প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর ওয়াশিংটনের বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মঙ্গলবার (১১ নভেম্বর) বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, বেসেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় তাঁকে বাসভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত মাসের শেষ দিকে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা একটি স্মারকলিপিতে সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও নাগরিকদের লক্ষ্য করে ইরানের হামলার পরিকল্পনা এগিয়ে যাচ্ছে।
গত আগস্ট থেকে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ পরিচালনা করছেন বেসেন্ট। এই উদ্যোগের মাধ্যমে ইরানের অর্থনীতিকে চাপে রাখা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার জন্য তেহরানের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
এদিকে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের হুমকিতে বেসেন্ট তাঁর অবস্থান থেকে সরে আসবেন না। অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর করা এবং নৌ অবরোধ বজায় রাখার বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থমন্ত্রীর বিরুদ্ধে হুমকির প্রকৃত মাত্রা কতটা গুরুতর, তা এখনো পরিষ্কার নয়।
সূত্রের তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর ওয়াশিংটনের জর্জটাউনে প্রায় ১ কোটি ২৫ লাখ ডলারে একটি বিলাসবহুল বাড়ি কেনেন বেসেন্ট। সম্প্রতি বাড়িটির আকাশ থেকে তোলা ছবি প্রকাশিত হওয়ার পর এর অবস্থান শনাক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এরপর তাঁর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়।
তবে যুক্তরাষ্ট্রের মাটিতে হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ ইরান আগেও প্রত্যাখ্যান করেছে। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা, দেশটির বাইরে বড় ধরনের হামলা পরিচালনার সক্ষমতা ইরানের সীমিত।
চলমান সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যে প্রাণহানি ও বাস্তুচ্যুতির ঘটনা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানে বহু মানুষ নিহত হয়েছেন।











