রেলমন্ত্রী থেকে দাবি আদায় করে ছাড়লেন নৌমন্ত্রী ও মেয়র
নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার যানজট ও পার্কিং সমস্যা এক দিনের নয়। কিন্তু এ থেকে মুক্তি পেতে প্রাণপণ চেষ্টা দুই সিটি করপোরেশনের। এ জন্য নগরবাসীর সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতাকেই দায়ী করা হচ্ছে। বেশ কয়েকবার সমন্বয়ের উদ্যোগ নিয়েও উল্লেখযোগ্য সফলতা আসেনি। তবে সড়কের অবৈধ পার্কিং দূর করতে যানবাহন সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক সমিতি, রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও নৌপরিবহন মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বুধবার নগর ভবনের মিলনায়তনে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। এসময় নগরীর যানজট এড়াতে বাস ও ট্রাক পার্কিং করার জন্য বঙ্গবাজারের পাশে আনন্দ বাজার সংলগ্ন রেল মন্ত্রণালয়ের খালি পড়ে থাকা জমি সাময়িক ব্যবহারের জন্য মন্ত্রী মুজিবুল হকের কাছে আবেদন করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
মন্ত্রী ও মেয়রের এমন দাবির প্রেক্ষিতে অনুষ্ঠানে কিছুটা অভিমানের সূরে বেঁকে বসেন রেলমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘এটা একটা দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। আমাদের এই জমিতে একটি বহুতল ভবন করার ইচ্ছ আছে। সিদ্ধান্তও হয়েছে। এটাকে আমরা নিজের প্রয়োজনে ব্যবহার করবো। এটা দেয়া যাবে না। এছাড়া সিটি করপোরেশনের যে কোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতা থাকবে।’
এসময় বাস মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে উচ্চস্বরে মন্ত্রীকে স্মরণ করে দিয়ে তারা বলেন, ‘এই জমিতে একটি অত্যাধুনিক ট্রাক স্ট্যান্ড করার জন্য আপনি ওয়াদা দিয়েছিলেন। তা ছাড়া এরশাদ সরকারের আমলে এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছিলো। নকশাও অনুমোদিত ছিলো। কিন্তু তা আলোর মুখ দেখেনি।’
রেলমন্ত্রীর বর্তমানন অবস্থানের কারণে নৌ-মন্ত্রী শাজাহান খান বলেন, ‘মাননীয় মন্ত্রী, আপনার বিল্ডিংয়ের কি অবস্থা? আপনি ডিজাইন করেছেন? ভবন নির্মাণের জন্য অন্যান্য প্রক্রিয়া শেষ হয়েছে? এজন্য আপনাকে ১০-১২টি দপ্তরের ছাড় পত্র নিতে হবে। তা নিয়েছেন? একটা এক দিনেই আপনি করতে পারবেন না। মন্ত্রণালয় চালানোর কারণে আমারও কিছু অভিজ্ঞতা আছে। আপনার কাছে আমরা এই জমি অস্থায়ীভাবে চাই। আপনি দেন। মন্ত্রালয়ে আপনিও বেশি থাকবেন না। আমিও না। সাঈদ খোকনও থাকবেন না। আমাদের লক্ষ মানুষের সেবা করা। যেদিন আপনার প্রয়োজন হবে আমরা তা ফেরৎ দেবো।’
নৌমন্ত্রী উদাহারণ দিয়ে বলেন, ‘আমি পদ্মাপাড়ে একটি ট্রাক স্ট্যান্ড করার জন্য তৎকালীন যোগাযোগ মন্ত্রীর কাছে আবেদন করি। তিনি আমাকে লিখিতভাবে জানিয়ে দেন এখানে তা করা যাবে না। পদ্মাসেতু হবে। উনি করতেই দিলেন না। আমি জোর করেই করলাম। পরে যখন পদ্ম সেতুর কাজ শুরু হয়েছে আবার ছেড়ে দিলাম।’
জবাবে রেলমন্ত্রী বলেন, ‘একবার দখলে যেতে পারলে কেউ আর তা ছাড়ে না।’
এসময় মেয়র সাঈদ খোকনও রেলমন্ত্রীকে বেশ কয়েকবার অনুরোধ করেন। পরে মন্ত্রী বলেন, ‘ঠিক আছে, আপনারা লোক ঠিক করে একটা কমিটি করে দেন। যখন আমাদের প্রয়োজন হবে জমি ছেড়ে দেবেন।’
পরে নৌমন্ত্রীকে প্রধান করে রেলের ডিজি, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও একজন শ্রমিক নেতার সমন্বয়ে একটি কমিটি করে দেয়ার সিদ্ধান্ত হয়। তারা রেল মন্ত্রণালয়ের কাছে চুক্তিবদ্ধ থাকবেন।
এসময় অনেকটা ক্ষুব্ধ স্বরে নৌমন্ত্রী বলেন, ‘এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন। তারা কোড করে দেবেন। সরকারের জমি কেন দখল মুক্ত হয় না। রোগটা কোথায়? রোগ আমাদের ডিপার্টমেন্টে।’
তিনি জানান, অনুষ্ঠানে যাত্রাবাডির যানজট দুর করতে সেখানে প্রত্যেক বাস মালিককে দুটি করে কাউন্টার রেখে অতিরিক্ত কাউন্টার উচ্ছেদ করার সিদ্ধান্ত হয়। তাছাড়া বাস স্ট্যান্ডের ভেতরে বাস রাখা ও ফ্লাইওভারের নিচে রাস্তার মতো আকৃতির দেয়া স্থাপনা ভেঙে তা উন্মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
এদিকে, রাজধানীর বিভিন্ন স্থানের ফুটপাত দখলমুক্ত করার পর তা আবার বেদখল হওয়ার ব্যাপারে পুলিশের মতামত জানতে চাইলে ট্রাফিক দক্ষিণ জোনের ডিসি খান মুহাম্মদ রেজোয়ান হকার্সদের পনর্বাসন না করে উচ্ছেদের বিপক্ষে মত দিয়ে তোপের মুখে পড়েন। এসময় মেয়র বলেন, ‘অল্প কয়েক হকার্সের জন্য কোটি মানুষের দুর্ভোগ মানা যায় না।’
এসময় নৌমন্ত্রী বলেন, ‘পুলিশ যদি ঠিক হয় রাস্তায় রাস্তায় হকার বসতে পারে না। পুনর্বাসনের মানবিক কথা বলে মূল সমস্যা এডিয়ে যাবেন না।’
আনন্দ বাজারের ওই জমিতে সিটি করপোরেশনের আবদানের বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন বলেন, ‘এর আগে মাত্র ৪ভাগ লাভের বিনিময়ে আমাদের অনেক জমি সিটি করপোরেশনের কাছে হাস্তান্তর করা হয়েছে। কিন্তু সিটি করপোরেশন সেই চুক্তি মানেনি। বরং তারা আমাদের জমি বিভিন্ন ব্যক্তির নামে ইজারা দিয়ে দিয়েছে।’
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিল্লালসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।বাংলামেইল











