পরস্পর পরস্পরকে দোষারপের মধ্যে চলছে ভোটগ্রহণ
নিউজ ডেস্ক : পৌরসভা নির্বাচন চলাকালে দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি পরস্পরকে দোষারোপ করছে। সকালে ভোট গ্রহণ শুরু হবার ঘন্টাখানেক পরে বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকায় নির্বাচন কমিশনের সাথে দেখা করে ভোটে অনিয়মের অভিযোগ করেছে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক নির্বাচন কমিশন কার্যালয়ে এ অভিযোগ করেন । এ সময় তিনি ৬০টি কেন্দ্র দখলের অভিযোগও করেন। তবে পৌর নির্বাচনে আরো কারচুপির আশঙ্কা প্রকাশ করলেও বিএনপি জানিয়েছে তারা কোন অবস্থাতেই নির্বাচন বর্জন করবে না।
এসব অভিযোগ নাকচ করে দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপিকে দোষারোপ করছে। বিএনপি প্রতিনিধিদল নির্বাচন কমিশন ত্যাগ করার পরেই আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল সেখানে যায়। সে দলটির নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি অভিযোগ করেন বিভিন্ন ভোটকেন্দ্র থেকে আওয়ামী লীগের পোলিং এজেন্টদের বের করে দিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সারাদেশে অত্যন্ত সুষ্ঠু ভোট হচ্ছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলা হয়েছে, উত্তেজনা এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপি নানা ধরনের অভিযোগ তুলছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী দাবি করেন বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে।
বুধবার সকাল ৮টায় পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পরেই দেশের বিভিন্ন জায়গা থেকে অনিয়মের খবর পাওয়া গেছে। দেশের বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল, রাতে ব্যালটে সিল মারা এবং ভোটারদের ভোটকেন্দ্র আসতে বাঁধা দেবার অভিযোগ এসেছে। এমন অবস্থায় ১৪ কয়েকটি কেন্দ্রে নির্বাচন কমিশন ভোট গ্রহণ স্থগিত করেছে।
এবারই প্রথম দলীয় ভিত্তিতে এই স্থানীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ভোটারদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। সাত বছর পর আওয়ামী লীগ ও বিএনপি তাদের দলীয় প্রতীক নৌকা এবং ধানের শীষ নিয়ে এই প্রথম একটি নির্বাচনে মুখোমুখি হয়েছে।











