রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ কমিশনের চারটির বিদায় মেয়াদ পূর্তির আগে

news-image

তাবারুল হক
দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিষ্ঠার ২১ বছরে সাতটি কমিশন দায়িত্ব পালন করেছে। এর মধ্যে চারটি কমিশনকেই মেয়াদ পূর্ণ হওয়ার আগে বিদায় নিতে হলো। সরকার বদলের সঙ্গে সঙ্গে এই চারটি কমিশনকে পদত্যাগ করতে দেখা যায়। যদিও পদত্যাগের বিষয়ে তারা ‘ব্যক্তিগত’ কারণই দেখিয়েছেন।

পাঁচ বছরের জন্য নিয়োগ পেলেও মাত্র ১৫ মাসের মধ্যে সর্বশেষ গতকাল মঙ্গলবার ড. মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিশনের সবাই পদত্যাগ করেছেন। অপর দুই কমিশনার হলেন- মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

তারা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ১০ ধারার বিধান মোতাবেক মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে রাষ্ট্রপতির বরাবর পদত্যাগপত্র দাখিল করেছেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছানোর খবর পাওয়া যায়নি।

গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদলের গুঞ্জন শোনা যায়। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে রদবদল ঘটে। গত এক সপ্তাহ ধরে দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের বিষয়ে দুদকের ভেতর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল।

শেষ পর্যন্ত গতকাল মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়ে দুদক প্রধান কার্যালয়ে ফিরে আবদুল মোমেন সাংবাদিকদের জানান, নতুন সরকারের প্রত্যাশা আছে, যে কারণে তাদের প্রত্যাশা পূরণ করতে সহযোগী হিসেবে আমরা পদত্যাগ করেছি। তিনি আরও বলেন, আমরা অনুভব করেছি পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার এসেছে, তাদেরও প্রত্যাশা রয়েছে। সরকার সেই প্রত্যাশা পূরণের জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন। এতে দুদক যেমন ভালো হবে, রাষ্ট্রেরও উপকার হবে বলে আমি বিশ্বাস করি।

২০০৪ থেকে এ পর্যন্ত ৭ কমিশন : ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন আইন হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘দুর্নীতি দমন ব্যুরো’ বিলুপ্ত করে একই বছরের ২১ নভেম্বর দুদক প্রতিষ্ঠা করা হয়। এ কমিশনের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুলতান হোসেন খান।

এ আইন হওয়ার তিন বছর পর ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন বিধিমালা হয়। দেরিতে বিধি হওয়ার কারণে প্রথম তিন বছর প্রথম কমিশনের কার্যক্রম ছিল সীমিত।

ক্ষমতার পটপরিবর্তনে ‘এক-এগারোর’ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে ২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি পদত্যাগ করে চলে যান সুলতান হোসেন খানের নেতৃত্বাধীন কমিশন। এরপর ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরীর নেতৃত্বে পুনর্গঠিত হয় দ্বিতীয় কমিশন।

নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালের এপ্রিলে হাসান মশহুদ চৌধুরী পদত্যাগ করেন। তখন পদত্যাগের কারণ হিসেবে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, তৎকালীন কমিশনের কাজে গতি আনার জন্য তার পদত্যাগ। তবে তার সঙ্গে নিয়োগ পাওয়া দুই কমিশনার হাবিবুর রহমান ও মনজুর মান্নান থেকে যান।

এরপর ২০০৯ সালের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব গোলাম রহমান দুদকের তৃতীয় চেয়ারম্যানের দায়িত্ব পান। তবে হাসান মশহুদ চৌধুরীর কমিশনের দুই কমিশনার হাবিবুর রহমান ও মনজুর মান্নানের মেয়াদ শেষ হলে ২০১১ সালে নতুন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক জেলা জজ মো. সাহাবুদ্দিন চুপ্পু (বর্তমান রাষ্ট্রপতি) এবং দুদকের এক সময়ের মহাপরিচালক মো. বদিউজ্জামান।

এরপর মেয়াদ শেষে গোলাম রহমান চলে গেলে ২০১৩ সালের জুনে চেয়ারম্যান হন মো. বদিউজ্জামান। তিনি প্রথমে কমিশনার এবং পরে চেয়ারম্যান পদে ২০১৬ সালের মার্চ পর্যন্ত দুদকের চতুর্থ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

বদিউজ্জামানের মেয়াদ শেষে ২০১৬ সালের মার্চে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ। পঞ্চম এ কমিশনে তার সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক সচিব মো. মোজাম্মেল হক খান। ইকবাল মাহমুদ কমিশনের মেয়াদ শেষে ২০২১ সালের মার্চে ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান আরেক সাবেক সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তার সঙ্গে কমিশনার হিসেবে যোগ দেন সাবেক জেলা জজ মো. জহুরুল হক। এদিকে ইকবাল মাহমুদের কমিশনের সঙ্গে নিয়োগ পাওয়া কমিশনার মোজাম্মেল হক খানের মেয়াদ পূর্ণ হলে মঈনউদ্দীন আবদুল্লাহর কমিশনে যোগ দিয়েছিলেন সাবেক সচিব মোছা. আছিয়া খাতুন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর সর্বোচ্চ আদালত, নির্বাচন কমিশন, বাংলাদেশ ব্যাংকসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে রদবদল ঘটতে দেখা যায়। ওই সময় রদবদলের আলোচনার মধ্যে দেড় বছর বাকি থাকতেই ২৯ অক্টোবর মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নেতৃত্বাধীন তিন সদস্যের কমিশনের সবাই পদত্যাগ করেন। অপর দুই কমিশনার ছিলেন মো. জহুরুল হক ও মোছা. আছিয়া খাতুন।

সবশেষ সাড়ে তিন বছর বাকি থাকতে পদত্যাগ করেছে অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া ড. মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন। ড. আবদুল মোমেন ২০২৪ সালের ১০ ডিসেম্বর দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এর আগে তিনি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ছিলেন। তার সঙ্গেই কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন সাবেক জেলা জজ মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কমিশন পরিবর্তনের বিষয় সম্পর্কে মন্তব্য জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান আমাদের সময়কে বলেন, বিষয়টি হতাশাজনক হলেও অবাক হওয়ার কিছু নেই। আমাদের রাজনীতি ও আমলাতন্ত্রে দীর্ঘকালের পুঞ্জীভূত সংস্কৃতির অন্যতম উপাদান হলো গুরুত্বপূর্ণ নজরদারি সংস্থাগুলোকে তাদের পছন্দের নেতৃত্বের আওতায় রাখা। সুনির্দিষ্টভাবে বলতে গেলে দুদকের মতো প্রতিষ্ঠানকে দলীয় ও আমলাতান্ত্রিক প্রভাবের বাইরে রাখা যাবে, ক্ষমতাকাঠামো এমন দীক্ষার গ্রহণযোগ্যতা কল্পনাতীত। তিনি বলেন, এটি নতুন কিছু নয়, বিচ্ছিন্ন কোনো বিষয়ও নয়। তবে যারা এ চর্চা থেকে বের হতে পারছেন না, তারা স্বল্পমেয়াদি সুবিধার নেশার কাছে জিম্মি থেকে চূড়ান্ত আত্মঘাতী ফলের তোয়াক্কা করছেন না। এখন দেখার বিষয় নতুন নিয়োগ কী রকম ও কীভাবে হয়, আর দুদকের স্বাধীনতা সম্পর্কে ক্ষমতাসীন দলের ঘোষিত অঙ্গীকারের কী দশা হয়।

যেভাবে নিয়োগ হবে অষ্টম কমিশন : দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬ ধারায় কমিশনারদের নিয়োগের কথা বলা হয়েছে। এতে বলা হয়, রাষ্ট্রপতির গঠিত বাচাই কমিটির সুপারিশের ভিত্তিতে ৫ বছরের জন্য নিয়োগ পাবেন তারা। এ আইনের ৭ ধারা অনুযায়ী কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে ৫ সদস্যের একটি বাছাই কমিটি গঠনের কথা বলা হয়েছে।

প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন ও হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এবং সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব বাছাই কমিটির সদস্য হবেন। তবে তাকে না পাওয়া গেলে বা অসম্মত হলে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব সদস্য হবেন।

আপিল বিভাগের বিচারপতি এ কমিটির সভাপতি হবেন। মন্ত্রিপরিষদ বিভাগ বাছাই কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা করবে।

কমিশনার নিয়োগে সুপারিশের উদ্দেশ্য বাছাই কমিটির সদস্যদের মধ্যে কমপক্ষে তিনজনের সিদ্ধান্তের ভিত্তিতে কমিশনারের প্রতিটি শূন্যপদের জন্য দুজন ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে। এ তালিকা থেকে রাষ্ট্রপতির এখতিয়ার মোতাবেক তিনজনকে দুদকে নিয়োগ দেবেন।

 

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল