বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপকে ৪-১ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আফগানিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : সেমির খেলা আগেই নিশ্চিত হয়েছিল দুই দলের। ফলে ম্যাচটি ছিল নিয়মরক্ষার, সঙ্গে সঙ্গে গ্রুপ সেরা হওয়ারও। সাফ সুজুকি ফুটবলে সোমবার এমন আবহের ম্যাচেই মালদ্বীপকে ৪-১ গোলে হারিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে সেমিতে নাম লিখিয়েছে আফগানিস্তান। এই জয়ে আফগানদের একটা মাহাত্মও আছে। আর সেটা হলো প্রথমবারের মতো মালদ্ভীপের বিরুদ্ধে জয় পেল খোরাসানের সিংহরা।

ভারতের কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে আফগানিস্তানের হয়ে জোড়া গোল করেছেন ওমিদ। ফয়সাল ও হাতিফি করেছেন একটি করে গোল। অন্যদিকে মালদ্ভীপের হয়ে একমাত্র গোলটি করেন আলী।

বি গ্রুপে তিন জয়ে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান। তিন ম্যাচে দুই জয় ও এক হারে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ মালদ্বীপ। অন্যদিকে তিন ম্যাচে দুই হার ও এক জয়ে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া বাংলাদেশ। ভাগ্য খারাপ এই গ্রুপে ভুটানের। তিন ম্যাচের প্রত্যেকটিতেই হারতে হয়েছে তাদের। তিন ম্যাচে তারা গোল হজম করেছে নয়টি।

আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। বিকেল চারটায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও মালদ্ভীপ। সন্ধ্যা সাতটায় অপর সেমিফাইনালে শ্রীলংকার মোকাবেলা করবে দুর্দান্ত প্রতাপে আগানো গেল আসরের চ্যাম্পিয়ন আফগানিস্তান। আগামী তিন জানুয়ারী অনুষ্ঠিত হবে সাফ ফুটবল একাদশতম আসরের ফাইনাল।