বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাফে চ্যাম্পিয়নশিপ : সান্ত্বনার জয় নিয়ে ফিরছেন মামুনুলরা

news-image

স্পোর্টস ডেস্ক : লড়াইটা দুদলের জন্যই নিয়মরক্ষার। কারণ প্রথম দুই ম্যাচ হেরে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের পাশাপাশি ভুটানেরও বিদায় হয়ে গেছে গ্রুপপর্ব থেকে। তাই টুর্নামেন্টে এই ম্যাচটির সেই অর্থে মূল্য নেই। এরপরও আফগানিস্তান ও মালদ্বীপের কাছে বিপর্যস্ত বাংলাদেশের জন্য এটি ছিল ভাবমূর্তি উন্নয়নের ক্ষীণ একটি প্রচেষ্টা। সেই প্রচেষ্টায় সোমবার কেরালার ত্রিবিন্দ্রাম স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ।

শেষ দুটি সাফে ধারাবাহিক ব্যর্থতার পর ভারতের কেরালায় এবার অনেক আশার টুর্নামেন্ট ছিল এটি। দেশীয় কোচ মারুফুল হকের অধীনে নিবিড় অনুশীলনের পর শিরোপার জন্য এবার লড়তে এসেছিল বাংলাদেশ। তবে আফগানিস্তান ও মালদ্বীপের কাছে শুরুতেই দুই ম্যাচ হেরে যায় মামুনুল বাহিনী। ফলে গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যায়। এতো আশা নিয়ে খেলা টুর্নামেন্টে এই ব্যর্থতায় হতাশ হয়ে পড়ে লাল-সবুজ শিবির। তাই এরই মধ্যে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মামুনুল ইসলাম। আর কোচ মারুফুল হকও জাতীয় দলের সঙ্গে কাজ করতে চান না। 

এতোসব ব্যর্থতার মাঝে দেশে ফেরার আগে অন্তত জয় দিয়ে শেষ করতে চেয়েছিল বাংলাদেশ দল। তাই ব্যর্থতার সব গল্প একপাশে রেখে ভুটানের সঙ্গে লড়াই করতে চেয়েছিল তারা। সেই লড়াইয়ে এসেছে সাফল্যও। গোলখরা কাটাতে পেরেছেন দলের ফুটবলাররা। পেনাল্টিসহ জোড়া গোল করেন স্ট্রাইকার সাখাওয়াত রনি। আর এক গোল করেন তপু বর্মন। 

এ্ই ম্যাচে শুরু থেকেই বেশ লড়াকু মনোভাবে ছিল বাংলাদেশ। তাই মাত্র ৮ মিনিটে বোংলাদেশকে এগিয়ে নেন তপু বর্মন। ২১ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় ভুটান। লাল কার্ড পেয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় কিমি দর্জিকে। ১০ জনের ভুটানকে মোকাবেলা করা আরো সহজ হয়ে যায় বাংলাদেশের জন্য। কিমি দর্জি লাল কার্ড পাওয়ার তিন মিনিটের মধ্যে পেনাল্টি পায় বাংলাদেশ। সেই পেনাল্টি থেকে সাখাওয়াত হোসেন রনির গোলে ব্যবধান দ্বিগুণ করে মারুফুল হকের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধেও মাঠের লড়াইয়ে আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। ৬৭ মিনিটে সাখাওয়াত রনি ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন। প্রথম গোল পেনাল্টি থেকে পেলেও দ্বিতীয়টি আদায় করে নিয়েছেন নৈপুণ্য দিয়েই। নিজেদের প্রান্ত থেকে ৩৫ গজ সামনে বল নিয়ে এগিয়ে গোল করেন তিনি।

যদিও দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গোল করার জন্য একাধিকবার চেষ্টা করেছে ভুটান। তবে গোলরক্ষক শহিদুল আলম সোহেল সেসব প্রচেষ্টা রুখে দেন। বাকি সময়ে আর কোনো গোল করতে পারেনি দুদল। তাই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।