কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশেষ প্রতিনিধি : জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনস্থলে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তিনি সম্মেলনস্থলে পৌঁছান। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর আগে মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।
আগামী বৃহস্পতিবার কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন প্রধানমন্ত্রী। এ সময় জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।
এ ছাড়া জলবায়ু সহনশীল ও টেকসই উন্নয়নের বিষয়টিও তাঁর বক্তব্যে গুরুত্ব পাবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা রয়েছেন।
আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।











