রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি কোনো আ. লীগ নেতাকে ফুল দিয়ে বরণ করতে যাই নাই: এমপি বাবুল

news-image

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, ‘আমি কোনো আওয়ামী লীগের নেতাকে ফুল দিয়ে বরণ করতে যাই নাই। বরং আমার এলাকার একজন নিবেদিত মানুষ, একজন নির্বাচিত চেয়ারম্যান, একজন সজ্জন ব্যক্তি, উনি আওয়ামী লীগের কোনো পদেও নাই এবং ছিলেন না। অনেকদিন ধরেই উনি আমার সঙ্গে কাজ করেছেন, উনার নেতাকর্মী পরিবার পরিজন আমাদের জন্য কাজ করেছেন, সেই জন্যই আমি গিয়েছি। এর জন্য আমার কোনো অপরাধ হয়ে থাকলে বা ভুল হয়ে থাকলে বিচার করবেন।’

আজ মঙ্গলবার দুপুরে ভাঙ্গা উপজেলা হলরুমে আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ‘সিদ্দিক চেয়ারম্যান নিজেও বলেছেন ভাঙ্গা উপজেলার আওয়ামী লীগের কোনো কমিটিতে তিনি ছিলেন না। থাকেন যদিও আমরা তো ভাঙ্গায় দল-মত ধর্ম-বর্ণ নির্বিশেষে ভাঙ্গা গড়ার বিষয়ে ঐক্যমত্য হয়েছি।’

তিনি বলেন, ‘ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগি ও হামিরদীকে নির্বাচনী পুনর্বিন্যাস করার সময় কর্তন করা হয়েছিল। সেই ইউনিয়ন দুটি ফিরিয়ে আনার বিষয়ে সর্বদলীয় আন্দোলন সংগ্রাম করা হয়েছে সেখানে বিএনপি-জামায়াতসহ অংশগ্রহণ করেছি। সেখানে আওয়ামী লীগের লোকজনও থাকতে পারে। আলগি ইউনিয়নের সে একজন স্বনামধন্য চেয়ারম্যান, এখন কি কারণে তাকে জুলাই হত্যাকাণ্ডের মনে হয় আসামি? এমন একটা বিষয় অথচ উনি একজন বরেণ্য মানুষ, আলগি ও হামিরদির বীরোচিত ব্যক্তি, সম্মানীয় মানুষ, আমি বলেছি এই আন্দোলনে যারা যারা গ্রেপ্তার হয়েছে প্রত্যেককে আমি প্রয়োজন হয় আইনগত সহযোগিতা করব, এতে যদি আমার অপরাধ হয় করতে রাজি আছি এবং এটাও বলছি ভাঙ্গার বিষয়ে আমরা মানুষ সকলে ঐক্যবদ্ধ তারপরে দল-মত থাকতে পারে, দল যার যার কাছে তার তার কাছে থাকবে এটা বিষয় না। ভাঙ্গার বিষয়ে যারা কাজ করবে তাদের সঙ্গে আমরা আছি।’

বাবুল বলেন, ‘ভাঙ্গাকে গড়ে তোলার জন্য আমরা স্বপ্ন দেখেছি, আমরা কাজ করা শুরু করেছি। আমাদেরকে যারা যারা সহযোগিতা করবে, তাদেরকে সাথে নিয়েই আমরা কাজ করব, এটাই আমাদের দৃঢ়ভাবে অঙ্গীকার।’

তিনি বলেন, ‘সিদ্দিক চেয়ারম্যানকে নিয়ে যেভাবে নিউজ করা হয়েছে তাতে মনে হয়েছে উনি একজন কুখ্যাত মানুষ, আওয়ামী লীগের একজন ভয়ংকর ক্রিমিনাল, আগস্টের হত্যাকারী- এমনভাবে বলা হয়েছে। আমাকে ওনার সঙ্গে জড়ানো হয়েছে, এটা দুর্ভাগ্যজনক, সেই জন্যই বিষয়টি আমি এখানে পরিষ্কার করলাম।’

আইনশৃঙ্খলা মিটিংয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান মুন্সী,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান পান্না, যুগ্ম সম্পাদক ফজলে সুবহান শামীম প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল