প্রাথমিকের সাড়ে ৫ হাজার খাতা উধাও!
শিবগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তার হেফাজতে থাকা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিএসসি) সাড়ে পাঁচ হাজার খাতা রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। এতে ফলাফল পুনঃমূল্যায়নের জন্য আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ অনিশ্চিত হয়ে পড়েছে।
গত ১৯ জানয়ারি শিবগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তার হেফাজতে থাকা খাতাগুলো উধাও হওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। বিষয়টি তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৫ এর ফলাফল প্রকাশ করা হয়। এরপর খাতাগুলো বস্তায় ভরে শিবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোডাউনে রাখা হয়। গোডাউনে তালা দিয়ে একটি চাবি উপজেলা শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান এবং আরেকটি চাবি সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু রায়হানের হেফাজতে রাখা হয়।
এদিকে, যাদের ফলাফল আশানুরুপ হয়নি তাদের ২শ’ টাকা মূল্যায়ন ফি জমা দিয়ে ১৫ জানুয়ারির মধ্যে খাতা পুনঃমূল্যায়নের আবেদন করতে বলা হয়। সে অনুযায়ী বগুড়ার ১২টি উপজেলা থেকে এক হাজারের বেশী পরীক্ষার্থী আবেদন করে। ১৯ জানুয়ারির মধ্যে উপজেলা শিক্ষা অফিস থেকে খাতাগুলো জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পঠানোর শেষ তারিখ নির্ধারণ করা হয় এবং ২১ জানুয়ারি পুনঃমূল্যায়নের ফলাফল ঢাকায় পাঠানো শেষ তারিখ ছিল।
তবে বিভিন্ন উপজেলা থেকে খাতা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হলেও শিবগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাড়ে পাঁচ হাজার খাতা পাঠাতে ব্যর্থ হন। এরপর খাতা উধাও হওয়ার বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানতে পারেন। পরদিন তিনি সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন- শেরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাউয়ুম ও কাহালু উপজেলা শিক্ষা কর্মকর্তা সারেয়ার হোসেন।
তদন্ত কমিটি গত ২৫ জানুয়ারি জানতে পারে উপজেলা শিক্ষা কর্মকর্তার তত্ত্বাবধানে শিবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গোডাউনে খাতাগুলো ২৮টি বস্তায় ভরে রাখা হয়। সেখান থেকে তিনটি বস্তা উধাও হয়ে গেছে। উধাও হওয়া তিনটি বস্তায় সাড়ে পাঁচ হাজার খাতা ছিল বলে জানান তদন্ত কমিটির প্রধান সহকারি ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহা।
তিনি আরও জানান, গোডাউনের তালা অরক্ষিত দেখা গেছে। টিনের চাল কেটে দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যেতে পারে বলে ধারণা করছেন তিনি।
তবে প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষক জানিয়েছেন গোডাউনের টিনের চাল কাটা নেই।
এ ব্যাপারে জানতে উপজেলা শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমানকে একাধিকবার ফোন করলেও তিনি কোনো সাড়া দেননি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়াও তদন্ত কমিটি রহস্য উদঘাটনে তদন্ত করছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান তিনি।বাংলামেইল











