বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাপটিলের তান্ডবে ১০ উইকেটে হারলো লঙ্কারা

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচের স্কোর কার্ড দেখলে ধন্দে পড়ে যাবেন নিশ্চিতভাবেই। মনে প্রশ্ন আসবে খেলাটা আসলে কোন ফরম্যাটের ছিল, ওয়ানডে না টি-টোয়েন্টি? খেলার দৈর্ঘ্য নিয়েও প্রশ্ন জাগতে পারে! এত অল্প সময়ে খেলা শেষ!
ক্রাইস্টচার্চে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে লঙ্কানদের ১০ উইকেটে হারিয়েছে কিউইরা। ফলের চেয়েও ক্রাইস্টচার্চের আজকের ম্যাচে মূর্ত হয়ে থাকছে নিউজিল্যান্ডের ধুম-ধাড়াক্কা ব্যাটিং, আর শ্রীলঙ্কার নিদারুণ ব্যাটিং ব্যর্থতা।
টসে জিতে ব্যাট করতে নামা লঙ্কানদের যেন কোনো সুযোগই দেয়নি নিউজিল্যান্ডের বোলাররা। মাত্র ২৭.৪ ওভারেই ১১৭ রানে শ্রীলঙ্কাকে ‘শেষ’ করে দেয় তারা। ম্যাট হেনরি ৩৩ রানে নিয়েছেন ৪ উইকেট। মিচেল ম্যাকক্লেনাঘান ৩ উইকেট তুলে নেন ৩২ রানের বিনিময়ে। এই দুজনের পাশাপাশি ডগ ব্রেসওয়েল আর ইশ সোধি নিয়েছেন ১টি করে উইকেট।
লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ রান ১৯—নুয়ান কুলাসেকেরার। ধানুষ্কা গুণাতিলকা ও অ্যাঞ্জেলো ম্যাথুস দুজনেই করেছেন ১৭।
ম্যাচের মূল আকর্ষণ বলা যেতে পারে নিউজিল্যান্ডের রান তাড়াই। ১১৭ রান তাড়া করতে খুব বেশি সময় ব্যয় করতে হবে না—ব্যাপারটা অনুমিতই ছিল। কিন্তু কিউই ওপেনার মার্টিন গাপটিল যে পুরো বিষয়টিকে এমন ছেলেখেলায় পরিণত করবেন, সেটা আর কে ভেবেছিল। শ্রীলঙ্কার রানটা যেন তাড়া করলেন গাপটিল একাই—তাও মাত্র ৫০ বলে, মানে নিউজিল্যান্ডের ইনিংসটা স্থায়ী হয়েছিল মাত্র ৫০ বল! এর মধ্যেই ম্যাচের ফলটা নিজেদের করে নেয় নিউজিল্যান্ড।
গাপটিল ৯৩ রানে অপরাজিত ছিলেন মাত্র ৩০ বল খেলে। ১৭ বলে ফিফটি করে ওয়ানডে ইতিহাসের দ্রুতগতির ফিফটি হিসেবে তাঁর ইনিংসটিকে বসিয়েছেন সনৎ জয়াসূরিয়ার পাশে। তবে ১৭ বলে ফিফটি নিশ্চিত করে দেয় নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে দ্রুতগতির অর্ধশতকের কীর্তিগাথা।
গাপটিলের তাণ্ডবের সামনে অপর ব্যাটসম্যান টম লাথাম ছিলেন চুপচাপ। তিনি ২০ বলে ১৭ রান করে অপরাজিত থেকে নিজের দায়িত্বটুকু অবশ্য পালন করেছেন ঠিকমতোই। সূত্র: এএফপি।