কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে ছিনতাইয়ের হুমকি পাওয়াকে কেন্দ্র করে নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে। বুধবার সকালে মুম্বাইগামী ফ্লাইটটির ভেতরে হুমকির বার্তা পাওয়ার পর এ পরিস্থিতির সৃষ্টি হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজের একটি শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি লেখা দেখতে পান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উড্ডয়নের প্রস্তুতির সময় বিষয়টি পাইলটের নজরে এলে তিনি দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান। পরে উড়োজাহাজটিকে বিমানবন্দরের নির্ধারিত নিরাপত্তা এলাকায় সরিয়ে নেওয়া হয়।
এরপর কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) এবং বিমানবন্দরের বিশেষ নিরাপত্তা দল উড়োজাহাজটিতে তল্লাশি শুরু করে। সম্ভাব্য কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
এদিকে হুমকির বার্তাটি কে বা কারা লিখেছে, তা শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো। এ জন্য বিমানবন্দর ও উড়োজাহাজের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।
তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, তল্লাশিতে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া গেছে কি না কিংবা হুমকির পেছনে কারা রয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।











