বিকালের শেষ ঠিকানা…..
সিলেটের বিনোদনপ্রেমীদের জন্য নতুন ঠিকানা নবনির্মিত কাজিরবাজার সেতু। বিকালে পড়ন্ত সূর্যের মায়াবী আলো ঢেউ খেলে এখানে। শহরের কোলাহলে এক টুকরো নিরিবিলি স্থান কাজিরবাজার সেতু বিনোদনপিয়াসী মানুষের মনের খোরাকও। সন্ধ্যা নামলেই শুরু হয় সোডিয়াম বাতির ঝিলিক। এরই মধ্যে অনন্য এক স্বাদ খোঁজে নেন সিলেটের মানুষ। উদ্বোধনের পর থেকে সেতুটি নগরবাসীর বিনোদনের কেন্দ্রে পরিণত হয়েছে। সঙ্গে চলছে বাণিজ্যও। অর্ধশত ফুচকা-চটপটির দোকান বসে এই সেতুতে। তাদের ঘিরেই কাজিরবাজার সেতুতে জমে ওঠে বিনোদনপ্রেমীদের বিকাল-সন্ধ্যা। ইট পাথরের এই ব্যস্ত শহরে ক্লান্তি অবসানে কাজিরবাজার সেতু হয়ে উঠেছে মনোরম এক বিনোদন কেন্দ্র। দিনে কিংবা রাতে যে কোনো সময়েই ঘুরে আসতে পারেন কাজিরবাজার সেতু। নগরীর নতুন এই বিনোদন কেন্দ্রে শুক্রবার ছুটির দিনে মানুষের উপচে পড়া ভিড় ছিল। শেষ বিকালে দেখা যায় সেতুর ওপর দাঁড়িয়ে শত শত মানুষ সুরমা নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। নির্মল বাতাস আর অপরূপ সৌন্দর্য যেন সারা সপ্তাহের ক্লান্তি নিমিষেই দূর করে নিচ্ছে। সন্ধ্যার পরের চিত্রটা যেন এক অন্যরকম। ছোট ছোট ফুচকার দোকান, টি স্টল আর নয়নাভিরাম আলো দর্শনার্থীদের আনন্দ আরও বাড়িয়ে দেয়। সেতুর এক পাড় থেকে অন্য পাড় দেখলে মনে হয় যেন ওই এলাকায় আলোর মিছিল চলছে। এছাড়া দীর্ঘ দশ বছর পর এ সেতুর কাজ সম্পন্ন হওয়ায় দুপারের মানুষের মাঝে যেন স্বস্তির ছায়া নেমে এসেছে। কাজিরবাজার এলাকার শেকিল আহমদ বলেন, এলাকার সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই সেতু। নগরীর তীব্র যানজট নিরসনে এই সেতুর তুলনা হয় না। এছাড়া প্রতি শুক্রবারে কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তরুণ তরুণীরা দলবদ্ধ আড্ডা জমান অনেকে। এ যেন বিনোদনের কোলাহল এক স্থান। ছেলে, বুড়ো, যুবক-যুবতীসহ নানা বয়সের তরুণ তরুণীরা আনন্দকে ভাগাভাগি করে নেয়ার জন্য ব্যস্ত। এমন কয়েকজন বিনোদনপ্রেমী বন্ধু গোলাপগঞ্জের কাওছার, ছড়ারপাড় এলাকার শরমিতা ও গোবিন্দগঞ্জের মুছা আহমদ জানান, ইট পাথরের ব্যস্ত শহরে পড়ালেখার ফাঁকে নির্মল স্বচ্ছ বাতাসে আড্ডা জমাতে তারা এখানে এসেছেন। এছাড়া কাজিরবাজার সেতু তাদের জন্য বিনোদনের অন্যতম একটি স্থান। এদিকে সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানিয়েছে, ২০০৫ সালের ২৪শে ডিসেম্বর প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান সিলেট নগরীর শেখঘাট এলাকায় সুরমা নদীর ওপর কাজিরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে নির্মাণকাজ শুরু হয়। ৩১৮ মাসে (২০০৭-০৮ অর্থবছরে) তা সম্পন্নের কথা থাকলেও সময় লেগেছে ১০ বছর। সৌন্দর্যবৃদ্ধির জন্য স্টিল আর্চসহ (খুঁটি) বোরড পাইল ফাউন্ডেশনের ওপর প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৪৪ কোটি ৬৪ লাখ টাকা। সেতুর দৈর্ঘ্য ৩৬৬ মিটার, প্রস্ত ১৯ মিটার। তত্ত্বাবধায়ক সরকারের সময় কাজ বন্ধ রাখা হয়। ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর প্রকল্প সংশোধন করে। ২০১২ সালে পুনরায় সেতুর কাজ শুরু হয়। স্টিলের আর্চ ছাড়াই প্রকল্পের ব্যয় ধরা হয় ১৮৯ কোটি টাকা। ঢাকার মেসার্স কামাল অ্যাসোসিয়েটস প্রকল্পটি বাস্তবায়ন করে। গেল ডিসেম্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেই সঙ্গে নির্বাচনী ওয়াদাও পালন করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।











