রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জনগণ যখন জাগে, কোনো মিডিয়ার প্রয়োজন হয় না: হাসনাত

news-image

খুলনা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘মনে রাখতে হবে, জুলাইয়ের কয়েকটা মিডিয়া ছাড়া কেউ জনতার কথা বলে নাই। মিডিয়াকে জনতা দৌড়ের ওপর রেখেছে। জনগণ যখন জাগে, কোনো মিডিয়ার প্রয়োজন হয় না, জনগণ প্রত্যেকেই মিডিয়া হয়ে ওঠে।’

আজ শনিবার বিকেলে খুলনার ফুলতলা উপজেলায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে খুলনা-৫ আসনের প্রার্থী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্য নেতারা বক্তব্য দেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘অনেক সাংবাদিক এসে আমাদেরকে তাদের দুঃখের কথা জানায়, কষ্টের কথা জানায়। তারা যে খবরটা প্রচার করতে চায়, কিন্তু তাদের দালাল মালিক ও মিডিয়া সেগুলো প্রচার করতে দেয় না।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পরে আমরা যখন সরকার গঠন করেছি, আমরা যখন মন্দির-মসজিদগুলোকে পাহারা দিয়েছি, অমুসলিম ভাইদের পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে পাহারা দিয়েছি, তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি, ঠিক সেই সময়টিতে একটি দল টেলিভিশনগুলোকে দখল করেছে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে। তারা আজকে মিডিয়াগুলোকে দখল করেছে, মিডিয়া মাফিয়াগিরি শুরু করেছে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, আর কত আপনারা গোলামি করবেন? সাংবাদিকদেরকে বলছি না, মিডিয়া মালিক যারা আছেন, আপনাদেরকে বলছি-আপনারা খবরের মাঝে যখন একটা নির্দিষ্ট দলের প্রচারণা করেন, তখন আপনাদের এই মিডিয়ার কোনো সত্তা থাকে না, একটা দালাল এবং গোলামীতে সেটিতে পরিণত হয়।’

হাসনাত বলেন, ‘মিডিয়াকে বলব আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করুন। বিএনপির মিডিয়া হওয়া লাগবে না, জামায়াতের মিডিয়া হওয়া লাগবে না, এনসিপির মিডিয়া হওয়া লাগবে না। তাহলে, যদি আপনারা কোনো রাজনৈতিক দলের মিডিয়া হন, তাহলে জুলাইয়ের সময়ের টেলিভিশনগুলোর কথা মনে রাখুন। তারা পোস্টার লাগাইয়া সাংবাদিকতা করতে পারে নাই, তারা বুম দিয়া সাংবাদিকতা করতে পারে নাই। জনগণের সামনে যখন ক্যামেরা নিয়ে এসেছে, তখন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই নির্বাচন অর্জন করার জন্য সহস্র মানুষ শহীদ হতে হয়েছে, অসংখ্য মানুষ গুম হতে হয়েছে। আয়নাঘর এবং সারা পৃথিবীটা এই মজলুম এবং নিপীড়িত মানুষের জন্য আয়নাঘরে পরিণত হয়েছিল। ঠিক হাসিনা ক্যান্টনমেন্টের ভিতরে একা আয়নাঘর তৈরি করেছিল। আর যাদেরকে গ্রেপ্তার করা যায়নি, সারা বাংলাদেশটা তাদের জন্য একটা উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘অসংখ্য মানুষের নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে ২০০৯ সালের পূর্ববর্তী বায়তুল মোকাররমের সামনে লগি বৈঠা থেকে শুরু করে সর্বশেষ আমার ভাই ওসমান হাদির শাহাদাত বরণের মধ্য দিয়ে এ দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আমরা নির্বাচন পেতে যাচ্ছি। এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা প্রার্থী হয়েছেন, আপনারা যারা জনগণ রয়েছেন, এই পুলিশ, এই মিডিয়া, পুলিশ প্রশাসন, আপনাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সর্বপ্রথম যেই দায়িত্বটি, সেটি হচ্ছে, বিগত তিনটা নির্বাচন আপনারা করেছেন। আপনারা দিনের ভোটটাকে রাতে করেছেন। আপনারা মরা মানুষকে কবর থেকে তুলে নিয়ে এসে ভোট দিয়েছেন। ডামি নির্বাচন আপনারা পরিচালনা করেছেন। এসপি, ডিসিরা সাক্ষী। ওসি, কনস্টেবলরা সাক্ষী থেকে এসব জনগণ বিরোধী, গণবিরোধী কার্যক্রমগুলো আপনারা করেছেন।’

এনসিপির এই নেতা বলেন, ‘আমরা বিশ্বাস রাখতে চাই, এই কার্যক্রমগুলো আপনার ওপর মহলের আদেশে আপনাদেরকে করতে হয়েছে। এই তরুণ প্রজন্ম, এত মানুষের রক্ত অর্জিত যেই নির্বাচনটি রয়েছে, এই নির্বাচনে আপনারা যারা ইউনিফর্ম পরা পুলিশ সদস্য রয়েছেন, আপনারা যারা নিজের যোগ্যতা এবং মেধায় চাকরি পেয়েছেন, আপনারা একটু ডাউন করেন।’

তিনি বলেন, ‘আমরা আস্থা রাখতে চাই বিগত নির্বাচনগুলোর মতো আপনাদের জন্য আমার কোনো খাম রাখতে হবে না, কোনো এসপির জন্য খাম রাখতে হবে না, কোনো ওসির জন্য খাম রাখতে হবে না, কোনো এসআই-কনস্টেবলের জন্য খাম রাখতে হবে না। যদি অবৈধ টাকাটা আপনার সামনে নিয়ে আসে, আপনারা আপনাদের সন্তানের কথা মনে করবেন, আপনারা আপনাদের বাবা-মার কথা মনে করবেন, বাংলাদেশের জনগণের কথা মনে করবেন।’

তিনি বলেন, ‘আপনারা যদি তারপরও এই টাকাটা আপনারা হাত দিয়ে স্পর্শ করে দেখেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আপনাদের প্রতি ৫ আগস্ট প্রশাসনের প্রতি জনগণের যেই বিদ্রোহ আপনারা দেখেছেন, বাংলাদেশের জনগণ যখন জেগে ওঠে, কামান দিয়ে তাদেরকে ঠেকানো যায় না, বুলেটের ঊর্ধ্বে দিয়ে তাদেরকে ঠেকানো যায় না, বিদেশি শক্তি দিয়ে তাদেরকে ঠেকানো যায় না।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আবার যদি একটি পাতানো নির্বাচনের দিকে আপনারা যান, ব্যালট বাক্স আপনারা নিজ দায়িত্বে ভরে দেন, জনগণের যেই বিদ্রোহ, সেই বিদ্রোহ আপনারা সামলাতে পারবেন না। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের ভাই, এই বাংলাদেশটা সুন্দর করে গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের সাথে আপনাদেরকে নিয়ে একটা দুর্নীতি, চালাবাজ মুক্ত একটা বাংলাদেশ গঠন করব।’

তিনি বলেন, ‘যেই বাংলাদেশে আপনার পোস্টিংয়ের জন্য কোনো নেতার বাসায় তদ্বির করা লাগবে না, কোনো প্রমোশনের জন্য কোনো নেতার বাসায় তদ্বির করা লাগবে না। আমরা জানি রাতের আধারে আপনারা তাহাজ্জুদ নামাজে কান্না করেন, আপনারা কষ্টে থাকেন, কতিপয় অফিসারের ষড়যন্ত্রে আপনাদেরকে মাথানত করতে হয়। আমরা বাংলাদেশের জনতা, আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের প্রতি যেই মানুষের অনাস্থা তৈরি হয়েছে, সেই আস্থা ফিরিয়ে আনতে আজ আমি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনতার কাতারে নেমে এসে জনতার নির্বাচন করেন, জনগণ আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে।’

 

এ জাতীয় আরও খবর

খুলনায় বিএনপিকে সমর্থন দিচ্ছে মুসলিম লীগ

আমরা ক্ষমতায় গেলে দেশের মালিক না, চৌকিদার হব

৮৩২ প্রার্থীর বার্ষিক আয় ৫ লাখ টাকার কম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ জুনের মধ্যে শেষ চায় যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

ঢাকার কোন দুটি আসন অধিক ঝুঁকিপূর্ণ, জানাল সেনাবাহিনী

কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে আবেদন নাহিদের

নির্বাচন সংক্রান্ত হাই-প্রোফাইল সভা করলেন প্রধান উপদেষ্টা

এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ

জাতির উদ্দেশে ভাষণ দেবেন যে ৮ দলের প্রধান

আবার মাতৃত্ব নিয়ে বুবলীর নরম জবাব

শনিবার নতুন কর্মসূচি ঘোষণা, শাহবাগ ছাড়লো আন্দোলনকারীরা

শেষ ৯ বলে ৩৩ রান করে সোহানদের দুর্বারের অবিশ্বাস্য জয়