শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘাঁটি ভাঙার লড়াই, নতুন দাবিদারের উত্থান

news-image

শাহজাহান মোল্লা
ঢাকার রাজনীতিতে ঢাকা-১০ মানেই এক সময় ছিল আওয়ামী লীগের ঘর। ধানমন্ডি-৩২, দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়, ইতিহাস ও আবেগ সব মিলিয়ে এই আসনটি দীর্ঘদিন ছিল তাদের নিরাপদ দুর্গ। কিন্তু সময় বদলেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টপরবর্তী রাজনৈতিক বাস্তবতায় ঢাকা-১০ এখন আর একক কোনো দলের নয়। ভোটের মাঠে বইছে ভিন্ন হাওয়া, আর সেই হাওয়ার দিকনির্দেশনা বদলে দিচ্ছে পুরনো সব হিসাব।

এ আসনের রাজনৈতিক ইতিহাসই বলে দেয় কেন ঢাকা-১০ বরাবরই আলোচনার কেন্দ্রে। গত ১২টি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি পালাক্রমে জয় পেয়েছে। আওয়ামী লীগ জিতেছে ৬ বার, বিএনপি ৫ বার, আর একবার বিজয়ী হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। অর্থাৎ এখানে কখনই একতরফা রাজনীতির সুযোগ ছিল না। তবে বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে বিএনপির অনুপস্থিতি বা ভোটবর্জনের কারণে সেই চিরচেনা লড়াই আর দেখা যায়নি। ফাঁকা মাঠে সহজ জয় তুলে নেয় আওয়ামী লীগ।

কিন্তু এবারের নির্বাচন ভিন্ন। মাঠে নেই আওয়ামী লীগ। আর সেই শূন্যতায় চোখে চোখ রেখে লড়ছে বিএনপি ও জামায়াতে ইসলামী।

ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগএই চার থানা ঘিরে গড়ে ওঠা ঢাকা-১০ আসন শুধু আবাসিক এলাকা নয়, এটি রাজধানীর অন্যতম বাণিজ্যিক প্রাণকেন্দ্র। নিউমার্কেটের ব্যস্ততা, কলাবাগানের গলিপথের দোকান, ধানমন্ডির অভিজাত বিপণিবিতানÑ সব মিলিয়ে এখানকার ভোটারদের বড় অংশই ব্যবসায়ী। তাদের প্রধান চাওয়া খুব সরল-চাঁদামুক্ত ও নিরাপদ ব্যবসার পরিবেশ। কে জিতবেন? তার চেয়েও বড় প্রশ্নÑ কে সেই পরিবেশ নিশ্চিত করতে পারবেন।

এই বাস্তবতায় মাঠে সবচেয়ে আলোচিত দুটি নাম-বিএনপির শেখ রবিউল আলম ও জামায়াতে ইসলামীর মো. জসীম উদ্দীন সরকার।

আসন পুনরুদ্ধারের প্রত্যাশায় বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম প্রতিদিনই পাড়া-মহল্লায় ঘুরছেন। সভা, উঠান বৈঠক, পথসভা কিছুই বাদ দিচ্ছেন না। দলীয় পরিকল্পনার পাশাপাশি নিজের ভাবনাও তুলে ধরছেন ভোটারদের সামনে। কলাবাগানে থাকলেও তার স্থায়ী নিবাস বাগেরহাটের মোল্লাহাটে। এই পরিচয়কে সামনে এনে কেউ কেউ তাকে ‘বহিরাগত’ বলে কটাক্ষ করছেন, যা তার প্রচারে এক ধরনের চাপ তৈরি করেছে।

এর বিপরীতে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জসীম উদ্দীন সরকার অনেকটাই ভিন্ন অবস্থানে। জিগাতলার স্থায়ী বাসিন্দা এ আইনজীবী এলাকায় পরিচিত মুখ। প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিলেও স্থানীয় পরিচয়ই তার সবচেয়ে বড় শক্তি। চাঁদামুক্ত পরিবেশ ও ব্যবসায়ীদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে তিনি ধীরে ধীরে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন।

হাজারীবাগের ভোটার শাখাওয়াত হোসেন জুয়েল বলেন, ‘এবার ভোট সুষ্ঠু হলে জসীম উদ্দীন জিতবেন। তিনি স্থানীয়, সবার পরিচিত। তার পরিবারও এ এলাকার সঙ্গে জড়িত। দীর্ঘদিন রাজনীতিতে থেকেও তিনি কখনও প্রভাব খাটাননি। অন্যদিকে বিএনপির প্রার্থী ভালো হলেও বিভিন্ন সংগঠনের কারণে ব্যবসায়ীরা হেনস্তার শিকার হয়েছেন।’

তবে এ ধারণার বিরোধিতাও আছে। আরেক ভোটার সাইফুল ইসলাম বলেন, ‘এই আসনে জামায়াত আগে কখনও দাঁড়াতেই পারেনি। এবার আওয়ামী লীগ না থাকায় বিএনপিই এগিয়ে। জামায়াত ভোট পাবে ঠিকই, কিন্তু জিতবে না। তবে লড়াই হবে হাড্ডাহাড্ডি।’

ঢাকা-১০ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৮ হাজার ৬৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজারের বেশি, নারী ভোটার প্রায় ১ লাখ ৮৪ হাজার। এই বিপুল ভোটব্যাংকের বড় অংশই ব্যবসা ও সেবা খাতের সঙ্গে যুক্ত। ফলে শেষ পর্যন্ত ব্যবসায়ী ভোটারদের সিদ্ধান্তই নির্ধারণ করে দিতে পারে ফল।

এই আসনে মোট প্রার্থী ১০ জন হলেও আলোচনার কেন্দ্রে মূলত বিএনপি ও জামায়াত। অন্য প্রার্থীরা মাঠে থাকলেও দৃশ্যমান প্রভাব রাখতে পারেননি। ঢাকা-১০ আসনে অন্য প্রার্থীরা হলেন-বাংলাদেশ লেবার পার্টির আবুল কালাম আজাদ (আনারস), আমজনতার দলের আব্দুল্লাহ আল হুসাইন (প্রজাপতি), এবি পার্টির নাসরীন সুলতানা (ঈগল), জাতীয় পার্টির (লাঙল) বহ্নি বেপারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) মো. আ. আউয়াল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আনিছুর রহমান (ছড়ি), বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) আবু হানিফ হৃদয় (হাতি), জনতার দলের মো. জাকির হোসেন (কলম)।

একসময়ের আওয়ামী লীগের অটল ঘাঁটি ঢাকা-১০ আজ রূপ নিয়েছে অনিশ্চয়তার প্রতীক হিসেবে। এখানে এবার শুধু দল নয়, মুখ ও পরিচয় আর বিশ্বাসের লড়াই। শেষ পর্যন্ত কার হাতে যাবে এই ঐতিহাসিক আসন-তার উত্তর দেবে ব্যালট বাক্সই।

 

এ জাতীয় আরও খবর

আবার মাতৃত্ব নিয়ে বুবলীর নরম জবাব

শনিবার নতুন কর্মসূচি ঘোষণা, শাহবাগ ছাড়লো আন্দোলনকারীরা

শেষ ৯ বলে ৩৩ রান করে সোহানদের দুর্বারের অবিশ্বাস্য জয়

সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান

নির্বাচন ১২ তারিখেই হবে : ইনকিলাব মঞ্চ

আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা ন্যক্কারজনক : জামায়াত

দ্বিতীয় দফায় ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অনেক

৯ ফেব্রুয়ারি ভাষণ দেবেন দলীয় প্রধানরা

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

হাসপাতালে কম্বলের বিনিময়ে ভোট চাইতে গিয়ে জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট