত বছরের ২৪ জানুয়ারি মারা যাওয়ায় আইন অনুযায়ী মৃত ব্যক্তির সম্পত্তির অংশীদার হিসেবে তাঁর মা খালেদা জিয়াসহ কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে পক্ষভুক্ত করতে ৮ মার্চ আদালতে আবেদন করে সোনালী ব্যাংক। ১৬ মার্চ আবেদনটি মঞ্জুর করে সমন জারি করা হয়। গত বছরের ১২ এপ্রিল খালেদাসহ কোকোর স্ত্রী-সন্তানদের প্রতি জারি করা সমন জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া এ মামলার ১০ নম্বর বিবাদী মোজাফফর আহমেদ মারা যাওয়ায় একইভাবে তাঁর স্ত্রী শামসুন্নাহার ও ছেলে মাসুদ হাসানকে এ মামলায় বিবাদীভুক্ত করা হয়। বর্তমানে মামলার বিবাদীরা হলেন খালেদা জিয়া, তারেক রহমান, শর্মিলা রহমান, জাফিয়া রহমান, জাহিয়া রহমান, খালেদার ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের স্ত্রী বেগম নাসরিন আহমেদ, ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, মিসেস শামসুন নাহার, মাসুদ হাসান। এ ছাড়া বিবাদী হলো ড্যান্ডি ডাইং লিমিটেড। ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপের অভিযোগে ২০১৩ সালের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে সোনালী ব্যাংকের পক্ষে মামলাটি করেন স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।