শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের জয়, ভারতকে কী বার্তা দিল?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসান ঘটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন তিনি। সেই প্রেক্ষাপটের পর অনুষ্ঠিত প্রথম জাতীয় নির্বাচনে বড় জয় পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। ৬০ বছর বয়সী তারেক রহমানের জন্য এটি যেন রূপকথার প্রত্যাবর্তন।

২০০৭ সালে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে গ্রেপ্তারের পর ২০০৮ সালে তিনি দেশ ছাড়েন। ১৭ বছর নির্বাসনে থাকার পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তিনি। দেশে ফিরে বিশাল জনসমাবেশে উচ্ছ্বসিত অভ্যর্থনা পান এবং মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং-এর বিখ্যাত ভাষণের অনুকরণে বলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান (আমার বাংলাদেশের জন্য একটি পরিকল্পনা আছে),’-যার মাধ্যমে শুরু হয় বিএনপির নির্বাচনী প্রচার।

এখন ভারতসহ দক্ষিণ এশিয়া এবং যুক্তরাষ্ট্র অপেক্ষা করছে সেই পরিকল্পনার বাস্তবায়ন দেখার জন্য।

ভারতের প্রথম পদক্ষেপ

নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে শুক্রবার সকালেই উদ্যোগ নেয় দিল্লি— যা ছিল চীন বা পাকিস্তানের আগেই। বিশ্লেষকদের মতে, ঢাকা নিয়ে সম্ভাব্য প্রভাব বিস্তারের লড়াইয়ে এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমান ও বিএনপিকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি বলেন, এই জয় “বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন।” পাশাপাশি তিনি একটি “গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ” গঠনে ভারতের সমর্থনের আশ্বাস দেন।

বার্তাটি ছিল আনুষ্ঠানিক, তবে অন্তর্নিহিত অর্থ স্পষ্ট—গত ১৮ মাসের অস্থিরতা পেছনে ফেলে দিল্লি একটি স্থিতিশীল কর্মসম্পর্ক চায়, যাতে দীর্ঘদিনের অংশীদার বাংলাদেশ তাদের পাশে থাকে।

ভারতের নজরে যেসব বিষয়

দিল্লির দৃষ্টিতে ৪টি আন্তঃসম্পর্কিত ইস্যু গুরুত্বপূর্ণ।

১. পাকিস্তান-চীন-বাংলাদেশ অক্ষের আশঙ্কা

যদি নতুন সরকার দিল্লির প্রতি কম সদয় পররাষ্ট্রনীতি নেয়, তবে সম্ভাব্য পাকিস্তান-চীন-বাংলাদেশ ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থান দুর্বল করতে পারে। বিশেষত, পাকিস্তান-সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অস্থিরতা তৈরির ঝুঁকি বাড়তে পারে। সেই প্রেক্ষাপটে চীনের অরুণাচল প্রদেশ নিয়ে দাবি আরও জটিল হতে পারে।

বাংলাদেশে জামায়াত অংশীদার হলে পরিস্থিতি আরও কঠিন হতে পারত। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জোটে না নেওয়ার সম্ভাবনায় বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা ভারতের জন্য কিছুটা স্বস্তির।

চীনের উপস্থিতি ইতোমধ্যেই দৃশ্যমান—বিশেষত মোংলা বন্দরের আধুনিকায়নের মতো বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে। বিশ্লেষকদের মতে, এসব প্রকল্প বাণিজ্যিক হলেও ভবিষ্যতে সামরিক সুবিধায় রূপ নিতে পারে, যেমনটি দেখা গেছে শ্রীংলকা ও পাকিস্তানে।

২. সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা

ভারত-বাংলাদেশের ৪,১০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত অত্যন্ত সংবেদনশীল। অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত হত্যা ও মাদক চোরাচালান—এসব ইস্যু ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের রাজনীতিতে বড় ভূমিকা রাখে। চলতি বছরে ওই দুই রাজ্যে নির্বাচন রয়েছে।

শেখ হাসিনার আমলে সীমান্তে কঠোর নজরদারি ছিল বলে দিল্লির ধারণা। তবে জুলাই ২০২৪-এর পর ১,০০০-এর বেশি অনুপ্রবেশচেষ্টার তথ্য সামনে এসেছে বলে দাবি করা হচ্ছে। নতুন সরকার এ বিষয়ে কতটা কঠোর হবে, সেটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ।

৩. হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা

শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ বাড়ে। বিভিন্ন প্রতিবেদনে ২,০০০-এর বেশি হামলার কথা বলা হয়েছে, যেখানে বাড়ি, ব্যবসা ও মন্দির টার্গেট করা হয়। তবে অন্তর্বর্তী প্রশাসন বলেছে, এসব ঘটনার বেশিরভাগই জমি বিরোধ বা ব্যক্তিগত শত্রুতাজনিত।

ভারত জানিয়েছে, হাসিনা দেশ ছাড়ার পর অন্তত ২৩ জন হিন্দু নিহত হয়েছেন। দিল্লি দৃশ্যমান পুলিশি সুরক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। তারেক রহমান এ বিষয়ে প্রতিশ্রুতি দিলেও, বিএনপির অতীত অবস্থান দিল্লির নজরে থাকবে।

৪. বাণিজ্য সম্পর্ক

দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় ১৪ বিলিয়ন ডলার। ভারতের পক্ষে প্রায় ১০ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য প্রয়োজনীয় কাঁচা তুলার ৮০ শতাংশের বেশি আসে ভারত থেকে।

ঢাকা যদি সরবরাহ বৈচিত্র্যের অজুহাতে বেইজিংমুখী হয়, তবে ভারতের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে বাংলাদেশের অর্থনীতির জন্য স্থিতিশীল সরবরাহ জরুরি হওয়ায় নতুন সরকার দ্রুত বড় পরিবর্তন আনবে কি না, তা সময়ই বলবে।

ভারতের মূল নজর থাকবে সক্ষমতা ও সদিচ্ছার ওপর—বিশেষ করে সীমান্ত নিয়ন্ত্রণ, অনুপ্রবেশ রোধ এবং দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্য রক্ষায় নতুন বাংলাদেশ সরকার কতটা সহযোগিতামূলক ভূমিকা নেয়।

ঢাকার নতুন নেতৃত্ব আঞ্চলিক কূটনীতিতে কোন পথ বেছে নেয়, সেটিই নির্ধারণ করবে ভারত-বাংলাদেশ সম্পর্কের আগামী অধ্যায়।