৬ ডাকাতের ফাঁসি নিয়ে হাইকোর্টের বিভক্ত আদেশ
স্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : বাগেরহাটে কোস্টগার্ডের তিন সদস্য হত্যা মামলায় ৬ ডাকাতের
ফাঁসি ও ৭ জনের যাবজ্জীবন নিয়ে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার মৃত্যুদণ্ডনিশ্চিতকরণ, জেল আপিল ও ফৌজদারি আপিলের শুনানি শেষে চাঞ্চল্যকর এ মামলায় বিচারপতি নিজামুল হক সবাইকে খালাস এবং বিচারপতি এম ফারুক (মো. ফারুক) সবাইকে যাবজ্জীবন দণ্ড দেন।
নিয়ম অনুসারে বিষয়টি নিষ্পত্তির জন্য এখন প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। প্রধান বিচারপতি নিষ্পত্তির জন্য একজন বিচারপতির বেঞ্চ (একক বেঞ্চ) গঠন করে দেবেন।
উল্লেখ্য, গত ২০০৬ সালের ডিসেম্বরে বাগেরহাটের পশুর নদীতে অভিযান চলাকালে ডাকাতদের একটি ট্রলারে র্যাব ও কোস্টগার্ড সদস্যরা উঠে পড়লে সেখানে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে ডাকাতরা কোস্টগার্ড সদস্য এমএইচ কবির, এমএ ইসলাম ও র্যাব সদস্য পিসি কাঞ্চনকে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরদিন পশুর নদী থেকে ওই তিনজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের নয় বছর পর ছয় ডাকাতের ফাঁসি ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন বাগেরহাটের একটি আদালত।











