না.গঞ্জে ৭ খুন : নূর হোসেনসহ সব আসামির জামিন নামঞ্জুর
নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় দায়েরকৃত দুই মামলায় র্যাবের তিন কর্মকার্তা ও নূর হোসেনসহ সব আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালত পরবর্তী অভিযোগ গঠনের শুনানি আগামী ৮ ফেব্রুয়ারি ধার্য্য করেছেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ঢাকার কাশিমপুর কারগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। এ সময় র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদকেও আদালতে হাজির করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও আইনজীবী চন্দন সরকারের মেয়ের জামাই বিজয় কুমার পাল বাদী হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় দুটি মামলা করেন।











