শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচার বিভাগকে রক্ষা করবে কে?

52195_b1-400x267নিউজ ডেস্ক : সরকারের নির্বাহী বিভাগ বিচার বিভাগের কাছ থেকে সব ক্ষমতা নিয়ে নিতে চাচ্ছে বলে অভিযোগ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘নির্বাহী বিভাগের এমন আচরণে অতীতের মত আমাদের আইনজীবীরা সোচ্চার না হলে বিচার বিভাগকে রক্ষা করবে কে?’

রোববার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধনের আগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন।

নিম্ন আদালতের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, ‘নিম্ন আদালতে নির্দেশনা দিয়েছি বিকেলের শিফটে বেইল পিটিশন ও ইনজাকশন পিটিশন শুনানি করার জন্য। এটা হওয়ার পর মামলা নিষ্পত্তির হার দ্বিগুণ হয়েছে। কিন্তু কিছু কিছু জেলায় আইনজীবীরা কোর্ট বয়কট করছে।’

আইনজীবীদের পোশাক পরিচ্ছদ নিয়ে কথা বললেও কোর্ট বয়কট করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যখন আইনজীবী ছিলাম তখন বার কাউন্সিল খুব শক্ত ছিলো। আইনজীবীদের এমন অন্যায় বার কাউন্সিল মেনে নেয়নি। সুনামগঞ্জে পুরাতন মামলা শুনানির কথা বলায় একজন মহিলা বিচারকের কোর্ট বয়কট করা হয়েছে। বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান তাকে প্রত্যাহারের কথা বলেছেন।’

বিচারপতি এস কে সিনহা প্রশ্ন রেখে বলেন, ‘বার কাউন্সিল কি রাজনৈতিকদের মতো শুধু ভোট চাওয়ার জন্য? আপনাদের অন্যায় আবদার জেলা কোর্টে যেগুলো হচ্ছে সেগুলো আপনারা চোখ বুঝে সহ্য করে যাবেন কিনা?’

প্রধান বিচারপতি বলেন, ‘সময় এসেছে। বার কাউন্সিল শুধু এগুলোর জন্য না। বার কাউন্সিলের রুলস আছে। যারা রুলস পরিপন্থী কাজ করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার বিধান আছে।’

তিনি বলেন, ‘আপনারা (আইনজীবীরা) বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেন। আইনের শাসনের কথা বলেন। আপনাদের ছাড়া কি এগুলো সম্ভব? যদি আপনাদের স্বার্থের পক্ষে এগুলো হয় তাহলে সমর্থন করেন, না হলে কোর্ট বয়কট করছেন। অতীতে আমরা দেখেছি যখনি এ ধরনের কিছু হয়েছে আইনজীবীরা সোচ্ছার হয়েছে। বিজ্ঞ আইনজীবী মোস্ট সিনিয়র ড. কামাল, ব্যারিস্টার আমীর, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সাহেব, আমি আপনাদের কাছে আবেদন করছি। আপনারা সারা বাংলাদেশের আগে কিন্তু বার কাউন্সিলের।’

প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখতে হলে আমাদের শাসনতন্ত্রের দিকটি বিবেচনা করতে হবে।’

‘বাংলাদেশে সাড়ে তিনশ বিচারক বসাতে পারছি না। তাদের বসার মতো কোর্ট রুম নেই। আমরা যদি অর্থনৈতিক স্বাধীনতা না পাই, বিচারকদের আমি কী করে বসাবো? আমি মামলাগুলো কীভাবে নিষ্পত্তি করবো? এই বারের আইনজীবীরা যদি এ কথাগুলো বলতো, আমি একমত হতাম।’ উল্লেখ করেন প্রধান বিচারপতি।

তিনি আরো বলেন, ‘দুইমাস আগে ভারতে গিয়েছিলাম। বিচারপতি ঠাকুর তখনো প্রধান বিচারপতি হিসেবে শপথ নেননি। তার সাথে ডিনারে চারজন বিচারপতির সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেন। যারা ২০২৫ সাল পর্যন্ত ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হবেন। এটা শুনে আমি শুধু তার মুখের দিকে চেয়ে থাকলাম। আমরা কোথায়, তারা কোথায়। রুল অব ল’ কী জিনিস, বিচার বিভাগের স্বাধীনতা কী জিনিস! ওনাদের বিচার এবং আমাদের বিচারের মধ্যে পার্থক্যের কথা আমি বলতে চাচ্ছি না।’

প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, ‘আমি বিচার বিভাগের জন্য কিছু করতে চাই। আমি চাই আপনাদের সহযোগিতা।’

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য দেন, প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

আলোচনা শেষে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নিচতলায় সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধন করেন প্রধান বিচারপতি। ৩৫টি স্টল নিয়ে মেলা চলবে প্রতিদিন বিকেল ৫টা পর্যন্ত।