বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিমওয়ার্ক ছাড়া চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে না

news-image

ফয়সাল আহমেদ
আশরাফ উদ্দিন উজ্জ্বল। সাধারণ মানুষের কাছে তিনি মেগাস্টার উজ্জ্বল নামে পরিচিত। পরবর্তীকালে পরিচালক-প্রযোজক। চলচ্চিত্রের নানামুখী উন্নয়নে তার নিরলস প্রচেষ্টা চলমান। চলচ্চিত্রের বিভিন্ন সমিতির নেতৃত্বেও ছিলেন। এর বাইরে এই নায়ক রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক। বিভিন্ন বিষয়ে উজ্জ্বল কথা বলেছেন আমাদের সময়ের সঙ্গে।সাক্ষাৎকার নিয়েছেন- ফয়সাল আহমেদ

জীবনের দুটি অংশ থাকে। কর্মব্যস্ত জীবন আর অবসর জীবন। আপনার ক্যারিয়ার নিয়ে সবই আমাদের পাঠক জানেন; কিন্তু অবসর জীবন কীভাবে কাটছে সেটা জানে না। অবসর জীবন কীভাবে কাটছে?

শিল্পীর কোনো অবসর জীবন হয় না। যারা ক্রিয়েটিভ কাজ করেন তাদের কোনো অবসর নেই। তারা যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে পারেন। আমি চলচ্চিত্রে নেইÑ এর মানে সিনোমার পর্দায় আমাকে দেখা যায় না; কিন্তু চলচ্চিত্রের উন্নয়নের জন্য অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছি। ১৯৭৯ সাল থেকে চলচ্চিত্রের নায়ক, পরিচালক, প্রযোজকের বাইরেও আমি আরও একটি পরিচয়ে পরিচিত। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তিনি আমাকে একজন চলচ্চিত্রের যোগ্য-মেধাসম্পন্ন মানুষ হিসেবে বিভিন্ন কাজের দায়িত্ব দিয়েছিলেন।

সেই দায়িত্বটা কী ছিল?

তখন বাংলা চলচ্চিত্রের রমরমা অবস্থা ছিল। এই অবস্থাকে কীভাবে ধরে রেখে আরও উন্নয়ন করা যায়Ñ এই বিষয় নিয়েই মূলত আমি কাজ করা শুরু করি। তখন আমি সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও আমার অফিস ছিল রাজনৈতিক নেতাদের বৈঠকখানা। সেসব বৈঠকে আমার চাওয়া বা কথা একটাই ছিলÑ কিভাবে চলচ্চিত্রের উন্নয়ন হয়। সেই ধারাবাহিকাতা এখনও আছে। এখন আমি সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত। শহীদ জিয়াউর রহমানের গড়া দল বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তাই এখন আমার ব্যস্ততাটা একটু বেশি। সাংস্কৃতিক বিষয়ক যে কোনো সভা-সেমিনারে আমাকে থাকতে হয়, কাজ করতে হয়। তাই প্রথমেই বলেছিলামÑ শিল্পীর কোনো অবসর নেই।

চলচ্চিত্রের উন্নয়নের জন্য বর্তমান সরকার কী ধরনের কাজ করছে?

প্রথমেই আমরা চাচ্ছি এফডিসিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে। এটা এক-দ্ইু দিনে সম্ভব না। এখন এফডিসিতে সিনেমা হয় না বললেই চলে। কারণ হিসেবে সবাই বলেÑ কাজের পরিবেশ নেই। এই কাজের পরিবেশ ফিরিয়ে আনার জন্যই কাজ চলছে। আবার সবাই যেন কাজ করতে পারে সেটাও নিশ্চিত করতে চাচ্ছি আমরা।

সংখ্যার হিসাবে আপনার বয়স এখন ৭৯। অমিতাভ বচ্চনের বয়স ৮৩। আপনার থেকে বয়সে বড়। তিনি নিয়মিত কাজ করছেন। আপনি বা আপনারা কেন করছেন না?

আমাদের দেশে কি সিনিয়র শিল্পীদর নিয়ে কাজ করার মতো পরিচালক এখন আছেন? পরিচালকই কিন্তু একটি সিনেমার সব। তিনিই ঠিক করবেনÑ একজন শিল্পী কী করবেন বা কীভাবে তার সেরাটা দেবেন। আমি বলছি নাÑ এখন যারা পরিচালনা করছেন তারা মেধাবী নন। অবশ্যই তারা মেধাবী; কিন্তু যারা আমাদের চলচ্চিত্রকে সবার কাছে গ্রহণযোগ্য করেছেন, সেসব পরিচালকের অভাব আছে। এনালগ থেকে এখন ডিজিটাল হয়েছে; কিন্তু ডিজিটালে আমরা পৃথিবীর অন্যসব ইন্ডাস্ট্রি থেকে অনেক পিছিয়ে আছি। পিছিয়ে পড়ার অন্যতম কারণ কিন্তু সিনিয়র শিল্পীদের নিয়ে কাজ না করা। চলচ্চিত্রের উন্নয়নের জন্য সবার কাজ করতে হবে। এটা একটা টিম ওয়ার্ক। সবাইকে নিয়েই কাজ করা উচিত। একজনের পক্ষে বেশি দিন কোনো কিছুই করা সম্ভব হয় না। একসঙ্গে অনেককে লাগবে।

আপনি যখন অভিনয়ে নিয়মিতÑ তখন এক নায়কের ওপর নির্ভর ছিল না। অনেকেই ছিলেন; কিন্তু অনেক বছর যাবৎ এক শাকিব খাননির্ভর আমাদের চলচ্চিত্র…

একজন শিল্পীর ভেতর অনেক গুণাবলি থাকতে হয়। তাকে অভিনয় জানতে হবে, তাকে যখন যে চরিত্র সেই চরিত্রে মিশে যেতে হবেÑ যা শাকিব খানের মধ্যে আছে। আর তার সেই প্রতিভা কাজে লাগিয়েছেন পরিচালক, বিভিন্ন গল্পের চরিত্রে। একজন শাকিব খান কিন্তু চাইলেই হওয়া যায় না। আবার একা শাকিব খানের পক্ষেও কিন্তু কোনো পরিবর্তন আনা সম্ভব না। টিমওয়ার্ক ছাড়া কোনো পরিবর্তন সম্ভব না। যতদিন পর্যন্ত এই টিমওয়ার্ক নতুন করে ফিরে না আসে ততদিন পর্যন্ত নতুন তারকা তৈরি হবে না। আমাদের চলচ্চিত্রও ঘুরে দাঁড়াবে না।

ঘুরে দাঁড়ানো জন্য কী করণীয়?

চলচ্চিত্রের সবকিছু আবার এফডিসিতে ফিরিয়ে আনতে হবে। একটা জায়গায় সবার অবস্থান করতে হবে। আমাদের এই নির্বচিত সরকার উন্নয়নের জন্য এই কাজটাকে প্রাধান্য দিচ্ছে। অচিরেই আমরা এটা দেখতে পাব। শুধু মুখ দিয়ে বলা মানুষ আমি নই। যা বলি সেটা করে দেখাতে চাই।

্আপনার অভিনীত সিনেমাগুলোর গান এখনও দর্শক-শ্রোতা মনে রেখেছেন। গান ছাড়া একটি সিনেমা সেভাবে প্রচারও করা সম্ভব না। এখনকার বেশিরভাগ সিনেমায় গান নেই বললেই চলে। এটাও কি আমাদের সিনেমা পিছিয়ে পড়ার কারণ?

অনেক কারণের মধ্যে এটি অন্যতম। গান হলো একটি সিনেমা হিট-ফ্লপ হওয়ার ক্ষেত্রে সবচয়ে বড় ভূমিকা রাখে। সিনেমা কোন সংলাপ মানুষ খুব কম সময় মনে রাখে। কিন্তু একটি গান সারাজীবন মনে রাখে। সিনেমা দেখে বের হওয়ার সময় পছন্দের গানটি গাইতে-গাইতে বের হয়। আবার গানশুনে মানুষ সিনেমার দেখতে যায়। শুধু গান না, ব্যাকরাউন্ড মিউজিকও সিনেমার জন্য জরুরি। সিকোয়েন্স অনুযায়ী গান হয়, ব্যাকরাউন্ড মিউজিক হয়। কিন্তু এখন গীতিকারের অভাব, সুরকারের অভাব।

 

এ জাতীয় আরও খবর

ছুটির দিনে গরুর মাংসের মজাদার ভুনা খিচুড়ি

ফ্রিজে কোরবানির মাংস দীর্ঘদিন ভালো রাখতে যা করবেন

চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

রিয়াদের বাতাস আজ ‘দুর্যোগপূর্ণ’, ঢাকার পরিস্থিতি কী?

বিদ্যুতের দাম বাড়াতে আজ থেকে শুরু গণশুনানি

ইরানকে ৩ দিনের আল্টিমেটাম ট্রাম্পের

আনসার-ভিডিপির হাত ধরেই প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী

কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩১

২২ বছর পর প্রিমিয়ার লিগের সিংহাসনে আর্সেনাল

ভবিষ্যতে আনসার-ভিডিপি ‘প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী’ হিসেবে আত্মপ্রকাশ করবে

ঘুম ঘুম চোখে ট্রাক চালাচ্ছিলেন চালক, মহাসড়কে উল্টে মৃত্যু

জ্বালানি থেকে কূটনীতি-কেন চীনের কাছে গুরুত্বপূর্ণ রাশিয়া