বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলো জ্বালাল ফুটবলার মেয়েরা

news-image

খেলা : বিদ্যুতের আলো ছিল না। ছিল আলোকিত একদল মেয়ে। তাদের কল্যাণে এবার বিদ্যুতের আলোও এল ধোবাউড়ার প্রত্যন্ত গ্রাম কলসিন্দুরে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল কলসিন্দুরসহ নয়টি গ্রামের বিদ্যুৎ-সংযোগ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকসহ গণ্যমান্য ব্যক্তিরা l ছবি: প্রথম আলো‘আজ আমাদের এত ভালো লাগছে’—বলেছিল কলসিন্দুরের ফুটবলার মেয়েরা। ৬ নভেম্বর ২০১৫ ঢাকার সোনারগাঁও হোটেলে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসেছিল তারা। তখনই তারা বলেছিল এই কথা। গতকাল শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কলসিন্দুর গ্রামে বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করলেন। তাঁর পাশে দাঁড়িয়ে একই সঙ্গে সুইচ টিপল আকলিমা খাতুন (১৪)—কলসিন্দুর উচ্চবিদ্যালয়ের ফুটবল টিমের একজন হিসেবে।

লাল রঙের ট্র্যাকস্যুট পরে এসেছিল ওই মেয়েরা। তাদের চোখে আনন্দ ঝিকমিক করছিল, মুখে ছিল অনাবিল হাসি। তাদের কারণেই বিদ্যুৎ এসেছে বাংলাদেশের দুর্গম প্রত্যন্ত এই গ্রামে। তাদের হাসিভরা মুখগুলো দেখে আমারও তাদের মতোই বলতে ইচ্ছা করছিল, ‘আজ আমার কী যে ভালো লাগছে!’

ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রাম সীমান্তঘেঁষা গারো পাহাড়ের পাদদেশে। ২০১১ সালে কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয়ের মফিজ উদ্দিন স্যার মেয়েদের নিয়ে গড়ে তোলেন ফুটবল টিম। ঢাকা থেকে ফুটবল কোচিংয়ের ভিডিও নিয়ে গিয়ে শেখাতে শুরু করেন মেয়েদের। তারা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হলো পরপর দুবার, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা কাপে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করল তারা।

অনূর্ধ্ব-১৪ জাতীয় দলের ১৮ জন খেলোয়াড়ের মধ্যে ১০ জনই কলসিন্দুর উচ্চবিদ্যালয়ের মেয়ে। নেপালে তারা গিয়েছিল এএফসি কাপ খেলতে। ভুটানকে ১৬-০, ইরানকে ২-০ গোলে হারিয়ে, ভারতের সঙ্গে ড্র করে বাংলাদেশ ওঠে ফাইনালে। নেপালের ভূমিকম্পের কারণে ফাইনাল তখন হতে পারেনি। ২০ ডিসেম্বর ফাইনালে বাংলাদেশ দল হারিয়ে দেয় নেপালকে, ১-০ গোলে। সেই দলের ১১ জনের মধ্যে ৬ জনই এই এলাকার।
গত ২২ আগস্ট প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজ শনিবারের বিশেষ প্রতিবেদন হিসেবে লেখেন ‘ফুটবল রাঙাচ্ছে কলসিন্দুরের মেয়েরা’। ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথম আলো এই মেয়েদের নিয়ে তৈরি করে প্রামাণ্যচিত্র—অদম্য মেয়েরা, পরিচালনা করেন রেদওয়ান রনি। প্রতিষ্ঠাবার্ষিকীর সুধী সমাবেশে বিশেষ সম্মাননা দেওয়া হয় ওই গ্রামের ২০ ফুটবলার, কোচ মফিজ উদ্দিন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রানী শীল আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিনকে। মন্ত্রী, তারকা, খেলোয়াড়, লেখকদের সঙ্গে ছবি তুলছিল মেয়েরা। প্রথম আলো থেকে উপহার পাওয়া লাল সালোয়ার-কামিজ পরে ঘুরছিল প্রজাপতির মতো। ওই সময় ওরা আমাকে বলে, ‘আপনারা যে আমাদের নিয়ে ছবি বানিয়েছেন, আমরা দেখব কেমন করে, আমাদের গ্রামে তো বিদ্যুৎ নাই। আমাদের বিদ্যুৎ এনে দেন।’

আমি ফেসবুকে এই চাওয়ার কথা স্ট্যাটাস হিসেবে প্রকাশ করি। সেটা পড়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম ফোন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে।
গতকাল কলসিন্দুর স্কুলমাঠে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ আয়োজিত সভায় প্রধান অতিথির ভাষণে নসরুল হামিদ সেই ঘটনার কথা বিস্তারিত বললেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী তখন লন্ডনে। রাত তিনটায় ঘুম থেকে জেগে তিনি ফোন ধরেন। শাহরিয়ার তাঁকে বলেন, কলসিন্দুর গ্রামের মেয়েরা কী কাণ্ড ঘটিয়েছে, ফেসবুকে দেখেন। নসরুল হামিদ প্রথম আলোর মাধ্যমে জানতে পারেন মেয়েদের সাফল্যের কথা। তিনি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে নির্দেশ দেন ফুটবলার মেয়েদের গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে।

গতকাল ২৬ ডিসেম্বর সকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকা থেকে উড়াল দিই হেলিকপ্টারে। নিচে সবুজ বাংলাদেশ দেখে দুই চোখ জুড়িয়ে যাচ্ছিল। ধোবাউড়ায় নেমে গাড়িযোগে কলসিন্দুর গ্রামে। কিন্তু সেটাও গাড়িতে কুড়ি মিনিটের পথ। স্কুলের গেটে ফুটবলার মেয়েরা ফুল হাতে অপেক্ষা করছিল। ওদের দেখেই খুশিতে মনটা চনমনে হয়ে ওঠে।

সরাসরি উদ্বোধনী মঞ্চে। সেখানে সুইচ প্রস্তুত। নসরুল হামিদই ফুটবলার মেয়েদের ডেকে নেন তাঁর পাশে। আকলিমা খাতুন তাঁর সঙ্গে সুইচে টিপ দেয়। আমরা করতালি দিয়ে উঠি। সেখান থেকে বক্তৃতার মঞ্চে। হাজার হাজার মানুষ এসেছেন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে। হাজার বছরের অন্ধকার কেটে গিয়ে আজ আলো জ্বলছে এই গ্রামগুলোয়। মঞ্চে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান আকন্দ, স্কুলের প্রধান শিক্ষক প্রমুখ।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ২০১৮ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ী এই বাংলাদেশ যে পরাজিত হবে না, এই ফুটবলার মেয়েরা তা প্রমাণ করেছে। বিজয়ের মাসে তারা জাতিকে এনে দিয়েছে আরও একটা বিজয়। তাদের কারণেই আজ এই এলাকায় বিদ্যুৎ এসেছে। তিনি বলেন, আজ সারা পৃথিবীতে বাংলাদেশের গৌরবের খবর ছড়িয়ে পড়ছে। তিনি এই এলাকার সব গ্রামের বাড়িতে বাড়িতে দুই বছরের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। ফুটবলার মেয়েদের তিনি বিদ্যুৎ বিভাগের সৈনিকের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো রকমের গাফিলতি বা দুর্নীতি দেখলে সরাসরি তোমরা আমাকে জানাবে।’

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, ‘যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আজকে দেখা যাচ্ছে, এই অজপাড়াগাঁয়ও কত ধন-রত্ন ছড়িয়ে আছে।’ তিনি ওই স্কুলের ফুটবলার মেয়েদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন।
সব বক্তাই প্রথম আলোকে বিশেষভাবে ধন্যবাদ জানান এই মেয়েদের সাফল্যের খবর ও চাওয়ার কথা সারা পৃথিবীর সামনে তুলে ধরার জন্য।

মেজর জেনারেল মঈন উদ্দিন জানান, প্রথম পর্যায়ে ধোবাউড়া উপজেলার ৯টি গ্রামের মোট ৮০৩টি বাড়িতে বিদ্যুৎ দেওয়া হলো। এতে খরচ হয়েছে প্রায় ১ কোটি ৭৮ লাখ টাকা।

প্রথম আলোর পক্ষ থেকে ১৯ জন খেলোয়াড় মেয়েকে প্রতি মাসে এক হাজার টাকা করে বৃত্তি দেওয়া হচ্ছে। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের বৃত্তি এবং তিন শিক্ষকের প্রত্যেককে চার হাজার টাকার এককালীন উপহার অনুষ্ঠানেই হস্তান্তর করা হয়। মেয়েরা যত দিন পড়াশোনা করবে, তত দিনই প্রথম আলো তাদের বৃত্তি দিয়ে যাবে এবং উচ্চতর পর্যায়ে বৃত্তির অঙ্ক বাড়ানো হবে—এই কথাও জানিয়ে দেওয়া হয়।

ফুটবলার মেয়েরা আমাকে ঘিরে ধরে আছে, তারা ছাড়তে চায় না। প্রথম আলোর প্রামাণ্যচিত্রে অসাধারণ ভূমিকা রেখেছেন মারিয়ার মা এনতা মান্দা, তিনি আমাকে জড়িয়ে ধরেন।

শীতদুপুরের রোদ নিভে আসার আগেই হেলিকপ্টার ধরতে হবে। প্রতিমন্ত্রী গাড়িতে বসে আছেন। আমি দৌড়ে এসে গাড়িতে উঠি।

আনন্দে আমার চোখও ভিজে আসে। হেলিকপ্টারে কাপ্টেন আসাদের পাশে বসে নিচের দৃশ্য দেখি বিড়বিড় করি, বাংলাদেশ খুব সুন্দর একটা দেশ, সুন্দর মানুষের সুন্দর দেশ!