বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি : বঙ্গবন্ধু গোল্ডকাপের পর্দা উঠছে আজ
স্পোর্টস ডেস্ক : প্রস্তুত যশোরের শামস উল হুদা স্টেডিয়াম। প্রস্তুত উদ্বোধনী ম্যাচের জন্য দুই দলও। এখন অপেক্ষা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠার। অনেকটাই উৎসবের আমেজ যশোর শহরে। ফুটবল উন্মাদনায় কয়েকটি দিন কাটাতে ব্যস্ত সমর্থক-ভক্তরা। শুক্রবার বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে চতুর্থ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল আসরের। প্রথম ম্যাচেই জয়ের জন্য পাখির চোখ করে আছে স্বাগতিক বাংলাদেশ। তবে ছাড় দিতে নারাজ লঙ্কান শিবিরও। শুরুর ম্যাচেই পূর্ণ তিন পয়েন্টের প্রত্যাশা তাদের। বেলা পৌনে তিনটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
ভারতের কেরালায় অনুষ্ঠিত গেল সাফ ফুটবলে বাংলাদেশ দল গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল। তবে শ্রীলংকা উঠেছিল সেমিফাইনালে। এ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয়েই সেমিতে উঠেছিল তারা। দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে ২-০ গোলে হার। তবে সেমিতে লংকানরা পাত্তাই পায়নি শক্তিশালী আফগানিস্তানের সঙ্গে। উড়ে যায় ৫-০ গোলে।

বাংলাদেশ গ্রুপ পর্বে টানা দুই হার আফগানিস্তান ও মালদ্বীপের সঙ্গে। শেষ ম্যাচে ভুটানের সঙ্গে স্বান্তনাসূচক জয়। শুক্রবার বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে সাফ ফুটবল থেকে প্রেরণা নিতেই পারে লংকান শিবির। যা অনেকটাই পারবে না বাংলাদেশ শিবির। তবে বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জয়ের আশাবাদই ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের কোচ মারুফুল হক।
মারুফুল হক জানালেন, ‘সাফ ফুটবল ভাল হয়নি। তবে এরপর দলটিকে নিয়ে কাজ করেছি। খেলোয়াড়দের মধ্যে ভাল কিছু করার প্রেরণা রয়েছে। উদ্বোধনী ম্যাচেই জয় প্রত্যাশা করছি। এছাড়া টুর্নামেন্টে আপাতত কোন লক্ষ্য নির্ধারণ করিনি। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই।’ অন্যদিকে বাংলাদেশ দলের ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি জানান, দলের সবাই প্রথম ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী। প্রথম ম্যাচ জিতলেই সাফের ব্যর্থতা কাটিয়ে উঠে খেলোয়াড়দের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হবে।

অপরদিকে, শ্রীলঙ্কা দলের কোচ সাম্পাত পেরেরা জানান, সাফ ফুটবল টুর্নামেন্টের কারণে তার দলের অনেক ফুটবলার ক্লান্ত। এছাড়া দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। জয়ের জন্য প্রত্যয় ব্যক্ত করলেও তিনি উল্লেখ করেন, স্বাগতিক হওয়ায় বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়াটা সহজ হবে না। আর শ্রীলঙ্কা দলের অধিনায়ক কাবিন্দু ইশান বলেন, তারা ভাল খেলার জন্য প্রস্তুতি নিয়েছেন। স্বাগতিক দলের বিপক্ষে তারা জয়ের জন্য মাঠে নামবেন।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের পরই দুদলই শেষ বিকেলে মাঠে ঘাম ঝরিয়েছে। যশোর পুলিশ লাইন মাঠে বাংলাদেশ দল এবং বিজিবি মাঠে অনুশীলন করেছে শ্রীলঙ্কা দল।

যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠু জানান, ২০১৪ সালের ২৪ অক্টোবর যশোর স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রীতি ফুটবল ম্যাচে সফল আয়োজনের কারণে এবার যশোরে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট’র আয়োজন করা হয়েছে। সকলের সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ইতোমধ্যে যশোর শামস উল হুদা স্টেডিয়াম ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত করা হয়েছে।
টুর্নামেন্ট আয়োজনের জন্য স্টেডিয়ামের মাঠ ও গ্যালারি সংস্কার কাজ শেষ হয়েছে। সার্বিক প্রস্তুতিতে সন্তোষও প্রকাশ করেছেন বাফুফে কর্মকর্তারা। এদিকে, যশোর ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের দিনক্ষণ ঘনিয়ে আসায় উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে ক্রীড়ামোদী দর্শকদের মাঝেও। তারাও এমন আয়োজনে সন্তুষ্ট।











