হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ
ধর্ম ডেস্ক : নতুন ওমরাহ মৌসুমের শুরুতেই সৌদি আরবে ওমরাহ ভিসায় আগত যাত্রীর সংখ্যা বেড়েছে। জিলহজ মাসের ১৫ তারিখ থেকে মহররমের শেষ পর্যন্ত মোট ৯ লাখ ৩১ হাজার ৫০০ জন ওমরাহ যাত্রী সৌদি আরবে প্রবেশ করেছেন।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম যৌথভাবে এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট সংস্থা দুটি জানায়, একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১২ লাখ ৭০ হাজারের বেশি ওমরাহ যাত্রী সৌদি আরবে এসেছেন। সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য অনুযায়ী ওমরাহ খাতে এই প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ যাত্রীদের সেবা উন্নত করতে ডিজিটাল সেবা সম্প্রসারণসহ বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। যাত্রীদের আগমন থেকে শুরু করে ওমরাহ সম্পন্ন করে দেশে ফেরা পর্যন্ত পুরো প্রক্রিয়া আরও সহজ ও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী, বিদেশি ওমরাহ যাত্রীদের মধ্যে ৭৫ শতাংশ আকাশপথে সৌদি আরবে প্রবেশ করেছেন। বাকি ২৫ শতাংশ স্থল ও সমুদ্রবন্দর ব্যবহার করেছেন।
ওমরাহ যাত্রী আগমনের দিক থেকে শীর্ষে রয়েছে পাকিস্তান। দেশটি থেকে প্রায় ২ লাখ মানুষ ওমরাহ পালন করতে সৌদি আরবে এসেছেন।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটি থেকে এসেছেন প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী।
তৃতীয় স্থানে রয়েছে ইরাক। দেশটি থেকে ওমরাহ পালন করতে এসেছেন প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ ব্যবস্থাপনা আরও উন্নত করতে সেবা সহজীকরণ, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং পরিচালন দক্ষতা বাড়ানোর কাজ চলমান রয়েছে।











